২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কী দেখবে কী পড়বে? আবোল তাবোল

হাঁসজারু, বকচ্ছপ, গিরগিটিয়া, হাতিমি, বিছাগল-- কি? চেনা চেনা লাগছে? আচ্ছা, দাঁড়াও, তোমাদেরকে ছড়াটার প্রথম দুইটি লাইন শুনিয়ে দেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>> নাবীল আল জাহান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2014, 03:27 PM

Updated : 01 Sep 2026, 12:51 PM

বই : আবোল তাবোল

লেখক : সুকুমার রায়

ধরণ : ছড়া

ভাষা : বাংলা

প্রকাশক : নির্মল বুক এজেন্সি

পৃষ্ঠা : ৪০

কাহিনী সংক্ষেপ :

হাঁসজারু, বকচ্ছপ, গিরগিটিয়া, হাতিমি, বিছাগল-- কি? চেনা চেনা লাগছে? আচ্ছা, দাঁড়াও, তোমাদেরকে ছড়াটার প্রথম দুইটি লাইন শুনিয়ে দেই।

হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না),

হয়ে গেল “হাঁসজারু” কেমনে তা জানি না

নিশ্চয়ই সবাই এর মধ্যে বুঝে ফেলেছ! হ্যাঁ, এগুলো তোমাদের প্রিয় সুকুমার রায়ের অমর সৃষ্টি। আর এই কথা তিনি আমাদের প্রথম শোনান ‘খিচুড়ি’ নামের এই ছড়াটিতে। ছড়াটি তার ‘আবোল তাবোল’ বইয়ের প্রথম ছড়া। বইটিতে এই ছড়াটির মতোই আরো অনেকগুলো মজার ছড়া আছে। এই যেমন ‘কাঠবুড়ো’ ছড়াটির কথাই ধরো। ছড়াটির প্রথমেই বুড়োর বর্ণনা শুনে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। পড়েই দেখো না-

হাঁড়ি নিয়ে দাড়িমুখো কে যেন কে বৃদ্ধ,

রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ।

শুধু কাঠ চেটেই ক্ষান্ত নয় বুড়ো, কাঠে কেন গর্ত হয় তাই নিয়ে ভেবে ভেবে তার ‘টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম’।

গোঁফচুরি নামে আবার এক ছড়া রয়েছে। সেখানে হেড অফিসের বড় বাবুটির মাথায় হঠাৎ যে কী সমস্যা দেখা দিল, ক্ষেপে গেলেন সবার উপরে। ক্ষেপে গেলেন কেন জানো? বলে কিনা, ‘ওরে আমার গোঁফ গিয়েছে চুরি’! যতোই সবাই বোঝাতে যায় গোঁফ তার ঠিকই আছে, এক রত্তিও কমেনি, বড় বাবু তাতে আরো ক্ষেপে ওঠেন। সামনে আয়না ধরলে নিজের গোঁফ দেখে তেলে বেগুনে জ্বলে তেড়ে উঠে বলেন,

নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা,

এমন গোঁফ ত রাখত জানি শ্যামবাবুদের গয়লা।

তবেই বোঝো, কেমন ক্ষ্যাপা ক্ষেপেছেন সেই বড় বাবু। আরেক মজার ছড়া ‘শব্দ কল্প দ্রুম’। সে এমনই এক আজব দেশের ছড়া যে আর কী বলবো। একটু শুনোই না-

ঠাস ঠাস দ্রুম দ্রুম, শুনে লাগে খটকা-

ফুল ফোটে? তাই বল আমি ভাবি পটকা

আবার ধরো ‘বোম্বাগড়ের রাজা’র কথা। বোম্বাগড়ের রাজা কি করেন জানো? সবসময় ছবির ফ্রেমে বাধিয়ে রাখেন আমসত্ত্ব ভাজা! মন্ত্রী তো আরো এককাঠি উপরে, সে রাজার কোলে বসে সারাদিন মহানন্দে কলসী বাজায়!

আবার ‘কি মুশকিল’ ছড়াতে এক আজব সমস্যার কথা বলেছেন সুকুমার রায়। সেখানে এক লোকের কাছে আছে এমন এক কেতাব, তাতে দুনিয়ার সব খবরই আছে। তাও কিন্তু তার সমস্যা থেকেই গেছে। কেন?

সব লিখেছে, কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায়-

পাগলা ষাঁড়ে করলে তাড়া কেমন করে ঠেকাব তায়!

আবার একুশে আইন ছড়ার রাজ্যের আজব কাহিনী শোন, সেখানে কি সর্বনেশে সব আইন!

শিবঠাকুরের আপন দেশে,

আইন কানুন সর্বনেশে

কেউ যদি যায় পিছলে পড়ে

প্যায়দা এসে পাকড়ে ধরে,

কাজির কাছে হয় বিচার-

একুশ টাকা দ- তার॥

সে দেশের আরেকটা আইন শোনো-

সেথায় সন্ধে ছটার আগে,

হাঁচতে হলে টিকিট লাগে-

হাঁচলে পরে বিন টিকিটে-

দমদমাদম লাগায় পিঠে,

কোটাল এসে নস্যি ঝাড়ে-

একুশ দফা হাঁচিয়ে মারে॥

হুঁকোমুখো হ্যাংলাকে চেন। শুনবে তার কথা? তবে শোন-

থপথপ পায়ে সে নাচত সে আয়েসে,

গাল ভরা ছিল তার ফূর্তি,

গাইত সে সারাদিন সারে গামা টিমটিম,

আহ্লাদে গদগদ মূর্তি!

কিন্তু একদিন কি যে হলো, তার থপথপ পায়ের নাচ থেমে গেল, গানও গেল থেমে। কি হল বলতে পার? সে এক ভীষণ চিন্তায় পড়ে গেছে। তার ল্যাজ আবার দুটো। ডানে যদি কোনো মাছি বসে, ডান ল্যাজ দিয়ে চটাশ করে মেরে ফেলে। বামে বসলেও নিস্তার নাই, বাম ল্যাজের কাছে সেও কুপোকাত। কিন্তু-

যদি দেখি কোন পাজি বসে ঠিক মাঝামাঝি

কি যে করি ভেবে নাহি পাইরে-

ভেবে দেখি একি দায়, কোন ল্যাজে মারি তায়

দুটি বই ল্যাজ মোর নাই রে!

আরেক আজব জন্তু রামগড়–রের ছানা। তার নাকি হাসি নিষেধ। হাসির কথা শুনলেই বলে- ‘হাসব না-না, না-না’। সারাদিন খালি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকায়, যদি কেউ হেসে ওঠে! বনেও যায় না কখনো, যদি দখিন হাওয়ার সুড়সুড়িতে হেসে দেয়!

এমনি আরেক কিম্ভূতকিমাকার জীব ট্যাঁশ গরু। সে কিন্তু আসলে কোনো গরুই নয়, সে আসলে পাখি। থাকে কোথায় জানো? হারুদের আফিসে। ঢুলুঢুলু চোখ, মস্ত একখানা মুখ, টেরিকাটা ফিটফাট চুল, তিন-বাঁকা শিং, প্যাঁচান লেজ, আর যদি একবার ছুঁয়ে দাও, সে যে কি একখানা চ্যাঁচানি জুড়ে দেবে, সে আর কী বলবো! আবার যদি ধমক দাও, ল্যাগব্যাগ চমকিয়ে তক্ষুণি পড়ে যাবে! আর সে কি খায় জানো? সাবানের স্যুপ আর মোমবাতি!

এই যাঃ, তোমাদেরকে তো সব ছড়ার কথাই বলে দিচ্ছি! আচ্ছা, আর একটা ছড়া খানিকটা শুধু শোনাব। এই ছড়াটা অবশ্য তোমরা সবাই-ই শুনেছ-

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না-

সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না।

মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,

তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!

মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না-

জানোনা মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?

ভালো কথা, তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি। তোমাদের জন্য সুকুমার রায় কিন্তু শুধু ছড়া লিখেই ক্ষান্ত দেননি, প্রত্যেকটা ছড়ার সঙ্গে জুতসই ছবিও এঁকে দিয়েছেন। তবেই চিন্তা করো, হাঁসজারু আর গিরগিটিয়া, কাঠবুড়ো আর গোঁফ হারানো বড় বাবু, কি হুঁকোমুখো হ্যাংলা আর ট্যাঁশ গরুর ছড়া পড়তে পড়তে ওদের ওই ছবি দেখে তোমার কী অবস্থা হবে! তবে সাবধান, বইটা পড়ার আগে আশেপাশে ভালো করে দেখে নিও কোনো রামগড়–রের ছানা আছে কিনা। থাকলে কিন্তু কষ্টে ছানাটি মারাই পড়বে!