২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভৌতিক গল্প কথার কথা

বোবা মেয়েটিকে নিয়ে আরিফ সাহেব আর তার স্ত্রী রোমেনা বেগম ভালোই ছিলেন। মনে একটা কষ্ট ছিলো ঠিকই কিন্তু মেয়েটাই কোনো কষ্ট মনে আনতে দিতো না তাদের। সবসময় কাছে কাছে পায়ে পায়ে ঘুরতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আফরোজা অদিতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2014, 07:28 PM

Updated : 13 Oct 2022, 12:22 PM

মন খারাপ করে চুপচাপ থাকতো, কখনও বা বারান্দায় দাঁড়িয়ে থাকতো ওরা, ঠিক এসে হাজির হয়েছে মেয়ে। এটা ওটা বায়না। খিল খিল হাসির ঝরনা বইয়ে দিয়ে তবেই যেন ওর ছুটি।

মেয়েটা বোবা হলেও সহজেই সবার কথা বুঝতে পারে আবার বুঝাতেও পারে। দেখতে খুব সুন্দর আর সবচেয়ে সুন্দর সুনীল ওই চোখ। ওই চোখই সবাইকে কাছে টানে। সেখানে তাকালেই ও কী বলতে চায় সহজেই বোঝা যায়। কাকচক্ষু-জল, নদীর গভীরতা ওখানে। আর ওই চোখ দিয়েই যেন ও সকলের ভেতরটা দেখতে পায়।

অনেক আদরের মেয়ে ওদের। বাবা-মা শখ করে নাম দিয়েছিলো কথা। ভেবেছিলো ওর কথা আর কাকলিতে এই বাড়িটা মুখরিত হয়ে উঠবে। মাঝে মাঝে তাই মা ভাবে কেন যে ওই নামটা রাখতে গিয়েছিলো। মুরব্বিরা বলেন, নামের নাকি একটা বরকত আছে। তাই যদি হবে তবে কথার তো অজস্র কথা বলা উচিত। কিন্তু হয়েছে বিপরীত। মেয়েটা কথা বলতে পারে না। মার চোখ ভিজে যায়।

কখনও কখনও মনে হয় কোন অন্যায়, কোন পাপ তিনি করেছেন যার ফলে এই কষ্ট পাচ্ছেন? অনেক ডাক্তার দেখানো হয়েছে কোনো ফল হয় নি। এখনও দেখাচ্ছেন, বাবা-মায়ের মন স্নেহপ্রবণ।  মায়ের মনের আশা, মেয়েটার কথার চাপে মাঝে মাঝে অস্থির হয়ে ওকে বকুনি দেবেন। কখনও  মেয়েটার  কথায় দিন পার করে দেবেন তারা। কিন্তু কী  দিয়ে কী যে হয়ে গেল কিছুই বুঝতে পারেন না তিনি। মায়ের দীর্ঘশ্বাস, তবুও স্বস্তি, ওই একটা ত্রুটি ছাড়া  মেয়েটা সব বিষয়ে তো পটু, সদা প্রফুল্ল, সর্বদা চঞ্চল। হাস্যময়ী। ওর বয়স বারো।

বোবা স্কুলে ক্লাস টু-তে পড়ে। ওখানে ওকে কথাও শেখানো হয়। টাইফয়েড হওয়ার আগে আধো আধো ভাষায় আব্বা, আম্মা, দাদা বলতে পারতো। অনেক কথা বলতে চাইতো। টাইফয়েড হওয়ার পর আর কোনো কথাই বলতে পারে না। কিন্তু কানে শুনতে পায়। বাবা ভাবে, শুনতে যদি পায় তবে কথা বলতে পারে না কেন ? ডাক্তারও এর কোনো উত্তর দিতে পারে না। দিন ভালোই যাচ্ছিল ওদের। তবে ইদানিং কিছু জটিলতা দেখা দিয়েছে কথাকে নিয়ে। সদা প্রফুল্ল মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে গেছে। সব সময় বিক্ষিপ্ত থাকে, থাকে আনমনা। ওর দাদু এখানে আসার পর থেকেই এটা হয়েছে। যে কয়দিন ওর দাদু এখানে ছিল সে কয়দিন দাদুর কাছ থেকে ওকে নড়ানো যায় নি। এখন শুধু মাঝে মাঝে দাদুর দেওয়া খেলনাগুলো সামনে নিয়ে নাড়াচাড়া করে আর খিলখিল করে হাসে। কখনও বিড় বিড় করে।

আফ্রিকা ফেরত দাদু ওকে একটা বাড়ি আর পাঁচটা পুতুল দিয়েছে। সেই পুতুলগুলোকে নাওয়ায় খাওয়ায় কাপড় চোপড় পরায় তারপর কখনও শুইয়ে রাখে। এই সময় কেউ যদি কোনো কথা বলে, খুব রাগ করে মেয়েটা। জিনিসপত্র ভাঙচুর করে। অথচ ওই মেয়ে কখনও কোনো জিনিস ভাঙতো না। এই তো কয়েকদিন আগে কাজের মেয়েটা একটা কাচের জগ টেবিলের কিনারায় রাখার পর ওই দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওর হাত লেগে জগটা পড়ে ভেঙে যাওয়ায় সে কি কান্না। আদর করেও কান্না থামানো যায় না।

এই দুইদিন আগের কথা। কথাকে খাওয়ার জন্য ডাকতে গেলে, আসলো না। বরং এতো শখের ফুলদানি, যেটা  আরিফ সাহেব জাপান থেকে এনেছিলেন, ভেঙে ফেলল। এই বিক্ষিপ্ততা ওদের বড়ো চিন্তায় ফেলেছে। সেদিন রাতে আরিফ সাহেব একটা বই পড়ছিলেন, রোমেনা বেগম, হাতের কাজ শেষ করে মেয়ের কথা তোলেন।

        কী করা যায় বলো তো?

কেন, কী হয়েছে ?

এমন কেন হল, ওমন সুন্দর মেয়েটা আমাদের দিন দিন কেমন  হয়ে যাচ্ছে। কী একটা খেলনা পেয়েছে তাই নিয়ে রাত-দিন নাওয়া-খাওয়া নেই, ওটা নিয়েই আছে। তাছাড়া বাবাকেও...

এইটুকু বলেই রোমেনা তাকায় স্বামীর মুখের দিকে, ভাবতে চেষ্টা করে কথাগুলো স্বামী কিভাবে নেবে।

কী হলো বলো। বাবা কি?

না, কিছু না। তুমি ঘুমাও। বলতে চেয়েও রোমেনা বেগম কিছু বলেন না।

সেদিনের মতো আর কোনো কথা হয় না। তবে রোমেনা বেগম যদি সেদিন সব কথা বলতেন তাহলে হয়তো অঘটন ঘটতো না।

বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছেন আরিফ সাহেব। আরিফ সাহেব আর রোমেনা বেগমের ঘরের সঙ্গেই কথার ঘর।  খুব সুন্দর করে খেলবার উপকরণ দিয়ে বিদেশী স্টাইলে সাজিয়ে দিয়েছেন ঘরটা। প্রায় ১০ বছর শ্বশুর আফ্রিকা হতে এদেশে আসেন নি, তার কোনো খবরাখবর ছিলো না। সবার ধারণা ছিলো তিনি মারা গেছেন। কিন্তু হঠাৎ করেই উপস্থিত হয়েছেন। এখানে আছেন প্রায় একমাস। দাদু আসার আগে আরিফ সাহেব মা, স্ত্রী এবং মেয়েকে নিয়েই থাকতেন। একবোন, কমলা তার বিয়ে হয়ে গেছে, থাকে কুমিল্লা। ঈদ-পরবে আসে বছরে দুই-একবার। কোনোবার তাও আসে না। তারও দুই ছেলে, এক মেয়ে নিয়ে জমজমাট সংসার। চিঠিপত্রও  বেশি লেখে না।

কথা তো কখনও ওর দাদির কাছে শুতে চায় না। দাদিও সবসময় নামাজ কালাম নিয়ে থাকে তাই কথাকে বেশি কাছেও  নেন না। দাদি, নাতনির মধ্যে একটা দূরত্ব বরাবর থেকেই গেছে, তাছাড়া বোবা বলে মাও কাছ ছাড়া করেন না।  কিন্তু দাদু আসার পর কথার দাদুর সঙ্গে থাকাটা আরিফ সাহেবকেও একটু চিন্তায় ফেলেছে।  যে মেয়ে নিজের ঘর ছাড়া ঘুমায় না কখনও সে থাকে তার দাদুর ঘরে। কেন থাকে ? চিন্তাটা বেশিদূর এগোয়  না। আরিফ সাহেব ঘুমিয়ে পড়ে।

দুই দিন পর। রোমেনা বেগম রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করছিলেন। এমন সময়  দেখেন শাশুড়ি তার কাছে এসে দাঁড়িয়েছে। শাশুড়ি তো সচরাচর রান্নাঘরে আসেন না তাকে আসতে দেখে বলে-কিছু বলবেন মা?

তেমন কিছুই না বউমা।

বলুন মা, অসুবিধা নেই। তেলের কড়াইয়ে মাছ ছাড়তে ছাড়তে বলে রোমেনা। ইলিশমাছ ভাজা খেতে কথা খুব পছন্দ করে।

বউমা, কথাকে তুমি তোমার কাছে রাখতে পারো না।                           

কেন মা, ও কি বিরক্ত করছে? অবাক কণ্ঠ কিন্তু ভেতরে একটা স্বস্তি পায়। যা নিজে থেকে বলতে পারছিলেন না তাই যখন শাশুড়ি কললেন তখন মনে মনে একটু খুশিই হলেন।

কথার দাদি আর দাঁড়ান না। রোমেনা বেগম, মনে মনে খুশি হলেও শাশুড়ির যাওয়াার দিকে চেয়ে কেমন খটকা লাগে, হাতের কাজ বন্ধ রেখে শাশুড়ির যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে।

রাতে রোমেনা বেগম, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে বড়ো বিব্রত হয়। এ-ঘরে কিছুতেই আসবে না। থাকবে না এ-ঘরে। প্রায় আধাঘণ্টা পর খিলখিল হাসিতে ভেঙে পড়ে তারপর ঘুমিয়ে যায়। আরিফ সাহেবকে কথাগুলি না বলে পারেন না রোমেনা বেগম। সকালে শাশুড়ির বলা কথাগুলোও বলেন তিনি।  রোমেনা বেগম বলেন,  আমার মনে হয়, মা যেন কিছু একটা গোপন করছেন।

তোমার এই কথা মনে হবার কারণ?

আমি ব্যাখ্যা দিতে পারবো না তবে আমার কেন যেন মনে হয়।

এক সপ্তাহ কোনো ঘটনা ছাড়াই কেটে যায়। এক সপ্তাহ পর কি কারণে শ্বশুর-শাশুড়ির ঘরের পাশ দিয়ে যাবার সময় শাশুড়ির উত্তেজিত কণ্ঠস্বরে কৌতূহলী রোমেনা বেগম একটু দাঁড়ায়। শাশুড়ির কণ্ঠস্বর,Ñ না কিছুতেই না। ওই টুকু মেয়ের সর্বনাশ আমি কিছুতেই করতে দেব না। কিছুতেই না। ওই টুকু এক মেয়ে! তাছাড়া, ও আমাদের নাতনি!

খবরদার বলছি! আমার কাজে বাধা দিলে, তোকেই মেরে ফেলব, শ্বশুরের হিসহিস কণ্ঠ।

মেরে ফেল আর যাই করো। এ আমি কখনও হতে দেবো না। শাশুড়ি কান্নাজড়ানো কণ্ঠে আরও কতো কথা বললেন, রোমেনা বুঝতে পারলেন না।

রোমেনা বেগমের আর একটু দাঁড়াবার ইচ্ছা ছিলো। কিন্তু আরিফ সাহেবের ডাকাডাকিতে দাঁড়াতে পারলেন না,  বেশী কিছু আর শুনতেও পেলেন  না।

সারাদিনের কর্মব্যস্ততায় বেশ গাঢ় ঘুমই বলতে হবে। দিন দুই মেয়েটা  আবার নিজের ঘরেই শুচ্ছে। একটা শব্দে ঘুম ভেঙে গেল রোমেনা বেগমের। ঘুম ভাঙার পর বুঝতে পারলেন না শব্দটা কোথায় হলো। কয়েক সেকেন্ড, তারপর মনে হলো ঘরের আলো নেভানো কেন? ঘরে সবসময়ই ডিমলাইট জ্বালিয়ে ঘুমানো রোমেনা বেগমের অভ্যাস। তাড়াতাড়ি উঠে আলো জ্বালে। বিছানায় নেই মেয়ে। দরজা হাট করে খোলা। তাড়াতাড়ি আরিফ সাহেবকে ডেকে তোলে। বাইরে এসে দেখে শ্বশুরের ঘরে খিলখিল করে হাসছে কথা। হেসে হেসে যেন ভেঙে পড়ছে কাচের টুকরার মতো। আরিফ সাহেব দৌড়ে গিয়ে মেয়েকে ধরতে মেয়ে বাবার কোলে অজ্ঞান হয়ে পড়ে। বাবাকে জিজ্ঞেস করে কোনো জবাব পান না আরিফ সাহেব। মেয়েকে নিয়ে বাকি রাত নির্ঘুম কাটায় আরিফ সাহেব ও  রোমেনা বেগম।

পরদিন সকাল। বাবা-মা দুইজনেই মেয়েকে জিজ্ঞেস করে রাতের কথা। কিন্তুুু কথা কিছুই বলে না। আর দেরি করা ঠিক নয়, ওরা ভাবে কথাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কথা বোবা, দাদুকে ও পছন্দ করে, মনে মনে প্রচুর কথা বলা যায় দাদুর সঙ্গে। ও তাই দাদুর কাছ ছাড়া হতে চায় না। কিন্তু কথা ওর ছোট মনে আদৌ বুঝতে পারে না ওর দাদু ওকে দিয়ে কি করাতে চায়।

কথার দাদু কথাকে যে বাড়িটা উপহার দিয়েছে, বাড়িটার নমুনা ঠিক ওরা যে বাড়িটাতে থাকে ওটার মতো। বাড়িটার সাথে পুতুলগুলো দিয়ে বলেছে, একটা বাবা পুতুল একটা মা পুতুল, একটা দাদু. একটা দাদি ও একটা নাতনি।

পুতুলের সংখ্যা মোট পাঁচটি। এরাও পাঁচজন।

সেদিন রোববার। দাদা-দাদির রাগারাগি করার দিন কয়েক পর, আরিফ সাহেব ও রোমেনা  বেগম, কথাকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে। কিন্তু কথাকে কাপড় পরাতে গিয়েই যতো বিভ্রাট। কিছুতেই কাপড় পরলো না আর ওদের সাথে গেলোও না। ওকে রেখেই চলে যান ডাক্তার ইসলাম সাহেবের কাছে। ডাক্তার ইসলামই বরাবর ওকে দেখছে। প্রথম তাই ওরা তার কাছে যাওয়াই স্থির করেন তারা।

ডাক্তার অনেক প্রশ্ন জিজ্ঞেস করে তারপর অন্য এক সাইক্রিয়াটিস্ট-এর কাছে রেফার করে দেন। আরিফ সাহেব আর রোমেনা বেগমের  ব্যাকুল প্রশ্নে কিছুই বললেন না, শুধু জানালেন, ভালো হয়ে যাবে। ওখান থেকে বের হয়ে ওরা নতুন ডাক্তারের এপয়েন্টমেন্ট করে নিউমার্কেট যায় কিছু কেনাকাটার জন্য।

এদিকে কথা, ঘরে বসে কথা বলছে ওর দাদুর সঙ্গে। দাদু বলছে, তুমি না যেয়ে ভালোই করেছো, কথামণি।

হ্যাঁ আমি তোমার কাছে থাকবো।

আমার কাছে? থাকবে দাদু থাকবে। কেন থাকবে না। শুধু তুমি আর আমি আর কেউ  না।

কখন দাদু? কথা ব্যাকুল হয়ে ওঠে। ও আবারও বলেÑ‘ওরা তোমার কাছে থাকতে দেয় ন্’া।

দেবে, দেবে, সবাই দেবে। তার আগে কিছু কাজ করতে হবে তোমাকে।

কাজ!

হ্যাঁ, কথামণি কাজ। আজকে এই মুহূর্তে এক কাজ কর।

এখন কী কাজ দাদু? তুমি যা বলবে তাই করবো।

দাদি পুতুলটা ভালো না। ওটাকে আছাড় দিয়ে ভেঙে ফেল।

কথা পুতুলটাকে আছাড় দিয়েছে। এদিক ওদিক ছড়িয়ে গেছে ভাঙা পুতুলের টুকরোগুলো। ওদিকে কথার দাদি সিঁড়ি দিয়ে নামার সময় কী জানি কেমন করে পা পিছলে পড়ে গেছে সিঁড়ির গোড়ায়। ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। এসময়ই আরিফ সাহেব ও রোমেনা বাড়ি ফিরে আসে। হাসপাতালে নিয়ে যায় তাকে। এই হট্টগোলের মধ্যে ‘কথা’র কথা ওদের মনে হয় নি। হাসপাতাল পৌঁছে কথার কথা মনে হতে রোমেনা  বেগম চলে আসেন, দেখেন ওর খেলনা বাড়িটার কাছে বসে কাঁদছে কথা অঝোর ধারায়।

কী হয়েছে মা? রোমেনা কথাকে বুকে নিয়ে জিজ্ঞাসা করে। কথা কাঁদতে কাঁদতে ভাঙা পুতুল দেখায়।

এদিকে কথাকে আর ডাক্তারের কাছে নেয়া হয় না। শাশুড়ির জন্য বাড়ি-হাসপাতাল, হাসপাতাল-বাড়ি করতে করতে কোথা দিয়ে যে দিন চলে যায় ওরা টেরই পায় নি। সাতদিনের দিন দাদি মারা যায়। ডাক্তার অবশ্য বলেছিল বাঁচবে না। কিন্তু দাদির জ্ঞান ছিল। মারা যখন যায় তখন রোমেনা বেগম বসেছিলেন পাশে। কিছু বলতে চেয়েছিলেন কিন্তু রোমেনা বেগম বুঝতে পারে নি তার সময় আর বেশী নেই। তাই তিনি তাকে ‘কথা বলবেন না, মা’ বলে থামিয়ে দিয়েছেন। তবুও দাদি সে কথায় কান না দিয়ে বলেছেন,

আমি তো আর বাঁচবো না।

ও কথা বলবেন না মা, ডাক্তার বলেছে ভালো হয়ে যাবেন।

ডাক্তারের বিদ্যা এখানে ফলবে না মা, তবে সাবধান থেকো, কথাকে আগলে রেখো। আর ওই যে খেলনা বাড়িটা ওটা অন্য কোথাও তুলে রেখো, না হয় ফেলে দিও।

সে দেখা যাবে মা। আপনি আর কথা বলবেন না মা।

না মা, শুধু শুধু বলছি না। কথার দাদু... বা...ড়ি...আ...দাদি মারা গেলো।

কুলখানির দিন রাতে কাজ শেষ করে রোমেনা বেগম ও আরিফ সাহেব বসে আছে বারান্দায়। একটু দূরে বারান্দার রেলিঙে হেলান দিয়ে কথা আনমনা চুপচাপ। কী দেখছে তা ও জানে। কী ভাবে? তা তো কেউ জানে না।

ইদানিং তো কাউকে কিছু বলে না। ওর দিকে তাকালে দু’চোখের কোন ভিজে যায় মায়ে র। বাবা-মায়ের দীর্ঘশ্বাসে বাতাস ভারি হয়।

আসবো, কথার দাদু ও ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ায়।

বসুন বাবা, কিছু বলবেন? আরিফ সাহেবের প্রশ্নে কথার দাদু বলেÑকালকে আমি চলে যাবো।

কালকেই যাবেন?

ছেলের প্রশ্নের উত্তর না দিয়ে চলে যান কথার দাদু। কথা, দাদুর সঙ্গে যেতে চায় কিন্তু দাদু সেদিকে খেয়ালও করে না। আরিফ সাহেব ও রোমেনা বেগম, দাদুর আচরণে বিস্মিত হয়।  কথাকে নিয়ে ঘরে চলে যায় ওরা। বাবার সঙ্গে অতো বেশি আন্তরিকতা কখনও গড়ে ওঠে নি আরিফ সাহেবের। আরিফ সাহেবের ছোটবেলার স্মৃতিও অতো মধুময় নয়। তিক্ততায় ভরা। আফ্রিকায় যাবার পর তো কোনো খোঁজ খবর করেন নি তার বাবা। নিজের চেষ্টা আর মায়ের সাহায্যে লেখাপড়া করেছে, তারপর এই ব্যবসা করছে।

তার দশ বছর বয়সে বাবা চলে গিয়েছিলো, আর এই এসেছে। আরিফ সাহেব, তার বাবাকে কোনো প্রশ্ন করে নি। সাহস হয় নি। ছোটবেলার কথা মনে পড়েছে। বাবা খুব রাগী ছিলেন। কিছু হলে চাবুক দিয়ে পেটাতেন তিনি। ওটা বাবার ঘরে ঝুলানো থাকতো। মা, কিংবা তিনি কেউ-ই রেহাই  পেতেন না সেই চাবুক থেকে।

দাদু যাবার এক সপ্তাহ পর একদিন রাতে ঘুম ভেঙে যায় কথার। 

দাদু কেমন আছো? ঘুম জড়ানো চোখে কথা বলে ও।

ভালো। এখন কোনো কথা নয় কাজ করো। তোমার বাড়িটা নাও।

মা যে কোথায় রেখেছে, খুঁজে পাচ্ছি না। কথা ভয়ে ভয়ে বলে।

কোথায় রেখেছে, খুঁজে পাচ্ছো না তার মানে কী? রাগান্বিত কণ্ঠস্বর, আরও  ভয় পেয়ে যায় কথা। মায়ের কাছে যেতে চায়।

কোথাও যাবে না। বাড়িটা খুঁজে বের করো।

আচ্ছা, কোনোমতে তিনবার ঢোক গিলে বলে কথা।

দাদুকে সে রাগ করতে দেখে নি। কিন্তু আজ যে এতো রাগ করছে কেন বুঝতে পারলো না কথা। বাড়িটা খুঁজে এনে বসে আবার।  আধঘণ্টা পর আবার দাদুর কণ্ঠ,

পেয়েছো?

জ্বি দাদু।

বাড়ির ভেতর বাবা পুতুল আর মা পুতুল শোয়াও। শুইয়েছো ?

হ্যাঁ। এবার নাতনি পুতুল আর দাদু পুতুল হাতে নাও। নিয়েছো ? এবার বাড়িটাতে আগুন দাও ।

কথা দিয়াশলাই খুঁজে আগুন জ্বালে।

আগুনের ধোঁয়ায় তাপে দিশেহারা হয়ে যায় কথা।  আগুন লাগানোর পর  সম্বিত ফিরে পায় ও। কী করবে বুঝে পায় না কিছুই। দাদুকে ডাকে সাড়া পায় না। অবসন্ন কথা বসে পড়ে খাটের ওপর। কী করবে কিছুই ভেবে না পেয়ে দৌঁড়ে গিয়ে বাবাকে ডাকে একবার, একবার ডাকে মাকে। কিন্তু কেউই সাড়া দেয় না ওর ডাকে। ও তখন ঘরের ভেতর পায়চারী করে। এমন সময় ধোঁয়ার মধ্য থেকে দাদির কণ্ঠস্বর শুনতে পায়। দাদি বলছেÑ‘কথা সোনা আমার শীগগীর বাবা পুতুল, মা পুতুল হাতে করে ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়াও।’-তারপর শব্দটা মিলিয়ে যায়।

কথা তাড়াহুড়ো করছে। ঘর আগুনে ছেয়ে গেছে, দরোজাটায় আগুন ছুঁই ছুঁই করছে। কথা, পুতুল নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে দাদু পুতুলটা কখন হাত থেকে পড়ে গেছে কথা টের পায়নি। ওদিকে কথা বাবা পুতুল, মা পুতুল হাতে তোলার সাথে সাথেই বাবা মার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই চিৎকার ‘আগুন, আগুন। কথা কোথায়, কথা,কথা বলতে বলতে মা বাবা দুইজনেই ছোটে কথার বিছানার কাছে। ওখানে নেই কথা। ওরা বাইরে এসে দেখে উঠানে দাঁড়িয়ে আছে কথা। দৌঁড়ে এসে কথাকে কোলে নেন  রোমেনা বেগম। রাস্তায় এসে দাঁড়ায়।

বাড়িটা পুড়ে ছাই হয়ে যায় দমকলবাহিনীকে খবর দেবার আগেই। আশে পাশের সবার জিজ্ঞাসা, ‘কেমন করে হলো’ ? কিন্তু কে বলবে। যে জানে সে তো কথা বলতে পারে না। তবুও হাত পা নেড়ে যা বোঝালো তা কেউ বিশ্বাস করতে পারলো না। ভুতুড়ে কান্ড বলে কেউ বিশ্বাস করেছে, কেউবা মুচকি হেসেছে। কিন্তু কথা আজ কারও সাথে রাগ করছে না। ওর মাকে শুধু হাতের তিনটি পুতুল দেখায় আর ইশারায় আরেকটা আগুনের মধ্যে আছে বলে জানায়। আনতে পারেনি তাড়াহুড়োয় পড়ে গেছে।

পরদিন দৈনিক বার্তায় বড়ো বড়ো হেডিং-এ আরিফ সাহেবের বাড়ি পোড়ার খবর বের হয়। বাড়ি পোড়ার সঙ্গে আরও একটা খবর ছিল সেদিনের কাগজে। হোটেল নীলিমার একটি কক্ষে গ্যাস স্টোভ বার্স্ট হয়ে একটা অজ্ঞাত কূলশীল ব্যক্তির পুড়ে মরার খবর। তাকে চেনার উপায় নেই। হোটেল রেজিস্টার হতে শুধু তার নামটা জানা গেছে। তার নাম জনাব ইফতেখার আরিফ, বয়স সত্তর। খবরটা পড়ে আরিফ সাহেবের চোখের কোনটা ভিজে যায়।