০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মজার পড়া চারটি ছড়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>> শামসুর রাহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 03:13 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

আজব দেশের ধন্য রাজা দেশজোড়া তার নাম।

বসলে বলে ‘হাঁটরে তোরা’, চললে বলেন, ‘থাম’।

রাজ্যে ছিল সান্ত্রী-সিপাই মন্ত্রী কয়েক জোড়া।

হাতিশালে হাতি ছিল ঘোড়াশালে ঘোড়া।

গাছের ডালে শুক-সারীদের গল্প ছিল কত,

গল্পে তাদের রাজার কথা ফুটত খইয়ের মতো।

চাষির মাঠে ধান ফলে না ফসল গেল কই?

রাজা বলে খাওগে সবাই রাঙা ধানের খৈ।

রাঙা ধানের খৈ পাব কৈ, বলল দেশের প্রজা।

খৈ ফুরুল, দৈ ফুরুল নেইকো পিঠের মজা।

‘আর কটা দিন সবুর করো’, বলেন রাজা হেসে,

‘ফলবে মেওয়া সোনা-দানায় রাজ্যি যাবে ভেসে।’

এই না বলে স্বপ্নে রাজা দেখেন সোনার ঘড়া।

প্রজা দেখে রাজার মুকুট কাগজ দিয়ে গড়া!

চাল উড়ছে, ডাল উড়ছে উড়ছে গরু, উড়ছে মোষ।

খই উড়ছে, বই উড়ছে উড়ছে পাঁজি, বিশ্বকোষ।

ময়লা চাদর, ফরসা জামা, উড়ছে খেতের শর্ষে, যব।

লক্ষ্মীপ্যাঁচা, পক্ষীছানা ঘুরছে, যেন চরকি সব।

মাছ উড়ছে, গাছ উড়ছে ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর।

খাল ফুলছে, পাল ছিঁড়ছে রুখবে কারা পানির তোড়?

হারান মাঝি, পরান শেখ বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক।

আকাশ ভেঙে কাচের গুঁড়ো উঠল আজান, বাজল শাঁখ।

চম্পাবতীর কেশ ভাসছে ভাসছে স্রোতে খড়ের ঘর।

শেয়াল কুকুর কুঁকড়ো শালিক ডুবল সবই, ডুবল চর।

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিনদুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,

কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।

কান গেলে আর মুখের পাড়ায় থাকল কী হে বলো?

কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো।

যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,

পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।

সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,

যে জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।

মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,

ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!

ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে

কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে?

নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;

কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।

ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?

বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম।

ট্রেন

ঝকঝকঝক ট্রেন চলেছে রাত দুপুরে অই।

ট্রেন চলেছে, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই?

একটু জিরোয়, ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন।

পুলের উপর বাজনা বাজে ঝনঝনাঝন ঝন।

দেশ-বিদেশ বেড়ায় ঘুরে নেইকো ঘোরার শেষ।

ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ।

থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক।

আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকাঝক ঝক।