মনে পড়ে সেই স্মৃতিময় শৈশব
কী যে অসহায় এই আমি বাবা-হারা বাবা কি আমার দূর আকাশের তারা!
মনে পড়ে সেই স্মৃতিময় শৈশব
হাতে হাত রেখে বহুদূর চলে যাওয়া
দেখেছি তালের শাখায় পাখির বাসা
দোল দেয় তাতে উদাসী উতল হাওয়া।
তাঁর হাত ধরে হেঁটে গেছি মেঠোপথে
তাঁর হাত ধরে চিনেছি সবুজ মাঠ
তাঁর হাত ধরে ধরে চিনেছি অচেনা নদী
চিনেছি অশত্থ, তারই পাশে খেয়াঘাট।
কী যে অসহায় এই আমি বাবা-হারা
বাবা কি আমার দূর আকাশের তারা!
তাঁর হাত ধরে হেঁটে গেছি বহুদূরে
হাঁটতে হাঁটতে চিনেছি অচেনা পাখি
আমবাগানের ছায়ার রোহনপুরে
ফুলের সঙ্গে বেঁধেছি মনের রাখি।
তাঁর কাছ থেকে চিনেছি চাঁদের কলা
দেখেছি আকাশ, তারা ঝিকিমিকি রাত
তবু কত কিছু দেখার রয়েছে বাকি
আমার এ হাত পায় না বাবার হাত।
কী যে অসহায় এই আমি বাবা-হারা
বাবা কি আমার দূর আকাশের তারা!
তাঁর হাত ছুঁয়ে পেয়েছি নির্ভরতা
পরম পরশ কী গভীর মমতায়
সেই দুটো হাত আগলে আগলে রেখে
আমাকে গড়েছে কী অসীম ক্ষমতায়!
তিনি চেনালেন আমাকে চিত্রা নদী
পদ্মা-গড়াই, মহানন্দার পাড়
তাঁর চোখ দিয়ে আমার পৃথিবী চেনা
তাঁকে ছাড়া এই জগৎ অন্ধকার।
কী যে অসহায় এই আমি বাবা-হারা
বাবা কি আমার দূর আকাশের তারা!
আমার ভেতরে স্বপ্নের জাল বুনে
এই হাত ধরে তিনি দেন হাতেখড়ি
মনে পড়ে সেই স্মৃতিময় শৈশব
রোদে পিঠ দিয়ে ছোট ছোট বই পড়ি।
ওই হাত যেন জানত জাদুর খেলা
ছুঁয়ে দিতে সব কষ্ট গিয়েছি ভুলে
আজ বাবা নেই, বাবার ছোঁয়াটি তবু
বুকের গভীরে যত্নে রেখেছি তুলে।
কী যে অসহায় এই আমি বাবা-হারা
বাবা কি আমার দূর আকাশের তারা!
কে বলে আমার বাবা আজ আর নেই
কে বলে আমার বাবা ছিল একদিন?
ঘুমে-জাগরণে তাঁকে আমি পাই রোজ
তাঁর কাছে এই এক জীবনের ঋণ।
তাঁর কাছ থেকে শিখেছি জীবনবোধ
তাঁর কাছ থেকে শিখেছি জীবনাচার
বাবা মানে এক শ্রেষ্ঠ মানুষ তিনি
আর কারও সাথে তুলনা হয় না যার।
কী যে অসহায় এই আমি বাবা-হারা
বাবা কি আমার দূর আকাশের তারা!
