২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিমি মাছের নাম তো জান, জান কি তার পরিচয়?

বন্ধুরা আজ থেকে শুরু হল আমাদের নতুন বিভাগ, অরিগামি। তোমরা যদি না জেনে থাক অরিগামি কাকে বলে, তবে বলছি শোন—

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মাকসুদা আজীজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 05:14 PM

Updated : 13 Oct 2022, 12:30 PM

অরিগামি একটা জাপানি শব্দ। এর অর্থ কাগজ ভাঁজ করার বিদ্যা। ভাবছ, কাগজ ভাঁজ করা আবার কেমন বিদ্যা? যে যাই ভাব না কেন, এটা একটা বিদ্যাই বটে। এর উদ্ভব হয়েছে সেই জাপানে। জাপানিরা কিন্তু খুব সৃজনশীল। ওরা কাগজকে শুধু ভাঁজ করেই নানান জিনিস বানিয়ে ফেলে টুক করে। এই যেমন ধর পাখি, ফুল, প্রজাপতি, হাতি সবই ওরা শুধু কাগজ দিয়েই বানাতে পারে। মজার কথা কী জান? এসবই কিন্তু হয় মাত্র একটুকরো কাগজ দিয়ে। বিশ্বাস হচ্ছে না তো? হবে, হবে। একটু ধৈর্য্য ধর, তাহলেই বিশ্বাস হবে। আর ব্যাপারটা তোমাদের বিশ্বাস করানোর জন্যই এখন থেকে আমরা প্রতি সপ্তাহে একটি করে অরিগামি শিখব। আর এই অরিগামি শিখে তুমি নিজেই যখন কাগজ দিয়ে নানারকম জিনিস বানাবে, তখন তো বিশ্বাস করতেই হবে, কী বল?

আজ আমি তোমাদের বলব কীভাবে বানাতে হবে অরিগামি তিমি মাছ। সবার আগে জেনে নেই এটি বানাতে আমাদের কী কী লাগবে। অবশ্য অরিগামির কাজ করতে তেমন কিছুই লাগে না। শুধু লাগে একটি বর্গাকৃতির কাগজ। অনেক কথা বলে ফেলেছি, চল এবার কাজে নামা যাক--

১।  সবার প্রথমে তোমাদের একটা বর্গাকৃতির কাগজ নিতে হবে। আমি একটি রঙিন প্রিন্ট করা হালকা নীল কাগজ নিয়েছি। তুমি অন্য যে কোনো রঙ অথবা সাদা কাগজও নিতে পার। এখানে বলে রাখি, বর্গাকৃতি হচ্ছে সেই আকৃতি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আমি একটি ৬ ইঞ্চি বাহুর বর্গাকার কাগজ নিয়েছি। এই কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ ৬ ইঞ্চি। সহজভাবে এটাকে বলে ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চির কাগজ বা ৬ ইঞ্চি X ৬ ইঞ্চি কাগজ। 

২। কাগজটিকে কোণাকুণি ভাঁজ কর এবং ভাঁজটি খুলে ফেল। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কোণাকুণি একটি দাগ দিয়েছি। ধরি এটি AB রেখা। এই রেখা বরাবর ভাঁজ দিয়ে ভাঁজটি খুলতে হবে।

৩। কোণাকুণি AB বরাবর ভাঁজ দেওয়াতে কাগজটি কিন্তু কোণাকুণি অর্ধেক ভাগ হয়ে গেছে। ধরি অর্ধ ত্রিভুজটির নাম ABD। এবার ছবিতে দেখ AC একটি রেখা টানা হয়েছে যেন C বিন্দুটি BD রেখাকে সমান দুইভাগ করে দেয়। তাহলে এখানে অর্ধেক কাগজটি দুইভাগ হয়ে গেল।

৪। এরপর AC বরাবর ভাঁজ দিয়ে AD রেখাটিকে AB বরাবর নিয়ে এসো।

৫। একইভাবে বামদিকের ত্রিভুজ কাগজটিকে ভাঁজ দিয়ে AB বরাবর নিয়ে এসো।

৬। এবার কাগজের নিচের অংশে ঠিক মাঝখানে ab রেখা বরাবর একটি ভাঁজ দাও এবং aBb ত্রিভুজের কাগজটুকু উপরে তুলে দাও।

৭। এখন AB রেখায় ভাঁজ দিয়ে ডান দিকের অর্ধেক অংশকে বাঁ দিকের অর্ধেক অংশের উপরে নিয়ে এসো।

৮। B বিন্দু হবে তিমি মাছের মাথা আর A বিন্দু হবে তিমি মাছের লেজ। A বিন্দুর কাছে একটি কোণাকুণি রেখা আঁক। ধর রেখাটার নাম EF।  

৯। EF বরাবর ভাঁজ দিয়ে AEF ত্রিভুজটিকে মূল কাঠামোর পিছনে পাঠিয়ে দাও। হয়ে গেল তোমার তিমি। কিন্তু তিমিকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। চল, আমরা তিমিকে একটু সাজগোজ করাই ।

১০। তিমির একটা চোখ লাগিয়ে দেই। আর গাঢ় নীল কাগজ আঁকাবাঁকা করে কেটে একটু পানি বানিয়ে তিমিকে তার মাঝে সাজিয়ে রাখি।

কি? হল তো তোমার পানির মধ্যে থাকা নীল তিমি। দেখ, আমার তিমিটা মাথা দিয়ে পানির ফোয়ারাও ছোটাচ্ছে। তোমার তিমি দেখতে কেমন হল সেটার ছবি তুলে কিন্তু অবশ্যই কিডজ-এর ফেইসবুক পেইজে দিবে। কিডজ-এর ফেইসবুক পেইজের ঠিকানা নিচে দিয়ে দিলাম--

https://www.facebook.com/kidz.bdnews24