তারাভরা আকাশের ছবি
চাঁদহীন রাতে তারাভরা আকাশ দেখতে অদ্ভুত সুন্দর। ঘননীল আকাশের গায়ে ছোট বড় তারার দপদপানি মনে হয় সংখ্যায় তারা লক্ষ লক্ষ। উপরে তাকিয়ে মনে হয় ওদের গোনা অসম্ভব।
এটা ঠিক নয়। খালি চোখে দৃশ্যমান সমস্ত তারা গোনা হয়েছে অনেক অনেক দিন আগে। একটি গোলার্ধে ওদের সংখ্যা হাজার তিনেক মাত্র।
সত্যি, মাত্র তিন হাজার। কল্পনাকে অভিভূত করে দেওয়া অবিশ্বাস্য সেই ঝাঁক নয়।
তারার প্রথম তালিকা বানান চীনের জ্যোতির্বিজ্ঞানী শি শেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। তারার তালিকার অর্থ-- আকাশে অবস্থান সঠিকভাবে নির্ণিত করা সব তারার ফিরিস্তি।
পরে এবং সম্পূর্ণ স্বতন্ত্রভাবে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী হিপার্কাস আর একটি তালিকা প্রস্তুত করেন। সবগুলো নয়, সবচেয়ে উজ্জ্বল তারাগুলোর তালিকা। সমকালীনরা হিপার্কাসের তালিকাকে মহান একটা কীর্তি বলে অভিহিত করেন।
পরে, পনের শতকে সমরখন্দের খাঁ উলুগ বেগের আদেশে একটি উৎকৃষ্ট নক্ষত্রতালিকা রচিত হয়। উলুগ বেগ নির্মিত মানমন্দিরে একশ’র বেশি বিজ্ঞানী কাজ চালান। মানমন্দিরের অবশিষ্টাংশ এখনও সমরখন্দে আছে।
টেলিস্কোপ ছাড়াই পর্যবেক্ষণ চলে, কিন্তু ফলাফল হয় অত্যন্ত সঠিক। হিপার্কাসের মৃত্যুর পর ষোলশ’ বছরের মধ্যে এই প্রথম সবচেয়ে উজ্জ্বল তারাগুলোর অবস্থান নির্ণিত হল। পরে তালিকাভুক্ত হয় খালি চোখে দৃশ্যমান সমস্ত তারা।
চোখে যা দেখি তা টেলিস্কোপে দেখা তারার তুলনায় যৎসামান্য। গালিলিও তার ছোট ও দুর্বল টেলিস্কোপ ঘোরালেন আকাশের সেই দিকে যেখানে মাত্র তিনটি তারা খালি চোখে ধরা পড়ত, আর সে জায়গায় দেখলেন বিশটি। টেলিস্কোপের উন্নতি হতে থাকল, আর তারা আবিষ্কৃত হল। আজকের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপে কত লক্ষ লক্ষ তারা চোখে পড়ে। অবশ্য তালিকাভুক্ত হয়নি সবকটা। আধুনিক তালিকায় তবু হাজার হাজার তারা আছে।
তারার নিরীক্ষায় ফটোগ্রাফির অসীম গুরুত্বের কথা বলা দরকার। প্রাচীনকালে যন্ত্রণা দেবার একটি ভয়াবহ উপায় ছিল-- লোকের হাতে ফোঁটা ফোঁটা জল পড়তে দেওয়া হত। প্রথমে মনে হবে, এ আবার কী যন্ত্রণা! প্রথম ফোঁটাগুলো হাতের কোনো ক্ষতি করত না, তারপর চামড়ায় একটা ফোস্কা পড়ত, ফোস্কা ফাটত, তারপর প্রত্যেকটি জলের ফোঁটা অসহ্য জ্বালা ধরিয়ে দিত ক্ষতে। একটা অনেক দিনের কথা তো আছে-- ‘ফোঁটা ফোঁটা জলে পাথর পর্যন্ত ক্ষয়ে যায়।’
ফটোগ্রাফিক ফিল্মে আলোর ক্রিয়াটা ঠিক এ রকম। প্রথম প্রথম অত্যন্ত ক্ষীণ জ্যোতি তারার আলোক-রশ্মি প্লেটে কোনো দাগ কাটে না; কিন্তু সময় কাটে, মিনিটের পর মিনিট, ঘণ্টা পর ঘণ্টা, আর প্লেটে দেখা দেয় তারাটির প্রতিচ্ছবি। বলতে গেলে তারার রশ্মি প্লেটে তারার একটা ছবি যেন খোদাই করে। কিন্তু মানুষের চোখে অত শক্তি নেই। টেলিস্কোপে তাকিয়ে একটা ক্ষীণ জ্যোতি তারা দেখতে পেলে না, তারপর ঘণ্টা পর ঘণ্টা, নাগাড়ে দশ ঘণ্টা চেয়ে থাকো, কিন্তু তারাটি চোখে পড়বে না।
