২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রহস্যময় আলোকস্রোত মেরুপ্রভা

ধরা যাক, তুমি মেরু অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছ। হঠাৎ মেরু অঞ্চলের আকাশের দিকে তাকিয়ে দেখলে আকাশটা কেমন যেন অদ্ভূত আচরণ করছে। তুমি চোখ বড় বড় করে তাকিয়ে খেয়াল করলে, আকাশে রঙিন ঢেউয়ের মতো কিছু একটা আসছে। বিশাল বড় এই রঙিন ঢেউটা আসলে একটা বৃত্তের মত রিং। এই বৃত্তাকার রিং এর রং সবুজাভ কিংবা নীলচে। তুমি অবাক হয়ে দৈত্যাকার রিং এর মধ্যে অসাধারণ এক আলোর খেলা দেখতে থাকলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 03:02 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

ঘটনাটা শুনে কেমন যেন রূপকথা রূপকথা মনে হচ্ছে তাই না? ডিজনির ‘ফ্রোজেন’ সিনেমায় আলোর এই খেলা তোমরা দেখেছও। আসলে কিন্তু এটা মোটেও রূপকথা না। আসলেই এমনটা ঘটে আকাশে। মেরু অঞ্চলের আকাশে এই রূপকথার গল্পের মত আলোকচ্ছটা দেখা যায়। ইংরেজিতে এটাকে বলা হয় ‘অরোরা’  বা ‘নর্দান লাইট’ আর বাংলায় ‘মেরুপ্রভা’।

এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, এই অরোরা বা মেরুপ্রভা কীভাবে তৈরি হয়, কেন তৈরি হয় আকাশে?

অরোরা হল মেরু অঞ্চলের আকাশে দেখতে পাওয়া অত্যন্ত মনোরম ও বাহারী আলোকচ্ছটা, যাকে এক সময় অতিপ্রাকৃতিক বলে বিবেচনা করা হত। বর্তমানে তা নিতান্তই প্রাকৃতিক ঘটনা বলে প্রমাণিত।

আমরা তো জানিই যে বায়ুমণ্ডলে অক্সিজেন আর নাইট্রোজেন থাকে। ঐ অক্সিজেন আর নাইট্রোজেন পরমাণুর সাথে বায়ুমণ্ডুলের আরেকটু উঁচু স্তর ম্যাগনেটোস্ফিয়ার থেকে আসা কিছু ইলেক্ট্রন আর কিছু ক্ষেত্রে প্রোটন এর সংঘর্ষের ফলেই অরোরা তৈরী হয়। ম্যাগনেটোস্ফিয়ারে এই কণা আসে সূর্য থেকে। আমরা হয়ত অনেকেই জানি না সূর্যে কিন্তু সারাক্ষণই ঝড় হতে থাকে। এই ঝড়ের ফলে কিছু ইলেক্ট্রন, প্রোটন মুক্ত হয়ে যায় আর ভেসে ভেসে পৃথিবীতে আসে।

ম্যাগনেটোস্ফিয়ারে এসে ম্যাগনেটোস্ফিয়ারের কণার সাথে  সংঘর্ষের কারণে পরমাণু বা অণুসমূহ কিছু শক্তি লাভ করে।  এই সংঘর্ষের কারণে পরমাণু বা অণুগুলো কিছু শক্তি লাভ করে। আর শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। তাই এই শক্তিটুকুও আলোকশক্তিতে রূপান্তরিত হয়। যখন এই শক্তি আলোকশক্তি হিসেবে বিকিরিত হয়, তখনই আমরা অরোরা দেখতে পাই।   

এসব ইলেক্ট্রন সাধারণত পৃথিবীর চৌম্বকক্ষেত্র বরাবর পরিভ্রমন করায় শুধুমাত্র মেরু অঞ্চলেই অরোরা দৃশ্যমান হয়।

এরকম বিভিন্ন রঙের অরোরা সৃষ্টি হতে পারে। অরোরার রঙ নির্ভর করে কোন গ্যাসীয় পরমাণু ইলেকট্রন দ্বারা উদ্দীপ্ত হচ্ছে এবং এই প্রক্রিয়ায় কত শক্তি বিনিময় হচ্ছে তার উপর।

অরোরার সবচেয়ে পরিচিত যে রঙটি অধিকাংশ সময় দেখা যায়, তা হলো সবুজাভ-হলুদ। আর এর জন্য দায়ী অক্সিজেন পরমাণু। অক্সিজেন থেকে অনেকক্ষেত্রে লাল রঙ এর অরোরাও তৈরী হয়। নাইট্রোজেন সাধারণত একটি নীল রঙের আলো দেয়। এছাড়াও অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণু অতি-বেগুনী রশ্মি নির্গত করে, যা শুধুমাত্র স্যাটেলাইটের বিশেষ ক্যামেরা দিয়েই শনাক্ত করা যায়-- খালি চোখে দেখা যায় না।

তোমরা কেউ যদি অরোরা দেখতে চাও, তাহলে তোমাদের যেতে হবে আলাস্কা, কানাডা, এবং স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চলে। কারণ, অরোরা দেখার জন্য এগুলোই হল সবচেয়ে ভালো জায়গা। এসব স্থানে প্রায় নিয়মিতই অরোরা চোখে পড়ে।