আবুর খুশির ঈদ
আবু এবার নিজেদের গ্রামে ঈদ করবে। এ জন্য আবুর খুশির সীমা নেই। মা বলেছে ওর দুই ভাইবোনও এবার একসঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করবে।
রমজান সবে মাত্র শুরু। আবু যেন এখনই ঈদের বাঁকা চাঁদটা হাতে পেয়ে গেছে। খাওয়া-দাওয়া কোনো কিছুতে আর মন বসছে না আবুর। তার চোখে ভাসছে শুধু গ্রামের দৃশ্য। গ্রামের স্কুল, খেলার মাঠ আর বন্ধুরা।
সেই কবে প্রথম স্কুলে গিয়ে পরিচয় হয়েছে পাশের পাড়ার অনিক আর শুভর সঙ্গে। তারপর তো আর স্কুলে যাওয়া হয়নি। বাবার মৃত্যু। কয়েকমাস পর ঢাকায় চলে আসা। তারপর মার সঙ্গে আবুও বাসা বাড়িতে কাজ নেয়। দুই জন দুই বাসায় কাজ করলেও মাঝেমধ্যে দেখা সাক্ষাৎ হয় তাদের। তবে মা, মাস কয়েক পরপর গ্রামের বাড়ি যাওয়া-আসা করে। আবুর বড় দুই ভাইবোনকে এতিমখানায় দেখে আসে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। আবুর অনেক দিন গ্রামে যাওয়া হয় না।
আবুদের সুন্দর সুখী পরিবার ছিল। বাবা মা ভাইবোন সবাইকে নিয়ে আনন্দে দিন কাটছিল। বাবা ঢাকা শহরে ছোটখাটো চাকরি করত। কিন্তু সংসারে অভাব ছিল না। বাড়ির পাশে অল্প জমিও ছিল। তাতে নানা ফসল ফলিয়ে সংসারের খাদ্যঘাটতির কিছুটা মেটাত। কিন্তু কোথা দিয়ে যে কী হয়ে গেল। রমজানের ঈদে আবুর বাবার বাড়ি আসার কথা ছিল। আবুর জন্য সবুজ একটা স্কুল ড্রেস আর ঈদের হলুদ সার্ট, কালো প্যান্ট এবং বোনের জন্য লাল জামা কিনেছিল। রমজান শুরুর আগের মাসে বাবা যখন ঢাকায় চলে আসছিল আবু আর তার বোন সাদিয়া বায়না রেখেছিল। বাবা সবার জন্য সবকিছু নিয়ে বাড়িতে আসছিল। এমনকি ঈদের সেমাই, পোলাওয়ের চাল কত কী যে নিয়েছে। তার আর বাড়ি পৌঁছানো হয়নি। পথে মুখোমুখি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মুত্যৃ হয় আবুর বাবার।
বড়বোন সাদিয়া ও বড়ভাই লাভু দুজনই তখন ক্লাস ফোরে পড়ে। আবু সবে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে। এর মধ্যে ঘটল অঘটন। তারপর থেকে আবুদের সংসারে নেমে আসে দুঃখ। অভাব পাখি যেন বাসা বেঁধেছে সংসারে। আত্মীয়স্বজন বলতে যারা আছে তারা কদিন খোঁজ খবর নিলেও পরে আর কেউ এগিয়ে আসে না। বাধ্য হয়ে বড় দুই ভাইবোনকে এতিমখানায় পাঠিয়ে দেয় মা।
একদিন আবুকে নিয়ে এক পরিচিতের সঙ্গে মা চলে আসে সেই ঢাকায়। এক বাসায় কজের বুয়ার চাকরি নেয় মা। সঙ্গে আবুকে রাখা যায়নি। বুকে পাথর বেঁধে মা আবুকে আরেক বাসায় দুশ’ টাকা বেতনে কাজে পাঠিয়ে দেয়।
আবু সব বুঝে। তাই সে মাকে দুঃখ দিতে চায় না। যে বাসায় আবু কাজ নেয় সেখানে তার বয়সের একজন ছেলে আছে। পিয়াল তার নাম। সে তখন ক্লাস টুতে পড়ে। আবু পিয়ালের সঙ্গে গাড়ি করে প্রতিদিন স্কুলে যায় ঠিকই। কিন্তু পড়ার জন্য নয়, পিয়ালের স্কুলব্যাগ বহন করার জন্য। আর পার্কে কিংবা অন্য কোথাও গেলে পিয়ালের পাশে থাকার জন্য। পার্কের দোলনায় পিয়াল দোল খায় আবু তাকে সাহায্য করে। তবু ভালো। আবু দুবেলা খেতে পায়। কিন্তু কাজের জন্য তার বিশ্রামের কোনো সুযোগ নেই। রাতে সবার পরে ঘুমালেও জাগতে হয় সবার আগে।
পিয়াল বড় হয়েছে। এখন ক্লাস সেভেনে পড়ে। আবু তার সঙ্গে থাকতে পেরে মনে মনে খুশি। কারণ পিয়ালের সব পড়া সে আড়ালে থেকে পড়ার চেষ্টা করে। স্কুল ছুটির পর পিয়াল মাঠে খেলতে গেলে আবুকে এক জায়গায় দাঁড়িয়ে বসে সময় কাটাতে হয়। এ সময় সে পিয়ালের বইগুলো উল্টেপাল্টে দেখে। পিয়াল বন্ধুদের সঙ্গে কত হাসি-উল্লাস করে, আনন্দ করে। আবু সেসব দেখে আর মাঝেমধ্যে মনখারাপ করে। তার গ্রামের কথা মনে পড়ে। স্কুলের কথা মনে পড়ে।
কয়েক বছরে আবুর সঙ্গে বন্ধুত্ব হয় পিয়ালদের বাসার আশপাশের অন্য বাসার কাজের ছেলেদের সঙ্গে। এরমধ্যে মানিক আর ফারুকের সঙ্গে গভীর বন্ধুত্ব। সবাই আবুর মতো দুখি ঘরের সন্তান। তাই তাদের সবার ভাবনাচিন্তাও এক হয়ে যায়। মানিকেরও বাবা নেই। আবার ফারুকের মা নেই। তারা সময় সুযোগ পেলে নিজেদের দুঃখগুলোকে শেয়ার করে। আবু তাদের পড়তে বলে। কখনও কখনও আবু তাদের বাল্যশিক্ষা বইটা পড়াতে চেষ্টা করে। ফারুক বলে, আমাগো লেখাপড়া কইরা আর কী হবে আবু ভাই! পরের কাজ করে যেতে হবে। আবু তার বাবার কথাগুলো তাদের কাছে তুলে ধরে।
ঈদের আর মাত্র কদিন বাকি। চারদিকে খুশির রেশ ছড়িয়ে পড়েছে। মা আবুকে নিয়ে মার্কেটে যায়। ভাইবোনের জন্য কাপড় কেনে। আরও এটা সেটা কত কী। কতদিন পর একসঙ্গে সব ভাইবোন নিয়ে ঈদ হবে। আবু যেন আকাশের তারা হয়ে জ্বলজ্বল করছে খুশিতে। মা আবুর জন্য সার্ট প্যান্ট কিনতে চায় । আবু পছন্দ করতে পারে না। সে মনে মনে বাবার কাছে বায়না রাখা স্কুলের সবুজ ড্রেস আর হলুদ সার্ট খোঁজে। চোখে পড়ে না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে মা বিরক্ত হয়। আবু তার মনের কথা বলতে চায় না। তার চোখে ভাসে শুধু সে সবুজ ড্রেস পড়ে স্কুলে যাচ্ছে। তাকে অনেক বড় হতে হবে।
