২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাছাকাছি বহু মাছি

চলে হনহন্     ছোটে পনপন্ ঘোরে বনবন   কাজে ঠনঠন্ বায়ু শনশন্     শীতে কনকন্ কাশি খনখন্    ফোড়া টনটন্ মাছি ভনভন্     থালা ঝনঝন্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> তাজনীন সুলতানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 05:01 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

সুকুমার রায়ের এই ছড়াটির শেষ লাইনে দুটি শব্দের মধ্যে মাছির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ছোট্ট এই প্রাণীটি আওয়াজ তোলে ভনভন। মাছি আছে আমাদের চারদিকে। খাবারদাবার, ময়লা-আবর্জনা সব জায়গায়ই দল বেঁধে আছে তারা। খাবার খোলা রাখলেই সেখানে মাছি এসে উপস্থিত! আম, কাঁঠাল কিংবা অন্য কোনো ফলের খোসা ছাড়ালেও সেই একই ঘটনা। মাছি এসে হাজির। আমরা তখন মাছি তাড়াতে ব্যস্ত  হয়ে পড়ি। কারণ মাছি রোগজীবাণু ছড়ায়। তা থেকে অসুখবিসুখ দেখা দেয়। পৃথিবীর সব অঞ্চলেই মাছি দেখা যায়। পৃথিবীতে প্রায় লক্ষাধিক প্রজাতির মাছি আছে।

মাছি কীভাবে রোগজীবাণু ছড়ায়

মাছির স্বাদ-ইন্দ্রিয় রয়েছে তার পায়ের তলায়। কোনো কিছুর উপর বসলেই সে বুঝতে পারে কোন খাবারের কী স্বাদ! মাছির সারা শরীর, পায়ে সূক্ষ্ম ছোট ছোট লোম আছে। আবর্জনায় বসলে এই লোমের ভেতরে জীবাণু আটকে যায়। আবার এদের পায়ের তলায় একধরনের আঠালো প্যাড আছে। মাছি যখন ময়লা-আবর্জনার উপর বসে, তখন সেখান থেকে রোগজীবাণু তার পায়ে ও গায়ে লেগে যায়।

তারপর যখন খাবারের উপর বসে তখন সেই খাবার দূষিত হয়ে যায়। আবার মাছি যে প্যাডের মতো অঙ্গ দিয়ে খাবার শুষে নেয়, সেখানেও জীবাণু থাকে। তাই মাছি-বসা খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। সাধারণত টাইফয়েড, যক্ষা, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি রোগ ছড়াতে মাছি ওস্তাদ। বিজ্ঞানীদের ধারণা একটি মাছি প্রায় ১৯ লক্ষ ৪০ হাজার ধরনের ব্যাকটেরিয়া বহন করতে পারে।

মাছি কীভাবে খাবার খায়

খাবারে কামড় দিলাম আর চিবিয়ে খেয়ে ফেললাম, এমন সহজ নয় মাছির খাবার খাওয়া। মাছি প্রথমে খাবারের উপর বমি করে। এই বমি হল লালা, হজমি ও পাচকরসের মিশ্রণ। এই পাচকরস খাবারকে একধরনের গলিত মিকশ্চার-এ (মিশ্রণ) পরিণত করে। এরপর মাছি তার মুখের বিশেষ ধরনের অঙ্গ, যা কিনা অনেকটা স্পঞ্জের মতো কাজ করে, তা দিয়ে খাবার শুষে নেয়।

মাছির গোসল

ময়লা-আবর্জনার মধ্যে ঘুরে বেড়ালেও মাছি কিন্তু নিজে অপরিষ্কার থাকে না। খেয়াল করলে দেখতে পাবে, মাছি মাঝেমধ্যে পায়ের সঙ্গে পা ঘষে। একেই মাছির গোসল বলা যেতে পারে। মাছি যখন ময়লা-আবর্জনায় বসে, তখন তার পায়ে ময়লা লেগে যায়। ময়লা পরিষ্কার করার জন্যই সে পায়ের সঙ্গে পা ঘষে।

মাছির ডিম

স্ত্রী-মাছি ডিম পাড়ে। একটি স্ত্রী-মাছি একবারে প্রায় ১০০ ডিম পাড়ে। মাটি, প্রাণীদের দেহ, গাছপালা, খাদ্যদ্রব্য বা মৃত প্রাণী তথা যে কোনো কিছুর উপরই সে ডিম পাড়তে পারে। ডিম পাড়ার ১২ থেকে ৩০ ঘণ্টার মধ্যে  ডিম ফুটে লার্ভা বের হয় এবং কিছুদিনের মধ্যেই সেটি পূর্ণবয়স্ক মাছিতে পরিণত হয়। মাছি সাধারণত ৩০ দিন বাঁচে। এর মধ্যে সে অন্তত এক হাজার ডিম পাড়ে।

মাছি ভালো উড়তে পারে

বেশিরভাগ কীটপতঙ্গের পাখা থাকে চারটি। কিন্তু মাছির পাখা দুটি। মাছি যে খুব ভাল উড়তে পারে তা তাদের ধরতে গেলেই টের পাওয়া যায়। সামনে-পিছে যাওয়া, ভেসে থাকা ও পাক খাওয়া-- এর সবগুলোতেই মাছি খুব দক্ষ। সে উপরের দিকেও হাঁটতে পারে। লোমশ ও আঠালো পা আছে বলে মাটি অথবা মসৃণ যে কোনো জায়গায় স্বচ্ছন্দে হাঁটাচলা করতে তার অসুবিধা হয় না।

পুঞ্জাক্ষি ও মাছিমারা কেরানি

বাংলায় প্রবাদ আছে ‘মাছিমারা কেরানি’। এই প্রবাদের পেছনকার গল্পটা জেনে নাও। এক ছিল কেরানি। হুবহু নকল করতে সে ছিল ভারি ওস্তাদ। একদিন মোটা একটি খাতার লেখা হুবহু নকল করে অন্য একটি খাতায় তুলছিল। হঠাৎ সে দেখতে পেল, খাতার মাঝের পৃষ্ঠায় একটি মাছি মরে লেগে আছে। সে ভাবল, লেখার উপরে ঠিক যেভাবে মাছিটা লেগে আছে, ঠিক ওরকম করে তাকেও লেখার উপরে একটি মরা মাছি লাগিয়ে দিতে হবে। সুতরাং এবার সে মাছিমারার কাজে লেগে গেল। কিন্তু মাছিমারা মোটেই সহজ নয়। বহু চেষ্টায় শরীরের ঘাম ঝরিয়ে অবশেষে সে একটা মাছি মেরে খাতায় লাগাতে পেরেছিল। এর থেকেই হুবহু নকল করতে ইচ্ছুক বোকা ব্যক্তিকে আমরা বলি-- ‘মাছিমারা কেরানি’।

এখন প্রশ্ন হল, মাছিমারা সহজ নয় কেন? এর মূল কারণ হল, যেদিক থেকেই আক্রমণ করা হোক না কেন মাছি তা দেখতে পায় এবং ফাঁকি দিয়ে উড়ে যায়। এ ব্যাপারে তার চোখ সবচাইতে বড় সহায়ক। মাছির চোখকে বলা হয় পুঞ্জাক্ষি। পুঞ্জাক্ষি হল অনেকগুলো চোখ, যা একত্রে একটি চোখের আকার ধারণ করে। এতগুলো চোখ দিয়ে মাছি সবদিক একসঙ্গে দেখতে পায়।

মাছি কেন প্রয়োজন

মাছি আমরা যতই অপছন্দ করি না কেন, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পতঙ্গটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ময়লা আবর্জনা ও মৃত প্রাণী খেয়ে মাছি অনেক ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সবচেয়ে বড় কথা, ফুলের পরাগায়নে অন্যান্য কীটপতঙ্গের মতো মাছিও সাহায্য করে।

ফরমালিন থেকে সাবধান

বাজারে শাকসবজি, মাছ ফলমূল ইত্যাদি তাজা রাখার জন্য অসাধু ব্যবসায়ীরা ফরমালিন নামক রাসায়নিক দ্রব্য মেশায়। এতে মাছ বা শাকসবজিতে পচন ধরে না। কিন্তু ফরমালিন মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। শুধু মানুষ নয়, ফরমালিন মাছির জন্যও বিপদ ডেকে আনে। সাধারণভাবে মাছের গন্ধ পেলেই মাছিরা ছুটে আসে। কিন্তু মাছে ফরমালিন থাকলে মাছি তার ধারেকাছেও আসে না। তাই আজকাল মাছের আশপাশে মাছিকে ওড়াউড়ি করতে দেখলে ক্রেতা খুশিই হয়। তারা ভাবে, এই মাছে ফরমালিন নেই।