২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়ি

বিন্তিদের সরকারি কলোনিতে অনেক মানুষ। তাই ওর বন্ধুও অনেক। পিংকি, পল্টু , ঝুমা , তিন্নি, নাবিল .......। ওদের সাথে রোজ বিকেলে খেলে বিন্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেবেকা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 03:35 PM

Updated : 13 Oct 2022, 12:22 PM

আর দুদিন পর বিন্তির জন্মদিন। মা বলেছেন, এবার ছোট করে অনুষ্ঠান হবে। শুধু কলোনির কিছু বাচ্চাকে দাওয়াত করা হলো। প্রতি বছরতো বড় করেই হয়।

সেদিন বিকেলে বিন্তি সবার সাথে খেলায় মেতে উঠল। সবাই মিলে লুকোচুরি খেলল। তারপর হাত ধরাধরি করে গোল হয়ে গান গাইল।

হঠাৎ বিন্তি পড়ে গেল। ওর হাঁটু ছুলে গেল। ভীষণ রেগে গেল বিন্তি। মুখ বাঁকিয়ে বলল ,''তোমাদের সবার সাথে আড়ি!''

''বিন্তিটা কথায় কথায় আড়ি নেয়'' তিন্নি বলে উঠল।

''মা বলেছে , আড়ি নেয়া ভালো নয়'' পিংকি ফিসফিসিয়ে বলল।

পল্টুটা বলল , ''আমি কখনই আড়ি নেই না।'' বিন্তি আরো রেগে গিয়ে বলল, ''ঠিক আছে, আমি এমনই। তোমাদের সাথে জন্মের আড়ি। কখনও আর কথা বলব না।'' এই বলে কড়ে আঙুলটা দেখিয়ে ও চলে গেল। পরদিন তুমুল বিষ্টি। কেউ খেলতে গেল না। বাসায় সবার বিকেল কাটল। তার পরদিন সুন্দর রোদ উঠল। আজ বিন্তির জন্মদিন। আজ বিন্তিদের বাসায় অনেক মজার খাবার রান্না হয়েছে। সব ওর প্রিয় খাবার। বাবা বড় একটা কেক এনেছে। ওখানে লেখা ''শুভ জন্মদিন বিন্তি মণি'' । বিকেলে বিন্তি সুন্দর গোলাপি একটা ফ্রক পরে বসে আছে। কিন্তু এখনও তো কেউ এলোনা। পিংকি, পল্টু, তিন্নি .......ওদের কি হয়েছে ? হঠাৎ মনে পড়ে গেল, ও তো সবার সাথে জন্মের আড়ি নিয়েছে। দৌঁড়ে বারান্দায় গেল, ঝুঁকে দেখল সবাই খেলছে। ভ্যাঁ করে কেঁদে দিল বিন্তি। ''মা , আমি আর কখনও কারো সঙ্গে আড়ি নেব না, কক্ষনো না।''