ঘুড্ডি ওড়ানো দিন
আহা শৈশব... আহারে আমার ঘুড্ডি ওড়ানো দিন
পারেনি দমাতে মায়ের বকুনি শাসনের সঙ্গিন;
বাবা চলে গেছে অফিসে যখন তখন কিসের ভয়...
সারাটি দুপুর নাটাই-ঘুড়িতে আকাশ করেছি জয়।
রঙিন ডানার সাদা ঘুড্ডিতে বাহারি লম্বা লেজ;
যখনি নাটাইয়ে সুতলি ছেড়েছি আহা কী ঘুড়ির তেজ!
বাউড়ি বাতাসে দস্যি ঘুড়িকে ঠেকানো তখন দায়...
আমিও তখন রাজা-মহারাজা; আমাকে কে আর পায়!
সুতোয় দিয়েছি কাচের মাঞ্জা মিশিয়ে গাবের কস;
আমার সঙ্গে কে আসে লড়তে কেটে দেব খসখস।
রহিমের ঘুড়ি সামনে আসতে মিটিয়ে দিয়েছি খেল
আমার সঙ্গে পাঞ্জা লড়বে কার গায়ে কত তেল!
কালকে কেটেছি গোপালের ঘুড়ি, ভয়ে সে আসেনি আজ;
সবার উপরে আমার ঘুড্ডি আমিই তো মহারাজ।
হুররে হুররে হিপিপ হুররে... কে আছে সামনে আয়...
এক ঘা খেলেই টলতে টলতে চলে যাবি পাবনায়।
সেদিন বিকেলে চ্যালেঞ্জ জানাল গালকাটা ইরফান;
তার ঘুড়ি কেউ কাটতে পারলে কাটবে নিজের কান।
নিয়েছি চ্যালেঞ্জ; বলেছি বোঝাব কত ধানে কত চাল
এক ঠোক্করে সুতো ছিঁড়ে বেটা চলে গেছে বরিশাল।
আহা শৈশব... আহারে আমার ডাকাবুকো সেইদিন
দামাল দুপুরে দাপিয়ে বেড়ানো দুর্বার বাধাহীন...
মানিনি শাসন, মায়ের বাঁধন, বাবার বেতের ভয়;
নাটাই-ঘুড়িতে সুতোর জাদুতে আকাশ করেছি জয়!
ঘুড়ির আকাশ বাহারি আকাশ বর্ণালি শৈশব
সারাটা দুপুর সারাটা বিকেল হইহই কলরব...
কত লুটোপুটি কত ছুটোছুটি হুটোপুটি উল্লাস
ঘুড়িতে ঘুড়িতে লড়াই লেগেছে, সুতোতে সুতোতে ফাঁস।
দস্যি-দামাল বন্ধুরা সেই, কোথায় হারাল হায়...
সোনালি-রুপালি মুখগুলো আজ এলোমেলো হয়ে যায়।
আবুল, হাফিজ, ইসমাত, নুরু, রিজভি, বাবুয়া, জন;
কারও মুখ ভাসে, কারও মুখ হাসে স্মৃতি হয়ে ঝনঝন।
ঘুড়ি ওড়ানোর বন্ধু আমার, খেলার সাথিরা কই...
আজ কোনো ঘুড়ি উড়লে আকাশে সেইদিকে চেয়ে রই।
খুঁজে খুঁজে ফিরি সেই মুখগুলো, শৈশবে ফিরে যাই;
ঘুড্ডি ওড়ানো সেই দিনগুলো আর কি কখনও পাই!
