উড়ন্ত নজরুল
দুরন্ত এক ছেলে ছিল চুরুলিয়া গ্রামে
থাকত সবাই তটস্থ সেই দুরন্তটির নামে।
ফুলের বাগান লোপাট করে টানত বটের ঝুরি
করত পাখির বাসা থেকে পাখির ছানা চুরি।
একদিন সে বড় হয়ে কাব্য করে শুরু
তার কবিতার সুনাম করে ঠিকই কবিগুরু।
খুঁজতে থাকে সবাই আবার সেই সুনামের মানে
দুরন্ত সেই ছেলে এখন সবার প্রাণে প্রাণে।
তার গানে আর তার কবিতায় সবার হৃদয় ভরে
সেসব লেখা এখন জানি বৃষ্টি হয়ে ঝরে।
দুরন্ত সেই ছেলেটা কে? কেউ করে না ভুল--
দুরন্ত সেই ছেলে মানে উড়ন্ত নজরুল।
