মেসি জাদুতে মোহিত বিশ্ব
মেঘে ঢাকা আকাশ, কখনও গুঁড়িগুঁড়ি, কখনও রিমঝিম বৃষ্টিতে জলাবদ্ধতা। এই তো বর্ষার সকাল-সন্ধে, এতে বিস্ময়ের কিছু নেই।
কিন্তু বিস্ময় কাটে না, যখন গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে একঝলক রৌদ্র আকাশটাকে রাঙিয়ে দেয়। বাচ্চারা মনের আনন্দে নেচে নেচে গাইতে থাকে, ‘‘রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে।’’
মায়ের বকুনিও তাদের থামাতে পারে না। হোক না একটু আনন্দ, না হয় হবে একটু সর্দিজ্বর! তাতে কী? এতে বরং ভালোই হবে, ভারী ভারী ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার ঝামেলা থেকে তো রক্ষা পাওয়া যাবে-- কম করে হলেও তিন তিনটা দিন!
আরাম করে বিছানায় শুয়ে মজার কার্টুন দেখতে দেখতে মায়ের হাতে গরম গরম খাবার খাওয়া যাবে, তাই না?
আর যদি বিদ্যুৎ না থাকে? তাহলে তো আরও ভালো, অন্ধকারে শুয়ে-বসে নানু কিংবা দাদুর কাছে ডালিমকুমার, পিঠাবুড়ি, ডাইনিবুড়ি, সজনেগাছের ভূত-- এ রকম আরও কত মজার মজার গল্প শোনা যাবে, তাই না?
আজকে দিনটা কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে লাগছে। বৃষ্টি যেন থামছেই না! রৌদ্রমামাও যেন রাগ করেছে। কিন্তু খোকনের আনন্দের সীমা নেই, বৃষ্টিভেজা বিকেলে ছোটফুপু এসেছে, নিজহাতে মজার মজার পিঠা বানিয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছোট ফুপু মজার মজার গল্প লেখে, বাচ্চাদের নিয়ে সারাক্ষণ মেতে থাকে আনন্দ-উল্লাসে।
খোকন বিকেল বেলায় ফুপুর সঙ্গে বসে যায় ভিডিও গেমস নিয়ে। নাহ! ভালো লাগছে না, বৃষ্টিভেজা সন্ধ্যায় ফুপুর কাছে গল্প শুনতে মন চাচ্ছে। ফুপুও এককথায় ভিডিও গেমস রেখে শুরু করে দিল এক জাদুকরের গল্প। সময়টা যে বিশ্বকাপ ফুটবলের। তাই তো ফুপু কায়দা করে ফুটবুল জাদুকরের গল্প শুরু করে দেয়।
জন্ম ২৪ জুন, ১৯৮৭ খ্রিস্টাব্দ, আর্জেন্টিনার সান্তা ফে-এর রোজারিও নামক স্থানে। উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি (৫'৭''), যাকে স্বদেশি দিয়েগো মারাদোনা নিজেই তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছে। জাদুকর সুযোগ পেলেই বল পায়ে মেতে উঠে জাদু দেখানোয়। ফুটবলকে জাদুর বলের মতো পাঠিয়ে দেয় প্রতিপক্ষের জালে। আর্জেন্টিনার খেলোয়াড় হলেও তার জাদু দেখার সবচেয়ে বেশি সুযোগ আসে যখন স্পেনিশ ক্লাব বার্সেলোনার ফরোয়ার্ড হিসেবে বল পায়ে ছুটে চলে। বেলন ডি’অর, গোল্ডেন বুট এ রকম আরও নানান পুরস্কারে শোভিত তার বাড়ির প্রতিটি শোকেস।
এবারের ব্রাজিল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই বসনিয়ার বিপক্ষে তার জাদু দেখেছে বিশ্বের কোটি কোটি ভক্ত অনুরাগী। আজ রাতেও ইরানের বিপক্ষে তার জাদু দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।
খোকন বুঝে ফেলে, ফুপু কার কথা বলছে। সে চিৎকার দিয়ে বলে উঠে মেসি, মেসি!
সত্যি বন্ধুরা, ফুপু মেসির কথাই বলছিল এতক্ষণ, যার পুরো নাম লিওনেল অ্যান্ড্রেস মেসি।
ফুপুর আর গল্প বলা হল না। খোকন পড়তে বসে গেল। রাতে যে লাইভ জাদু দেখতে হবে! স্কুলের হোমওয়ার্ক সেরে নিয়ে রাতের খাওয়া-দাওয়া শেষে সবার সঙ্গে সেও বসে গেল মেসির জাদু দেখতে। ছোটফুপু নিশ্চিত, আজ মেসির জাদুতে ভরে উঠবে কোটি কোটি দর্শক হৃদয়।
খেলা যে অপেক্ষাকৃত দুর্বল দল ইরানের বিপক্ষে! স্বয়ং ইরানের কোচ কার্লুস কুইরোজের দৃষ্টিতেই তো মেসি এক ভিনগ্রহের ফুটবলার। খোকনদের বাড়ির ছাদে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা পতপত করে উড়ছে। সবাই উদগ্রীব হয়ে টিভির সামনে বসে আছে মেসির জাদু দেখার জন্য।
এক মেসি ভক্ত ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছে, “আজ রাত মেসি জাদু দেখার রাত, শুভ কামনা।”
খেলা চলছে। প্রথম দিকে ইরান একটু বেশিই রক্ষণাত্মক খেলতে লাগল। ভাবটা এমন, যেন কোনোমতে ড্র করে সম্মান বাঁচানো আর কি!
প্রথমার্ধের খেলা শেষ হল গোলশূণ্যই। দর্শকরা তো হতাশ, কিন্তু একেবারে আশাহত হয়নি। বিরতির সময় আরেকটি স্ট্যাটাস দিল সেই মেসিভক্ত--
“হচ্ছে না তো মেসি জাদু
ভক্তরা সব হতাশ,
হোক বা না হোক ছাড়ব না
আমরা জাদুর পাশ।”
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। ইরানও এবার গোলের নেশায় উন্মাদ হয়ে বারবার কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা করছে। মেসিভক্তরা যেন একটু একটু শঙ্কিত হতে লাগল। ওরাও কম যায় না, বল নিজেদের দখলে রেখেছে। বারবার আক্রমণ করছে। কিন্তু খুব একটা লাভ হচ্ছে না।
উল্টো কাউন্টার এটাকে দুর্দান্ত এক হেটে গোল প্রায় খেতেই বসেছিল। খোকনরা যেন হাফ ছেড়ে বাঁচল। একি, দেখতে দেখতে যে পুরো ৯০ মিনিটই পার হয়ে গেল! তাহলে কি ম্যাচ ড্র হতে চলেছে! ঠিক তখনই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ইনজুরি টাইমের প্রথম মিনিটেই দুরন্তগতিতে বল নিয়ে ছুটে চলল ফুটবল জাদুকর। প্রতিপক্ষের খেলোয়াড়দের একে একে ভেলকি দেখিয়ে রক্ষণভাগকে দর্শক করে দিয়ে ডি-বক্সের বাইরে থেকে জাদুকরি এক শটে গোলরক্ষককে বোকা বানিয়ে গোলপোস্টের কিনারা দিয়ে বল ঢুকিয়ে দিল ইরানের জালে; আর খোকন ও ফুপুসহ বিশ্বের কোটি কোটি দর্শক মেসিজাদুর সৌজন্যে মেতে উঠল জয়ের বাঁধভাঙা আনন্দে। সত্যিই তুমি জাদু দেখালে!
