২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক হাজার সারস আর শান্তিময় বিশ্ব

আচ্ছা, একটু চিন্তা করে দেখ। পৃথিবীর সব শিশুর মতো তুমিও সারাদিন হৈ-হুল্লোড় করে রাতে যখন ঘুমিয়ে পড়ছ, তখন হয়ত স্বপ্ন দেখছ একটা সুন্দর বাগানের ৷ সবুজ প্রকৃতির মাঝে নানা রঙের পাখি, কিচিরমিচির শব্দে নিষ্পাপ শিশুদের সাথে খেলা করে সেখানে ৷ কিন্তু এমন সুন্দর স্বপ্নের মাঝে কেউ যদি তোমার পিঠে দুম করে একটা কিল বসিয়ে দেয়, তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই স্বপ্নভঙ্গের কষ্টে খুব খারাপ লাগবে, ব্যাথায় কুঁকড়ে যাবে-তাই না ?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 03:35 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

সাদাকো সাসাকি ২ বছরের ছোট্ট একটি মেয়ে। জাপানের হিরোশিমায় থাকে। হিরোশিমার সুন্দর পরিবেশে সাদাকো একটি ছোটপাখির মত নেচে গেয়ে বড় হচ্ছিল। এক রাতের কথা। সাদাকো ঘুমিয়ে ঘুমিয়ে তোমাদের মতো সুন্দর স্বপ্ন দেখছিল। হঠাৎ পাগলা ঘন্টার মত সাইরেন বেজে উঠে। আমি বলছি, ১৯৪৫ সালের ৬ আগস্টের কথা। সেদিন সকাল ৮টা ১৬ মিনিটে জাপানের হিরোশিমা নগরীর আকাশ-বাতাস বিদীর্ণ হয়ে যায় ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমার বিস্ফোরণে।

সেদিনও শহরের শিশুরা ঘুমাচ্ছিল, স্বপ্ন দেখছিল সুন্দর বাগানের। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠা শিশুসহ প্রায় ৭০ হাজার মানুষ কিছু বুঝে ওঠার আগেই পোড়া লাশে পরিণত হয়। মৃত্যুর মিছিরে যোগ হওয়া এক লাখ ৪০ হাজার মানব সন্তানের স্মৃতি বুকে নিয়ে হিরোশিমা ফেলে এসেছে ৬৫টি বছর। আজ ৬ অগাস্ট সারা বিশ্ব পালন করছে হিরোশিমা দিবস।

তখন সময় সকাল ৭ টা। হঠাৎ করেই হিরোশিমা শহরে অনেক জোরে পর পর তিন বার সর্তক সাইরেন বেজে উঠে। ভীত সন্ত্রস্ত হিরোশিমার শিশুরা ঘুম ঘুম চোখে আকাশে অনেক উঁচুতে কয়েকটি যুদ্ধ বিমান ঘুরতে দেখে। একটু পরে এদের সঙ্গে যুক্ত হয় আরেকটি বিমান। তার কিছু পরেই বিমানগুলো দৃ্ষ্টির বাইরে মিলিয়ে যায়। ৭ টা ৩০ মিনিটে বিপদমুক্তির সাইরেন বেজে উঠলে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু সকাল ৮ টায় আবার ৩ টি বিমান আকাশে আবির্ভূত হয়। এবার এটাকে মামুলি বিমান বিবেচনা করে আর কোনো সাইরেন বাজানো হয় নি। কিন্তু কয়েক মিনিট পরেই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ।

‘লিটল বয়’ নামের বোমাটি যেখানে ফেলা হয়, সাদাকোর বাড়ি তার ঠিক দেড় কিলোমিটারে মধ্যে। বিস্ফোরণের আঘাতে ছোট্ট সাদাকো জানালা দিয়ে উড়ে চলে যায়। সাদাকোর মা ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। বাড়ি থেকে কিছু দূরে সাদাকোকে খুঁজে পায় সবাই। তখনও সাদাকোর দেহে প্রাণ আছে। সাদাকোর মা মেয়েকে জীবিত পেয়ে ভাবেন সৃষ্টিকর্তা বুঝি তাদের এ বারের মত রক্ষা করলেন।

কিন্তু ঘটনা এইখানেই শেষ হয় না। পারমানবিক বোমার তেজস্ক্রিয়তার আঘাত রয়ে যায় অনেক বছর। বোমার তেজস্ক্রিয়তায় শিশুদের মাথার চুল উঠে যায়৷ শিশুরা খাওয়ার শক্তি হারিয়ে ফেলে ৷ বড়দের মাঝেও দেখা যায় নানান উপসর্গ। বোমার আঘাতে আহতরা দীর্ঘদিন কষ্টে ভুগতে ভুগতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে ৷ ১৯৫০ সাল পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখে পৌছে ৷

এখানেই কিন্তু শেষ নয় ৷ এ মর্মান্তিক ঘটনার মাত্র তিনদিন পর অর্থাৎ ৯ আগষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর চার্লস সুইনি জাপানের নাগাসাকি শহরে ‘ফ্যাটম্যান' নামে দ্বিতীয় বোমাটি নিক্ষেপ করল৷ হিরোশিমার মতো নাগাসাকিতেও হাজার হাজার মানুষ মারা যায়।

সে ঘটনার প্রায় ৯ বছর পরে ১৯৫৪ সালে সাদাকোর মা লক্ষ করে, সাদাকোর কানের পিছনে কিছু অংশ অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। পরীক্ষা নিরীক্ষায় ধরা পরে সাদাকোর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। এটি তখন হিরোশিমাবাসীর জন্য খুব স্বাভাবিক ব্যপার। পারমানবিক বোমার তেজস্ক্রিয়তার প্রভাবে প্রায় সবার মধ্যেই কোনো না কোনো অস্বাভাবিকতা আছে।

২০ ফেব্রুয়ারি ১৯৫৫ সালে ডাক্তাররা ঘোষণা দেন, সাদাকো আর বড়জোর এক বছর বাঁচবে। সে বছর আগস্টের ৩ তারিখে সাদাকোর প্রিয় বন্ধু সিজুকো হামামোটো হাসপাতালে আসে সাদাকোকে দেখতে। বছরভর হাসপাতালে থেকে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া সাদাকোকে হামামোটো একটা সোনালি রঙের চারকোণা কাগজ ভাঁজ করে একটি কাগজের সারস বানিয়ে দেয়। সাদাকোর হাতে সারসটা দিয়ে হামামোটো সাদাকোকে মনে করিয়ে দেয় প্রাচীন জাপানি এক বিশ্বাসের কথা, ‘কেউ যদি এক হাজারটা কাগজের সারস বানাতে পারে তবে তার একটি ইচ্ছা সৃষ্টিকর্তাপূরণ করেন’।

এই কাগজের সারস তখন হয়ে উঠে সাদাকোর বেঁচে থাকার লক্ষ্য। সাদাকো কাগজের সারস বানাতে শুরু করে। সারসের সংখ্যা যখন ৬৪৪টায় পৌছায় সাদাকোর রোগ তাকে পুরাপুরিভাবে গ্রাস করে। সাদাকো মারা যায়।

সাদাকোর বন্ধুরা বাকি সারসগুলো বানিয়ে এক হাজার সারসসহ সাদাকোকে কবর দেয়।

মানুষের ভালোবাসা আর বেঁচে থাকা অবশিষ্ট মানুষগুলোর জীবনে জয়ী হওয়ার তীব্র ইচ্ছার কারণেই হিরোশিমা আবারও উঠে দাঁড়িয়েছে অগ্রগতির প্রতীক হয়ে। এখন সেখানে গেলে আর বোঝারই উপায় নেই যে এই হিরোশিমা শহরেই একদিন মুখ থুবড়ে পড়েছিল বিশ্ব মানবতার সমস্ত অহংকার। সৃষ্টি হয়েছিল বর্বর হিংস্রতার এক চূড়ান্ত ইতিহাস।

আজ শান্তির প্রতীকই যেন বলা যেতে পারে এই শহরটিকে, শহরটির জনসংখ্যা প্রায় ১.৮৮ মিলিয়ন। আজ হিরোশিমার আকাশের নির্মল আভা, বাতাসের স্বচ্ছ আমেজ, নির্ভয় সব পাখিদের স্বাধীন উড়াউড়ি আর শিশুদের আনন্দ উল্লাসে সেদিনের কথা বোঝার আর কোনো উপায়ই নেই।

হিরোশিমা এখন এক শান্তির শহর। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, আজও এখানকার অনেক মানুষই এখনো নীরবে বয়ে বেড়াচ্ছেন সেই ঘাতক পারমাণবিক বোমার মর্মান্তিক আঘাতের তেজস্ক্রিয় বিষ। যখন বোমা হামলা হয় তারা ছিল নিন্তান্তই শিশু। জীবনও তাদের কাছে এক অভিশাপ-- মৃত্যুও তো এসে শান্তি দেয় না!

হিরোশিমার মানুষ এখানে ধরে রেখেছেন ১৯৪৫ সালের ৬ আগষ্টের সেই মর্মান্তিক বেদনাদায়ক স্মৃতি। এই সব স্মৃতির স্মারকগুলোর মধ্যে রয়েছে হিরোশিমার শান্তি রক্ষার প্রতীক ‘পিস মেমোরিয়াল পার্ক’। সারা পৃথিবীর মানুষের কাছে এই পার্কটি যেন সবাইকে শাশ্বত শান্তি রক্ষার আহ্বানই জানাচ্ছে।

আরেকটি স্মৃতির স্মারক হচ্ছে শান্তির শিখা। পিস মেমোরিয়াল পার্কের পেছনেই রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরটির নাম ‘শান্তি পুকুর’। এই পুকুরটির ঠিক উত্তর পারেই সেই শান্তির শিখা। এই শিখা বিরামহীনভাবে জ্বলছে। শান্তির এই শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হিরোশিমা যেন পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবীর জন্য সবাইকে ডেকে ডেকে বলছে।

হিরোশিমা দিবস স্মরণে আরেকটি গভীর ভালোবাসা আর শান্তির জন্য প্রার্থনার একটি স্মৃতি স্মারক রয়েছে এ শহরে। এর উল্লেখযোগ্য দিকটি হচ্ছে, শিশুরাই দিনে দিনে, তিল তিল করে নির্মাণ করেছে এই স্মৃতির মিনার। এর নাম ‘চিলড্রেন্স পিস মনুমেন্ট’।

চিলড্রেন্স পিস মনুমেন্টকে আবার অনেকে ‘টাওয়ার অফ থাউজেন্ড ক্রেইনস’ বা হাজার সারসের স্তম্ভ নামেও ডাকেন। এখানকার ঘন্টাটি বাতাসে শব্দ হলেই বেজে ওঠে, ঘন্টাটি ‘উইণ্ড চাইম’। চিলড্রেন্স পিস মনুমেন্টটি আসলে হিরোশিমার সাদাকো সাদাকো নামের সেই ছোট্ট মেয়েটির স্মরণে তৈরি। বোমা বিস্ফোরণের সময়ে তার বয়স ছিলো মাত্র ২ বছর। তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট রক্তের দূরারোগ্য ক্যান্সারে ১০ বছর ভূগে ভূগে প্রাণোচ্ছল সাদাকো সাদাকো মৃত্যুবরণ করেছিল। তার স্কুলের বন্ধুরা তার স্মরণে নির্মাণ করেছিল এই মেমোরিয়ালটি।

যদি কখনো হিরোশিমায় বেড়াতে যাও তাহলে দেখবে- পিস মেমোরিয়াল পার্ক আর তার চারপাশ জুড়েই আছে পারমাণবিক ধ্বংসযজ্ঞে নিহতদের স্মরণে মিউজিয়াম বা জাদুঘরসহ অসাধারণ সব স্মৃতি স্তম্ভ। সারা পৃথিবীর সব বয়সের মানুষই এই মেমোরিয়ালে এসে ভাঁজ করা কাগজের তৈরী অসংখ্য সারস পাখি এখানে ছড়িয়ে দেয়। এর ভাস্কর্যটিও অসাধারণ।

সাদাকো সাসাকির স্মরণে তার স্কুলের বন্ধুদের উদ্যোগে বানানো এই মেমোরিয়ালে আজ সারা পৃথিবীর মানুষ আসেন- ভালোবাসা আর শান্তির কথা বলতে।

পিস মেমোরিয়াল পার্কের ঠিক মধ্যিখানে আছে পার্ক মিউজিয়াম। এখানে ৪৪টি বইতে পারমাণবিক তেজস্ক্রিয়তায় রোগাক্রান্ত ১ লাখ ২৪ জনের নাম লেখা রয়েছে। ভেতরের একটি মাটির প্রকোষ্ঠে রয়েছে এক কালো পাথরের কফিন। বইগুলো সেই কফিনেই রাখা, আর কফিনের সামনের অংশে লেখা রয়েছে- ‘এখানের সকল আত্নাকে শান্তিতে ঘুমুতে দাও; আমরা যেন আবার এমন ক্ষতি না করি।’

প্রতিটি ৬ আগস্টে ফিরে ফিরে আসে এই হিরোশিমা দিবস। আর হিরোশিমার সেই নারকীয় ধ্বংসের স্মৃতিচিহ্নগুলো যেন নিঃশব্দে আর্তি আহ্বান জানায়-- বিলুপ্ত হোক যতো হত্যা, ধ্বংস আর নৃশংসতা। বিলুপ্ত হোক পৃথিবী থেকে সকল পারমাণবিক অস্ত্র। আমাদের পৃথিবী হোক শান্তি আর ভালোবাসাময়। আমরা হত্যাযজ্ঞ চাই না। চাই নিরাপদ পৃথিবী-- সোমালিয়ায়, গাজায়, ফিলিস্তিনে। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠত্বের প্রমান রাখতে চাই। ধ্বংসে নয়।