অনন্য বন্ধু হাচিকো
কুকুরের প্রভুভক্তির কথা আমরা সবাই জানি। মানুষ যখন গুহায় থাকত, শিকার করে খাবার সংগ্রহ করত, তখন থেকেই এই বন্ধুত্বের শুরু। কুকুর মানু্ষকে সাহায্য করত, সঙ্গ দিত, আবার শত্রুর আক্রমণ থেকে রক্ষাও করত। কুকুর হচ্ছে প্রথম প্রাণী, যাকে মানুষ পোষ মানায়। কিন্তু জাপানের হাচিকো কেবল পোষ্য নয়, হয়ে উঠেছিল সত্যিকারের বন্ধু।
হাচিকোর মনিবের নাম হিদেসাবুরো উয়েনো। উয়েনো টোকিও ইউনিভার্সিটিতে কৃষিবিজ্ঞানের একজন অধ্যাপক ছিলেন।
১৯২৪ সালে উয়েনো একটি বাদামি রংয়ের আকিতা জাতের কুকুরকে বাসায় নিয়ে আসেন। নাম রাখেন হাচিকো। হাচি অর্থ আট আর কো অর্থ আদুরে। পুরোটা অর্থ করলে দাঁড়ায় হাচিকো তার বাবা মায়ের অষ্টম সন্তান এবং সে খুবই আদরের।
হাচিকোর সঙ্গে অধ্যাপক উয়েনোর বন্ধুত্ব গড়ে ওঠে সহজেই। এমনিও আকিতা জাতের কুকুরেরা প্রভুভক্তির জন্য সুখ্যাত। বলা হয়, আকিতা জাতের কুকুর প্রভুর প্রতি খুব মনযোগী হয়, আর প্রভু বা তার পরিবারের বাইরের লোকদের প্রতি খুবই নির্মম।
হাচিকো এমনি খুব হাসিখুশি কুকুর ছিল। প্রতিদিন বিকালে প্রফেসর উয়েনো যখন বাসায় ফিরতেন, তাকে এগিয়ে আনতে হাচিকো শিবুয়া ট্রেন-স্টেশনে যেত। এ রকম করে হাচিকো ও উয়েনোর দিনকাল বেশ ভালোই কেটে যাচ্ছিল।
কিন্তু হাচিকোকে সেটা কে বোঝাবে! প্রতিদিন সে আগের মতোই বিকাল হলেই রওনা হয়ে যেত শিবুয়া ট্রেন স্টেশনের দিকে। স্টেশনে যারা নিয়মিত যাতায়াত করতেন, তারা অনেকেই হাচিকোকে চিনতেন। অনেকেই তাকে প্রফেসর উয়েনোর সঙ্গে দেখেছেন। তারপরেও হাচিকোর এ রকম রোজ রোজ ট্রেন স্টেশনে আসাটাকে অনেকেই ভালো চোখে দেখতেন না। বিশেষ করে স্টেশনের কর্মচারীরা তার সঙ্গে বেশ খারাপ ব্যবহার করত।
এভাবে প্রায় সাত বছর পার হয়ে যায়।
১৯৩২ সালে প্রফেসর উয়েনোর একজন প্রাক্তন ছাত্র হাচিকোকে স্টেশনে দেখতে পান। উনি হাচিকোর পিছু নিয়ে প্রফেসর উয়েনোর মালির বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে উনি জানতে পারেন হাচিকোর উয়েনোর প্রতি এই ভালোবাসার কথা। তিনি আকিতা জাতের কুকুরদের নিয়ে একটা গবেষণা শুরু করেন এবং জানতে পারেন, হাচিকোসহ জাপানে আকিতা জাতের মাত্র ৩০টি কুকুর জীবিত আছে।
প্রফেসর উয়েনোর সেই ছাত্র আকিতা জাতের কুকুরদের প্রভুভক্তি নিয়ে অনেকগুলো প্রবন্ধ লেখেন। সেই প্রবন্ধগুলোর একটা ছিল হাচিকোকে নিয়ে।
১৯৩২ সালের ৪ঠা অক্টোবর হাচিকোকে নিয়ে প্রবন্ধটি টোকিওর একটি পত্রিকায় ছাপা হয়।
এরপর থেকে হাচিকোর প্রতি স্টেশনের মানুষদের ব্যবহার পাল্টে যায়। তারা স্টেশনে হাচিকোর অপেক্ষার সময়টুকুতে তাকে সাধ্যমতো সেবাযত্ন করা শুরু করে। উয়েনোর মৃত্যুর নয় বছর পর ১৯৩২ সালের ৮ মার্চ হাচিকো মারা যায়। ততদিন পর্যন্ত এমন একদিনও যায়নি যেদিন হাচিকো স্টেশনে আসেনি তার মনিব প্রফেসর উয়েনোর খোঁজে।
হাচিকোর এই প্রভুভক্তি শুধু যে মানুষের মন কেড়েছিল তাই নয়, তার জাতের অন্য আকিতা কুকুরদের পরিচর্যা এবং জাতটিকে বিলুপ্ত হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। হাচিকোর মৃতদেহ জাপানের ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে স্টাফ করে রাখা আছে। মিনাটোকু কবরখানায় তার একটি মূর্তিও রাখা আছে। শিবুয়া ট্রেন স্টেশন যেখানে হাচিকো রোজ যেত সেখানে তার একটি ব্রোঞ্জের মূর্তি আছে। প্রভুভক্তির জন্য হাচিকোকে ‘চুকেন হাচিকো’ বা ‘বিশ্বস্ত কুকুর হাচিকো’ উপাধি দেওয়া হয়।
হাচিকোকে নিয়ে ২০০৯ সালে ‘হাচি: এ ডগস টেল’- নামে একটি সিনেমাও নির্মিত হয়। এই বন্ধু দিবসে হাচিকোকে বিশ্বের সব বন্ধুর তরফ থেকে অনেক ভালোবাসা।
