২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল উৎসবে মিনু ও চিনু

মিনু পড়ে ক্লাস থ্রিতে, শহরের নামকরা সরকারি বালিকা বিদ্যালয়ে। ক্লাসের সবাই তাকে খুব ভালোবাসে, যতটা না তাকে, তার চেয়ে বেশি ভালোবাসে তার পাখিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> এমরুল হোসাইন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 01:57 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পাখিটিও বেশ পোষ মেনেছে তার। একেবারে নেওটা, এক মুহূর্ত না দেখলেই অস্থির হয়ে ওঠে। মন খারাপ করে বসে থাকে, মা তাকে আদর করে কত্ত কী খেতে দেয়! কিন্তু সে কিছুতেই খেতে চায় না, যতক্ষণ না মিনু ক্লাস থেকে ফিরে আসে।

মিনুও মাঝেমধ্যে ক্লাসে মন খারাপ করে বসে থাকে, বিশেষ করে শেষ ক্লাসটিতে। একটু পরপর ঘড়ির দিকে তাকায়, কখন ম্যাডামের ক্লাস ছুটি হবে! বান্ধবীরা বেশ বুঝতে পারে মিনুর অস্থিরতার কারণ।

প্রথম দিকে ম্যাডামরাও মিনুর অস্থিরতা দেখে ভীষণ রাগ করত কিন্তু ইদানিং আর করে না। ম্যাডামরাও পাখিটিকে বেশ ভালোবেসে ফেলেছে। ভারি লক্ষ্মী পাখি। স্কুলের ম্যাডামরা যদি কখনও ফেরার পথে মিনুদের বাসায় যায়, তবে গেটের সামনে তাদের দেখেই অভ্যর্থনার সুরে ডেকে ওঠে।

মিনু সঙ্গেসঙ্গে বুঝে ফেলে কেউ হয়ত বাসায় বেড়াতে এসেছে। মিনু দৌড়ে এসে দেখে কে এসেছে। যদি অচেনা কেউ হয় তাহলে মাকে গিয়ে চুপি চুপি বলে আসে, মেহমান আসার খবরটা। আর যদি পরিচিত কেউ হয় তাহলে নিজেই গেট খুলে দিয়ে-- ‘মা! মা! দেখো, কে এসেছে’ বলতে বলেতে চিৎকার করে ঘর একেবারে মাথায় তুলে ফেলে।

ম্যাডামরাও তাই মিনু ও চিনুর দস্যিপনা দেখার লোভটা সংবরণ করতে পারে না। তাই তো বাসার সামনে দিয়ে যাওয়ার বেলায় একবার ঢুঁ মেরে যায়। তাছাড়া মায়ের হাতে তৈরি গরম গরম চিঁড়াভাজি ও তিলের নাড়ুর স্বাদ কে মিস করতে চায়!

রান্নাঘর থেকে আসা লেবু চায়ের সুবাস তো ড্রইং রুম থেকেই পাওয়া যায়। কেউ কেউ অবশ্য লোভ সংবরণ করতে না পেরে বলে ওঠে, ভাবী একটু তাড়াতাড়ি করুন, আর যে তর সইছে না! জিভে একেবারে জল এসে গেল!

মা রান্নাঘর থেকে বলে ওঠে, এই তো হযে এল, আর মাত্র দুই মিনিট! ততক্ষণে মেহমানরা চিনুর খুনসুটি দেখে হেসে কুটিকুটি হয়।

মিনুও বেশ আনন্দ পায় ওর দস্যিপনায়। চিনুর বয়স কম হলেও ইতোমধ্যেই দু-একটি কথা বলা শিখে গিয়েছে। কাউকে দেখলেই সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন? অতিথিরা হেসে উঠে বলে, “চিনু সোনা আমরা ভালো আছি, তুমি কেমন আছ?”

চিনু কিচিরমিচির করে জবাব দেয়, “আমিও ভালো আছি।”

রাতে সবাই যখন ড্রয়িং রুমে টিভি দেখায় মনোযোগী হয়, তখন মাঝেমধ্যে মিনু চিনুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকে।

বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গিয়েছে! মিনুও ফুটবল খুব ভালোবাসে। যদিও খুব একটা নিয়ম-কানুন জানে না। কিন্তু কোনো দল গোল করলেই মিনুর আনন্দ আর ধরে না। ‘গোল! গোল’ বলে চিৎকার করে ওঠে। পাখিটিও যোগ দেয় মিনুর সঙ্গে।

শুক্রবার রাত বারটা পার হয়ে শনিবার, গভীর রাত! স্পেন বনাম নেদারল্যান্ডসের খেলা হচ্ছে। এক একটি গোল হয় আর মিনু চিৎকার করে ওঠে, “গোল! গোল!”

এত রাতে অবশ্য মিনুর জেগে থাকার কথা নয়। সে জেগে ছিলও না। কিন্তু হঠাৎ ভাইয়ার চিৎকারে ঘুম ভেঙে যায়। প্রথম গোলটা যে স্পেনই করেছিল! তাই তো এত উল্লাস!

গত বিশ্বকাপে স্পেনজাদু দেখে সবাই মুগ্ধ! তাই তো বাসার অধিকাংশ সদস্যই এবার স্পেনের কড়া সমর্থক, বিশেষ করে ইকার ক্যাসিয়াসের!

মাঝরাতে ভাইয়ার চিৎকার আর চিনুর কিচিরমিচির শব্দ শুনেই তো মিনুর ঘুম ভেঙে গেলে। সেও বসে গেছে খেলা দেখতে মা ও ভাইয়ার মাঝখানে। কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় পিত্তি জ্বলানো, গগনবিদারি দৃশ্য! নেদারল্যান্ডস যখন প্রথম গোল দেয় তখন ভাইয়া একবারে চুপসে যায়। আর মাত্র তিনটি ম্যাচে গোল না খেলেই যে পিটার শিলটন ও ফ্যাবিয়েন বার্থেজের রেকর্ডটা স্পর্শ করতে পারত ইকার ক্যাসিয়াস!

তা আর হল না! ইতালির গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গারের টানা ৫১৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ডটাও যে ভাঙা হল না! ওদিকে ‍মিুন আর চিনু গোল উৎসবে একেবারে ফেটে পড়ছে। ভাইয়া রাগে গরগর করে বলে ওঠে, “মিনু এত আনন্দের কিছু নেই! সবসময় চিৎকার করতে হয় না, বুঝলি! গাধা কোথাকার! স্পেন গোল খেয়েছে, দেখছিস না!”

মিনু যেন তবুও থামে না। খেলাশেষে ভাইয়ার চোখের জল আর কেউ থামাতে পারে না। মা, বাবা, নানু যতই বুঝাক না কেন, ভাইয়া কিছুতেই শান্ত হয় না।

চোখের জল মুছতে মুছতে বলতে থাকে, “কী হল এটা! একটি নয়, দুটি নয়, একেবারে পাঁচ পাঁচটি!”

কিন্তু মিনু ও চিনুর আনন্দ যে আর ফুরোচ্ছেই না-- গোল! গোল! গোল!