ছোট্ট এক মার্বেল-রাজা
হার্লি জর্ডিয়ান কোনো সাধারণ বালক নয়। যখন তার বন্ধুরা কম্পিউটারে ভিডিও গেইমস খেলছে তখন সে ব্যস্ত মার্বেল সাপ্লাইয়ারদের অর্ডার দিতে আর ক্রেতাদের সামলাতে।
১১ বছরের এই ছোট্ট ব্যবসায়ী গত পাঁচ বছর ধরে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে সামলাচ্ছে তার মার্বেলের রাজ্য। তার প্রতিষ্ঠান এখন প্রতিবছর হাজার পাউন্ড আয় করছে। পৃথিবীর বিভিন্ন দেশে তার ক্রেতা আছে। সবাই ইন্টারনেটে তার কাছে মার্বেলের অর্ডার দেয়।
ছোট্ট হার্লি সংবাদমাধ্যমকে বলে, “আমার স্বপ্ন হল, একদিন একটি চেইন শপ দেব-- অনেকটা ওয়ালমার্টের মতো। এটা হবে বিশ্বের সবচেয়ে বড় খেলনার দোকান, যেখানে অনেক ধরনের মার্বেল পাওয়া যাবে।”
মার্বেল দিয়ে তোমার খেলতে ইচ্ছে করে না-- এমন প্রশ্নের জবাবে সে বলে, “যখন ব্যস্ততা থাকে না, তখন আমি মার্বেল দিয়ে খেলি। তাদের দিকে তাকিয়ে থাকি। হাত বুলিয়ে আদর করি। সত্যি বলতে আমি আমার মার্বেলদের ভালোবাসি।”
সে আরও বলে, “আমি আমার প্রতিষ্ঠানের বস ঠিকই, তবে আমি এখানে আমার মা এবং বড় দুভাইকেও কাজে লাগিয়েছি। তার কারণ যদি কখনও ভুল করি তখন যেন সবাই আমাকে দোষ না দেয়।”
কীভাবে এসব শুরু হল সে কথা বলতে গিয়ে হার্লির মা টিনা বলেন, “হার্লি অনেক ছোট সময় থেকেই মার্বেলের ভক্ত। সম্ভবত যখন ওর বয়স ছয় তখন থেকেই। ঘুমুতে যাবার আগে সে তার মার্বেলগুলো বালিসের নিচে রেখে দিত। সকাল হলে সবার আগে সে খোঁজ নিত তার মার্বেলের। এক সময় পরিবারের সবাই মিলে ওকে মার্বেল কিং বা মার্বেলের রাজা নামে ডাকতে শুরু করলাম। পরবর্তীতে সে যখন অন লাইনে মার্বেল শপ খুলল, তখন তার ডোমেইন নেম Marble King রাখার পেছনে কারণ ছিল এটাই। সে যখন মার্বেল বিক্রির কথা জানাল, তথন আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানালাম। তাকে দারুণ একটি দোকান খোলার ব্যাপারে সাহায্য করলাম। এর মধ্যে দিয়ে তার মুখে আমরা হাসি ফোটাতে পেরেছিলাম এবং সেটাই মূখ্য ছিল। এখন সে একটি মার্বেল শপের মালিক হয়েছে। তার মধ্যে অল্প বয়সেই দায়িত্বশীলতা বেড়েছে। সবকিছু মিলিয়ে আমরা দারুণ খুশি।”
ইচ্ছে হলে তুমিও হার্লির কাছ থেকে মার্বেল কিনতে পার। সে জন্য তোমাকে লগইন করতে হবে marbleking.co.uk এই ওয়েবসাইটে।
