বাঙালির শোকের দিন
দিনটি ছিল শুক্রবার। ১৫ আগস্ট, ১৯৭৫। বাংলা মাস তখন শ্রাবণ। ২৯ শ্রাবণ, ১৩৮২। ফযরের আযান মাত্র শুরু হল বলে। মুয়াজ্জিনের কন্ঠে আযানের সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার দূর হওয়ার কথা। ফজরের নামাজ শেষে আরেকটি নিরুপদ্রব ঝকঝকে ফর্সা দিন শুরু হওয়ার কথা। অথচ, ধানমণ্ডি ৩২ নম্বরের আশেপাশের বাড়িগুলি গুলির শব্দে বেসামাল। এই তো, ৪ বছর আগের কথা। ১৯৭১ সালের ২৫ মার্চ নিরস্ত্র জাতির উপর পাকিস্তানি সেনাবাহিনি ঝাঁপিয়ে পড়েছিল। সেই সময় তো দূর হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী আর নেই। তাহলে এখন আবার গুলির শব্দ কেন?
৭১ সালের স্মৃতি যাদের আছে তারা রেডিও খুলে বসলেন। রেডিওতে কিছুক্ষন পর শোনা গেল এক কর্কশ কণ্ঠ। কণ্ঠটা মেজর ডালিমের। তিনি বললেন, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। দেশে সামরিক আইন জারি করা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার ছিলেন কর্নেল জামিল। বঙ্গবন্ধুর বিপদের খবর তিনি জেনে গিয়েছেন। একাই ছুটে আসার সময় রাস্তাতেই তাকে গুলি করা হয়। রাস্তাটি ছিল সোবহানবাগ মসজিদের সামনে। এদিকে ঘিরে ফেলা হয়েছে ৩২ নম্বর বাড়ি। একদল নিচতালায়। বসারঘরের আলমারি ও ছবিতে গুলি করছে। কিন্তু কেন, কেউ জানে না! বঙ্গবন্ধুর এক প্রিয় লাইব্রেরি আছে। সেখানে কার্ল মাক্সের বই আছে। সেই বইয়ে গিয়েও গুলি লাগে। লাইব্রেরির পাশেই ছিলেন বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের। এখানে এসেছেন ৫ দিন হল। তাকেও গুলি করা হল। নিচ তলায় আছে খাবার ঘর আর রান্নার ঘর। ঘাতকরা সেখানে গেল। কাজের লোকেরা হতভম্ব। কেউ গেল দোতালায়, কেউ পালিয়ে গেল, কেউ ভয়ে মাটিতে বসে কাঁদতে লাগল, কেউ গুলি খেল।
ঘাতকদের একজন নিচতালা থেকে দোতালায় ওঠার প্রথম ধাপ পার হয়ে দ্বিতীয় ধাপে দাঁড়ানমাত্র বঙ্গবন্ধুকে দেখল। পড়নে লুঙ্গি, তার উপর সাদা পাঞ্জাবী। সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের একজন মানুষেরই ক্ষমতা ছিল সবার উপর এক আঙুল তুলে কথা বলার। সেই আঙুল তুলেই তিনি একবার বলেছিলেন, 'রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব। এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ।'
বঙ্গবন্ধু বললেন, 'কেন? কোথায় যেতে হবে?'
পিছনে তখন আরও ঘাতক চলে এসেছে। আর কোনো কথা কেউ বলেনি। গুলি, গুলি আর খালি গুলি। একটানা গুলি। বঙ্গবন্ধু পড়ে গেলেন লম্বা হয়ে সিঁড়িতে। বঙ্গবন্ধুর পিছনে দাড়িয়ে থাকা কাজের ছেলে আব্দুল গুলি খেলেও প্রাণে বেঁচে যায়। শোবার ঘরে গিয়ে বেগম মুজিবকে হত্যা করা হল। বাথরুম থেকে টেনে বের করে এনে বাকি সবাইকে গুলি করে ওরা। সব শেষে হত্যা করা হয় দশ বছরের রাসেলকে। মৃত্যুর আগে যে বলেছিল, মার কাছে যাব।
মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কন্ঠ বলেছিল, আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন।
সকাল ৬ টা থেকে রেডিওতে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর দেওয়া হচ্ছে আর কাজী নজরুল ইসলামের 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' গানটির যন্ত্র সঙ্গীত বাজানো হচ্ছে।
আব্দুল হালীম জানতেন না এত তাড়াতাড়ি এমন হবে। তিনি শোকাহত। টুঙ্গিপাড়া থানার ওসি তখন নূরুল আলম চৌধুরী। তিনি আব্দুল হালীমের কাছে গিয়ে লাশ আসার খবর দিলেন। বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাদা মার্বেল সেট বসানোর কাজে নিয়োজিত ছিলেন মিস্ত্রিরা। তারাও শোকাহত। তাদেরই একজন আলী আসগর। ইমাম সাহেব আলী আসগরের সাহায্যে দুটি কবর খনন করলেন। বেগম মুজিব সহ মুজিব যেখানে পরম মমতায় বাকি জীবন শুয়ে থাকবেন। তারা তখনও জানতেন না, বেগম মুজিবের লাশ টুঙ্গীপাড়ায় নেওয়া হয়নি, তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
ইমাম সাহেব বললেন, ২ ঘন্টা সময় লাগবে।
কর্নেল হামিদ বলল, কেন? এসব ছাড়া করা যায়না? তাড়াতাড়ি। আপনি দাফন করবেন কিনা?
না পারবনা। যদি লিখে দেন যে শহীদ করে এনেছেন তাহলে পারি। ইমাম সাহেবের বুক জুড়ে কান্না থাকতে পারে কিন্তু মন তখনও শক্তিশালী।
একটা ৫৭০ কাপড় কাচা সাবানেরও কত ভাগ্য যে বঙ্গবন্ধুর শেষ গোসল করানো হল ৫৭০ সাবান দিয়ে। চার ইঞ্চি পাড়ের সাদা শাড়ি এনে পাড় ছিঁড়ে তৈরি হল কাফনের কাপড়।
পরিবারের বেঁচে যাওয়া দুইজন মাত্র সদস্য তখন জার্মানিতে। জার্মানি যাওয়ার আগে শেখ হাসিনাকে ধরে কেঁদেছিলেন বেগম মুজিব। হাসিনা বলেছিলেন, তুমি এভাবে কাঁদলে আমি যেতে পারবনা মা।
১৯৮১ সালে দেশে ফিরে শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় চলে যান। দিনটি ছিল ১৮ মে। অনেকদিন পর বাবার কাছে যেতে পারেন তিনি। ১০৩ ডিগ্রী জ্বর তখন তাঁর। টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু মাজার লম্বায় ১০ ফুট পাশে ৫ ফুট। ১৯৮৮ সালের পর শেখ হাসিনা সংস্কার করান। তৈরি করেন জাতির পিতার সমাধিসৌধ।
এই সমাধিসৌধে প্রতি বছর ১৫ আগস্ট হাজার হাজার লোকের সমাগম হয়। সবাই সেই মানুষটিকে শ্রদ্ধা জানাতে আসে, যিনি একটি দেশের স্বপ্ন দেখেছিলেন। যিনি ছিলেন বাংলাদেশ নামের একটি দেশের স্থপতি। যিনি বলেছিলেন, 'বাঙালি বীরের জাতি। পৃথিবীর কোনো শক্তিই আমাদের পদানত করতে পারবেনা।' তিনি ভুল বলেননি। ১৯৭১ সালে আমেরিকা, চীনের মতো দেশ আমাদের বিপক্ষে ছিল কিন্তু আমরা স্বাধীন হয়েছি। কারণ আমাদের বঙ্গবন্ধুর মতো একজন নেতা ছিল।
