বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, এক রক্তক্ষয়ী যুদ্ধে পাকবাহিনীকে পরাজিত করে আমরা স্বাধীন হলাম; স্বাধীন হল আমাদের দেশ- বাংলাদেশ। সেই যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে হারাতে যে কী অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিল! সে সব গল্প তো তোমরা জানোই। তাদের সেই সাহসিকতার একটা স্বীকৃতি তো চাই, তাই না?
সেই স্কীকৃতি দেওয়া হল খুব তাড়াতাড়িই। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর এক সরকারি গেজেট প্রকাশিত হয়। আর তাতে বীর মুক্তিযোদ্ধাদের সন্মান জানিয়ে ভূষিত করা হল কয়েকটি খেতাবে। তাদেরকে কী কী খেতাব দেয়া হয়েছিল, মনে আছে? বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম আর বীরপ্রতীক। সবচেয়ে গৌরবময় খেতাব হল বীরশ্রেষ্ঠ। তারপর ক্রমানুযায়ী বীরউত্তম, বীরবিক্রম আর বীরপ্রতীক।
এবার বল তো, বীরশ্রেষ্ঠ খেতাব কয়জনকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সাতজনকে। তাদের তিনজন সেনাবাহিনীর-- ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, সিপাহী মোস্তফা কামাল আর সিপাহী হামিদুর রহমান। বাংলাদেশ রাইফেলসের (বর্তমান বিজিবি) দুইজন-- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ আর ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। বাকি দুইজনের মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ছিলেন বিমান বাহিনীর আর মোহাম্মদ রুহুল আমীন ছিলেন নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিসিয়ার। ভাবছ, আজ হঠাৎ বীরশ্রেষ্ঠদের গল্প করতে শুরু করলাম কেন?
কারণ তো আছেই। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর কথা মনে আছে না? তিনি শহীদ হন ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর। শুধু শহীদ হন বললে আসলে তার কৃতিত্ব বোঝানো যায় না। সেদিন তিনি অসীম সাহসে একাই পাকবাহিনীর পুরো একটি টিমের সঙ্গে লড়াই করেন। শেষ পর্যন্ত তিনি বাঁচতে পারেননি সত্যি, কিন্তু বাঁচিয়ে দেন তার সঙ্গী দুজনের জীবন। আজকের মূল রচনাটি তার স্মৃতির প্রতি কিডজের শ্রদ্ধার্ঘ্য।
কোনোমতে স্কুল শেষ করলেন তিনি। তারপর আর পড়াশুনা করা হল না। গান-বাজনা করেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ করেই তার বাবা-মা মারা গেলেন। একাকী হয়ে পড়লেন তিনি। বাবা-মার অভাব ঘোচাতে যেন আরও বেশি করে গান-বাজনা নিয়ে মেতে উঠলেন। বন্ধুদের নিয়ে গঠন করলেন যাত্রা আর জারিগানের দল। খরচ যোগাতে জমি বিক্রি করতে শুরু করলেন।
গ্রামেরই আরেক অবস্থাপন্ন গৃহস্থ ঘরের মেয়ে তোতাল বিবি। তার সঙ্গেই নূর মোহাম্মদের বিয়ে হল। তখন থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার সন্তান-সন্ততিও হল। কিন্তু কোনো কাজ না করে শুধু জমি বিক্রি করে আর কতোদিন চলা যায়, বল? এবার তাই তিনি চাকরির খোঁজে বের হলেন।
তার চাকরিও হয়ে গেল খুব সহজেই। সুঠাম দেহ আর অসীম সাহসের পরিচয় দিয়ে একবারেই ভর্তি হয়ে গেলেন ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) বাহিনীতে। সেদিন ছিল ১৯৬৯ সালের ১৪ মার্চ। প্রায় ৯ মাস ধরে সামরিক ট্রেনিং নিলেন। তারপর তাকে দিনাজপুরে পোস্টিং দেওয়া হল।
এরই মধ্যে দিনদিন উত্তাল হয়ে উঠতে লাগল পূর্ব পাকিস্তান। দানা বাঁধতে লাগল স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। ১৯৭০ সালের ১ জুলাই, নূর মোহাম্মদকে বদলি করা হল যশোরে।
১৯৭১ সালের ২৫ মার্চ। পাকসেনারা ঢাকাসহ দেশের আরও অনেক জায়গায় নারকীয় হত্যাযজ্ঞ চালাল। সে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীকে মুক্তির ডাক দিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিলেন। দেশের ডাকে সঙ্গে সঙ্গেই সাড়া দিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। তিনি তখন ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা অবস্থাতেই যোগ দিলেন মুক্তিযুদ্ধে, ৮ নং সেক্টরে। ৮ নং সেক্টর চিনেছ তো? কুষ্টিয়া- যশোর থেকে শুরু করে খুলনা-সাতক্ষীরা পর্যন্ত অঞ্চল ছিল ৮ নং সেক্টর। এর উত্তরে বৃহত্তর রাজশাহী ছিল ৭ নং সেক্টরে, দক্ষিণে সুন্দরবন আর বৃহত্তর বরিশাল ছিল ৯ নং সেক্টরের অধীন।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর। ৫ জন মুক্তিযোদ্ধার একটি টিম সুতীপুরের গোয়ালহাটিতে টহল দিচ্ছিল। দলটির নেতৃত্বে কে ছিলেন জান? নূর মোহাম্মদ শেখ। টহলের মূল উদ্দেশ্য ছিল, কাছেই যে পাকিস্তানিদের ক্যাম্প আছে, সেদিকে নজর রাখা। কিন্তু সেদিন ভাগ্য তাদের সহায় ছিল না। পাকসেনারা তাদের দেখে ফেলে। তারপর শুরু করে আক্রমণ।
কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারেন, পাকসেনারা তাদের তিন দিক থেকে ঘিরে ফেলেছে। ততক্ষণে মূল ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারাও সাহায্যে এগিয়ে এসেছে। কিন্তু ওই যে বললাম, পাকসেনারা ততক্ষণে নূর মোহাম্মদের টিমকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে। মুক্তিযোদ্ধারা এগিয়ে এলেও তাদের উদ্ধার করতে পারছিল না। নূর মোহাম্মদ তার টিম নিয়ে পাল্টা আক্রমণ করতে করতে পিছিয়ে আসছিলেন।
নূর মোহাম্মদের টিমে একটিই মাত্র এলএমজি ছিল। এলএমজি মানে জান তো? লাইট মেশিনগান। সেটা ছিল নান্নু মিয়ার কাছে। আচমকা নান্নু মিয়াই গুলিতে আহত হলেন। এখন কী করা যায়? একে তো শত্রুরা তাদের তিন দিক থেকে ঘিরে ফেলেছে, পালানই কষ্টকর হয়ে উঠেছে। তার উপর আবার একজন আহত। আহত সঙ্গীকে নিয়ে পিছু হটা তো আরও কষ্টকর। বাঁচতে হলে, এরকম পরিস্থিতিতে আহত সঙ্গী ফেলে রেখে পিছু হটতে হয়। কিন্তু তা কি করা সম্ভব? একজন মুক্তিযোদ্ধা কি আরেকজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর মুখে ফেলে রেখে যেতে পারে?
নূর মোহাম্মদ, নান্নু মিয়ার অস্ত্র তুলে নিলেন হাতে। এলোপাথারি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছাতে লাগলেন সবাইকে নিয়ে। আর দ্রুত জায়গা বদল করতে লাগলেন, যাতে শত্রুরা তাদের অবস্থান নিয়ে দ্বিধায় পড়ে যায়। কিন্তু শেষ রক্ষা বুঝি আর হল না। এবার একটা মর্টারের গোলা এসে লাগল তারই ডান কাঁধে।
না, হাল ছাড়লেন না নূর মোহাম্মদ শেখ। সবাইকে পালিয়ে যাওয়ার আদেশ দিলেন। জানালেন, তিনি সবাইকে কাভার করার জন্য থেকে যাবেন। অবিরাম গুলি করবেন, তাতে পাকবাহিনির আসতে দেরি হবে। ততোক্ষণে সবাই মুক্তিযোদ্ধাদের দলের কাছে, নিরাপদ জায়গায় চলে যেতে পারবে।
কিন্তু তাই কী আর হয়? কেউ-ই তো তাকে ফেলে যেতে রাজি হচ্ছিলেন না। আহত নান্নু মিয়াকে যদি বহন করে নেওয়া যায়, তাকে কেন নেয়া যাবে না? কিন্তু একজনকে তো কাভার দিতেই হবে। তিনি একরকম জোর করেই সবাইকে পাঠিয়ে দিলেন। নিজের কাছে কিন্তু এলএমজিটা রাখলেন না। আরেকজনকে এলএমজিটা দিয়ে তার কাছ থেকে একটা সাধারণ রাইফেল নিয়ে রাখলেন। কেন?
তিনি তো ধরা পড়বেনই, মারা যাওয়াটাও একরকম নিশ্চিত। তখন তো তার কাছে যে অস্ত্রটা থাকবে, সেটাও পাকবাহিনীর হস্তগত হবে। মুক্তিবাহিনির কাছে তখনও এলএমজি খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি দেশের কথা ভাবলেন। সেভাবেই কাজ করলেন, যাতে মুক্তিবাহিনীর ক্ষতি খুবই কম হয়।
সবাই মুক্তিবাহিনীর ক্যাম্পের উদ্দেশ্যে পিছু হটতে লাগল। আর নূর মোহাম্মদ শেখ একাই একটা মাত্র রাইফেল নিয়ে আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত বড়সড় একটা পাকবাহিনীর টিমের মোকাবিলা করতে লাগলেন।
কিছুক্ষণের মধ্যেই মুক্তিবাহিনী পাল্টা আক্রমণ হানল। মুক্তিবাহিনীর পাল্টা আক্রমণে পাকসেনারা পিছু হটতে শুরু করে। পরে খুঁজে-পেতে নূর মোহাম্মদ শেখের মরদেহও পাওয়া গেল। বর্বর পাকবাহিনী তাকে হত্যা করে, বেয়নেট দিয়ে ক্ষত-বিক্ষত করে, তার মরদেহ ফেলে রেখে গেছে পাশেরই একটা ঝাড়ে।
নূর মোহাম্মদ শেখ আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ-এর একজন। তিনি একরকম একাই লড়েছিলেন পাকবাহিনীর পুরো একটি দলের বিরুদ্ধে। নিজের জীবন উৎসর্গ করে বাঁচিয়েছিলেন তার অধীনস্ত চার মুক্তিযোদ্ধার জীবন। শুধু এ কারণেই নয়, বরং তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়েছে তার স্পিরিটের জন্য। যে স্পিরিটের জন্য তিনি চার সঙ্গী মুক্তিযোদ্ধার জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, দেশের মুক্তির আকাক্সক্ষায় নির্দ্বিধায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন, মৃত্যুমুখেও আগে দেশের কথা চিন্তা করে এলএমজি সঙ্গীদের হাতে তুলে দিয়েছিলেন, সেই স্পিরিট আসলে গোটা মুক্তিবাহিনীরই স্পিরিট। আর সেই স্পিরিটের প্রতিনিধি হিসেবেই তিনি বীরশ্রেষ্ঠ; আমাদের সবচেয়ে গর্বের মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয় শহীদ মুক্তিযোদ্ধা।
