২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রাণ' এর আঁকা প্রাণের কমিকস

তোমরা তাকে সেভাবে চিনবে কি না ঠিক বলতে পারছি না। তোমরা বরং ডোরেমন বা বেনটেন অথবা অগি এন্ড দ্যা কক্রোচেসকে ভালোই চিনবে। তবে বলে রাখি, আমরা যারা কার্টুন নেটওয়ার্ক, মোবাইল ফোন এমনকি ইন্টারনেট ছাড়া বড় হয়েছি, তারা সবাই গত ৫ আগস্টে অনেক মন খারাপ করে বসে ছিলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মেহেদী হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 03:38 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

কারণ, আমাদের সময় মোবাইল ফোন, ইন্টারনেট, প্লে-স্টেশন ইত্যাদির অভাব যিনি ভুলিয়ে দিয়েছিলেন, সেই কার্টুনিস্ট প্রাণ সেদিন মারা যান।

ভারতীয় এই কার্টুনিস্ট প্রাণ রায় আসলে কী এমন যাদু জানতেন যাতে করে আমরা সবাই এত মন খারাপ করে আছি এখনও? তোমরা সবাই না জানলেও অনেকেই উত্তরটা হয়ত মনে মনে জান। প্রাণ রায় হচ্ছেন উপমহাদেশের বিখ্যাত কার্টুন চরিত্র চাচা চৌধুরীর স্রষ্টা। কেউ যদি এই কমিকটি না পড়ে থাকো তাহলে আমি বলব তোমরা একটা বিরাট মিস করেছ।

লাল পাগড়ী পরা ছোটখাট এক চরিত্র। সঙ্গে ভিনগ্রহের এলিয়েন পালোয়ান-- সাবু।  সেইসঙ্গে ছোট্ট কুকুর রকেট মিলে যদিও হুট করে তোমাদেরকে এস্টেরিক্স, ওবেলিক্স ও ডগমাটিক্স কে মনে করিয়ে দিতে পারে তবে একটু পড়ার পরই বুঝে যাবে এটা সম্পূর্ণ অন্য জিনিস। এমন সহজ সরল মজা করে যে একটা দূর্দান্ত গল্প একটানা বলে যাওয়া যায়, তার একটা দারুণ উদাহরণ এই চাচা চৌধুরী সিরিজ।

কী নেই এতে? টানটান উত্তেজনার ব্যাংক ডাকাতি আবার পরক্ষণেই বুদ্ধিমান চাচার পাগড়ীর ফাঁদে পড়ে তাদের আটক হওয়া। সঙ্গে গাটুগুটূ টিঙ্গু মাস্টার। হঠাৎ হঠাৎ এসে পড়া ডাকু গব্বর সিং, চাচার গিন্নী মানে চাচী। তাঁর হাতে বানানো একশো লুচি দিয়ে নাস্তা সেরে সাবুর উঠে বসে ক্রিকেট ব্যাট হাতে ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে ফেলে আবার তার পরেই ভয়ানক ডাকুদের তাড়া করে ফেরা।

সোজা কথা দম ফেলার ফুরসৎ পাওয়াই ভার। একটা গল্প পড়ে শেষ না করতেই আরেকটা, সেটা শেষ করে আরেকটা। কোথাও কোনো জটিল প্যাঁচঘোঁচ নেই। নেই মাথা খাটিয়ে গল্প বোঝার দায়। একেবারে জলবৎ তরলং গল্প। এখানেই প্রাণ নামের এই লোকটার কমিকস এর 'প্রাণ' লুকানো। তবে প্রাণের এই কমিকস আঁকার গল্পটা কিন্তু আরো মজার। ভদ্রলোক তো পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার্স করলেন দিল্লী থেকে। তারপরেই তাঁর মাথায় ঢুকলো লাড্ডুর প্যাঁচ। মানে আঁকাআঁকির প্রবল ঝোঁক থেকে সটান ঢুকে গেলেন মুম্বাইয়ের স্যার জে জে স্কুল অব আর্ট এ। দিল্লী থেকেই প্রাইভেট স্টুডেন্ট হয়ে সেই পড়াশোনাটা চালিয়ে যেতে লাগলেন। কিন্তু মনের মধ্যে যার এত এত মজার আইডিয়া আর গপ্পের বুড়বুড়ি, আর্ট কালচারের ঘোরালো প্যাঁচালো ইতিহাস পাতিহাস তাঁর ভালো লাগার কথা না। তাই সেই কোর্স শেষ না করেই শুরু করে দিলেন নিজের যেটা ভালো লাগে সেই কাজটা-- 'কার্টুন' আঁকা।

প্রাণের নিজের ভাষায়, ‘আমি আসলে এত সাত পাঁচ ভাবিনি। আমি বুঝেছিলাম আমাদের কোনো সুপারম্যান দরকার নেই, কাউকে সুপার হিরো হয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে গুণ্ডা তাড়ানোর দরকার নেই। আমাদের দরকার একেবারেই আমাদের নিজস্ব ভারতীয় সাধারণ মানুষ। তবে হ্যাঁ, তাঁর বুদ্ধি হতে হবে অসাধারণ।’

তা, সেই চাচা চৌধুরীর বুদ্ধি অসাধারণই বটে। আর সেজন্যই সিরিজটার অন্যতম বিখ্যাত ডায়ালগ ছিল, ‘চাচা চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের চেয়েও প্রখর।’ এটা ছিল আমাদের সবার মুখস্ত ডায়ালগ। আর ওদিকে ভালো মানুষ সাবু? যে আবার রেগে গেলে রক্ষা নেই। তখন বলা হয় ‘সাবু রেগে গেলে কোথাও না কোথাও আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়।’ তা ভয় পাবার কারণ নেই। সাবু সহসা রাগে না। তবে হ্যাঁ, লড়াইটা যদি হয় অমর ভিলেইন 'রাকা'র সঙ্গে, তবে এমন দু একটা অগ্ন্যুৎপাত হতেই পারে!

বিষ মনে করে ভুলে এক কবিরাজের অমৃত আরক খেয়ে অমর হয়ে যায় রাকা নামের এক ডাকাত। তার পর থেকে তাকে থামায় কার সাধ্য? ডাক পরে চাচা চৌধুরী আর তার এলিয়েন পালোয়ান সাবুর। সে এক দূর্ধর্ষ লড়াই। প্রতিবারেই কোনো না কোনোভাবে রাকা তার বন্দীদশা থেকে মুক্ত হয়ে পৃথিবী তছনছ করা শুরু করে। বুক ধরফর করা টেনশন নিয়ে সেটা একনাগাড়ে গিলে যাওয়া ছাড়া উপায় থাকে না কারও।

আর শুধু চাচা চৌধুরীই কেন? প্রাণ নামের এই 'ভারতের ওয়াল্ট ডিজনী' তৈরী করেছেন বিল্লু, পিংকী, চান্নি চাচী, রমন ও শ্রীমতিজী নামের আরও কয়েকটা কমিকস চরিত্র। এতগুলি কমিকস চরিত্র তৈরী করে তার প্রায় সবগুলিই সমানভাবে জনপ্রিয় করাটা মুখের কথা না। প্রাণ নামের এই কিংবদন্তি কার্টুনিস্ট যখন এইসব মজার মজার কমিকস চরিত্র তৈরী করেছিলেন ঠিক তখন ভারতে শুধু কিছু বিদেশি ইংরেজি কমিকস এর বাংলা বা হিন্দী অনুবাদ ছাড়া আর কিছু পাওয়া যেত না।

প্রাণ দেখলেন-- আরে, দেশটা আমাদের কিন্তু গল্প সব বিদেশি। এই কমিকসগুলোর চরিত্র, গল্প, কৌতুক কিছুই আমাদের না। আমরা তার সব বুঝিও না। ঠিক অনেকটা আমাদের এখনকার ডোরেমন, বেনটেন, জাপানি মাঙ্গা, এনিমে বা এডভেঞ্চার টাইম এর মতো। সেগুলি মজার সন্দেহ নেই, কিন্তু এরা তো আমাদের দেশি কার্টুন না। নিজের জন্যে, নিজেদের গল্প, নিজেদের ভাষা না হলে কি চলে? ব্যস, বসে গেলেন নিজেই আঁকতে। আর তার ফলাফল এই ইতিহাস গড়ে দেওয়া কার্টুন চরিত্রগুলি। এমনকি সেই ভারত পেরিয়ে নব্বই সালের পর থেকে আমাদের এখানেও, মানে বাংলাদেশেও তাঁর এই কমিকসগুলি চলে এসেছিল।

চাইলে নিজেদের কমিকস কার্টুন যে নিজেরাই বানাতে পারি, সেটার স্বপ্নও প্রাণই উপমহাদেশের সবাইকে দেখিয়ে গেছেন। তাঁর আগে অনেকেই ভাবত, এগুলি আসলে বিদেশিরাই করবে। কিন্তু এখন এমনকি বাংলাদেশেও বেশ কিছু কমিকস বই বের হচ্ছে। পত্রপত্রিকায় কার্টুন ও কমিকস স্ট্রিপ বের হচ্ছে। হচ্ছে কমিকস এর মেলা কমিকন। এগুলি যারা করছেন, তাঁরা কিন্তু এই প্রাণ নামের মানুষটার বই পড়েই বড় হয়েছেন এবং তাঁর দেখানো পথেই নিজেদের মতো কার্টুন এঁকে যাচ্ছেন।

বাংলাদেশেও তাই তৈরী হচ্ছে বাংলাদেশী কমিকস। আশা করি, অবিস্মরণীয় প্রাণ এর কমিকসগুলির পাশাপাশি বাংলাদেশী সেই কমিকসগুলিও ডোরেমন, পোকেমন ফেলে আমাদের আরো দারুণ কিছু সময় উপহার দেবে।

আপাতত প্রাণ কুমার শর্মাকে আমরা সবাই মিলে প্রাণের গভীর থেকে একটা ধন্যবাদ জানাই, এসো।