শেয়ালের ভাগ্য
অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক বুড়ো আর এক বুড়ি। তারা শহরের ওপাশে একটা ছোট্ট সুন্দর গ্রামে বাস করত। তাঁদের ছিল চমৎকার একটি ছোট্ট বাড়ি। সবুজ গাছগাছালির সঙ্গে মিলেমিশে থাকতে তাদের খুব ভালো লাগত। তবে তাদের মনে একটাই ছিল দুঃখ, কোনো ছেলেমেয়ে ছিল না তাদের।
প্রতিবছরই বুড়ির ছোটবোন ছেলেমেয়েদের নিয়ে এখানে বেড়াতে আসে। তার পাঁচটি সন্তান। ওরা খুব দুষ্টু। এখানে এলে ওরা সারাক্ষণ হৈচৈ আর দৌড়াদৌড়ি করে। তখন অবশ্য বুড়ো আর বুড়ি আনন্দে মেতে থাকে। বাড়িজুড়ে সারাদিন থাকে হাসাহাসি আর শোরগোল। কিন্তু বাচ্চাদের নিয়ে ছোটবোন যখন নিজেদের বাড়িতে চলে যায় তখন এ বাড়ির আনন্দ মরে যায়; তখন বুড়ো আর বুড়ি খুব মন খারাপ করে বসে থাকে।
এবার ছোটবোন ও তার ছেলেমেয়েগুলো চলে যাবার পর বুড়ির খুব একা একা লাগছিল। হঠাৎ সে বুড়োর দিকে মুখ ফিরিয়ে বসল। তারপর বলল, “আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।”
বুড়ো জিজ্ঞেস করল, “কী বুদ্ধি?”
“আমাদের কোনো ছেলেমেয়ে না থাকায় আমার খুব কষ্ট। সবসময় মন খারাপ থাকে। তাই আমি ঠিক করেছি, আমি একটি আরু মানব বানাব।”
“আরু মানব আবার কী?”
বুড়ির কথা শুনে বুড়ো খুবই খুশি হল। বুড়োর উৎসাহ দেখে বুড়ি তাড়াতাড়ি চলে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে সে একটা বড় পাত্রে অনেকটুকু ময়দা, চিনি, আদা, মাখন, দুধ আর কয়েকটি ডিম ঢেলে নিল। তারপর খুব ভালো করে এগুলো মেশানো হল। যখন এগুলো ভালো মতো মেশানো হচ্ছিল তখন বুড়ো চোখ মেলে ভালো করে দেখছিল। এগুলোকে বুড়ি টেবিলে নিয়ে একটা বড় বেলুন দিয়ে পিষে বিশাল একটা রুটি বানাল।
এবার সে অনেক যত্ন করে রুটির উপরে একটা বালক আঁকল। তারপর দুজন মিলে বেশ সময় নিয়ে এটাকে এপাশ ওপাশ থেকে মনোযোগ দিয়ে দেখল। ছবিটির যেসব জায়গা পছন্দ হচ্ছিল না, সেখানে কিছুটা মুছে আবার ছবি আঁকা হল।
যখন বালকের ছবিটি মনের মতো করে ফুটে উঠল তখন তারা কৌটা থেকে খুব ভালো কিছু কিসমিস বের করল। এগুলো থেকে বেছে দুটো কিসমিস বসানো হল আরুর মাথায়। কিসমিস দুটো হয়ে গেল ওর চোখ। এবার বুড়ি আরও তিনটি কিসমিস বসিয়ে আরুর বুকের বোতাম বানাল। তারপর মুখে একটি সুন্দর হাসি এঁকে আরুকে ওভেনে ঢুকিয়ে দিল।
কিছুক্ষণ পর বুড়ি হতবাক হয়ে শুনতে পেল যে ওভেনের ভেতর থেকে আরু তাকে ডাকছে। আরুর ডাক শুনে বুড়ি দৌড়ে গিয়ে ওভেনের দরজা খুলে দিল। আরু এক লাফে ওভেন থেকে বেরিয়ে এসেই লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল।
বুড়ির মনে খুশি আর ধরে না। সে চিৎকার দিয়ে বুড়োকে ডাকতে শুরু করল। কিন্তু আরু লাফাতে লাফাতে বাড়ি থেকে বের হয়ে মাঠের ভেতর দৌড়াতে লাগল।
আরু দৌড়াতে দৌড়াতে বলছে, “তোমরা আমার পিছু দৌড়াচ্ছ কেন? আমি আরু মানব। তোমরা কোনো অবস্থাতেই আমাকে ধরতে পারবে না। তোমরা বাড়ি ফিরে যাও।”
আরু এভাবে দৌড়াতে দৌড়াতে অনেক মাঠঘাট পেরিয়ে যাচ্ছে। এমন সময় তার সঙ্গে একটা গাভির দেখা হল।
আরুকে দেখে গাভি খুব খুশি। সে বলল, “একটু থামো তো বালক। তোমার শরীর থেকে তো চমৎকার খুশবু আসছে। আমি তোমাকে মজা করে খেতে চাই।”
গাভির কথা শুনে আরু হা হা করে হাসল। দৌড়াতে দৌড়াতে সে বলল, “আমি একজন বুড়ো এবং একজন বুড়ির কাছ থেকে দৌড়ে পালাচ্ছি। তুমিও আমাকে ধরতে পারবে না। আমি দৌড়ে পালিয়ে যাব।”
আরও জোরে দৌড়াতে শুরু করল আরু। এতে গাভির খুব রাগ হল। সেও বুড়ো-বুড়ির মতো আরুর পিছু নিল। অনেক জোরে দৌড়াতে শুরু করল গাভিটি।
আরও জোরে পা চালাচ্ছে আরু। সে চিৎকার করে বলতে লাগল, “আমি আরু মানব। তোমরা কোনো অবস্থাতেই আমাকে ধরতে পারবে না। তোমরা চেষ্টা করে দেখতে পার; তাহলে আরও জোরে দৌড়াও।”
আরও জোরে দৌড়েও বুড়ো-বুড়ি এবং গাভিদের কেউই আরুকে ধরতে পারল না।
ঘোড়াটি আরুকে দেখে খুশি হল। সে চিৎকার করে বলল, “একটু দাঁড়াও, হে বালক। তোমার শরীর থেকে তো চমৎকার খুশবু ছড়াচ্ছে। আমার কাছে এসো, আমি তোমাকে আরাম করে খেতে চাই।”
“হো! হো! বোকা ঘোড়া। আমি বুড়ো-বুড়ি এবং একটি গাভিকে পেছনে ফেলে দৌড়াচ্ছি তোমাকে খেতে দেবার জন্য? আমি আরও জোরে দৌড়াতে পারি। তুমি কেবল তাকিয়ে তাকিয়ে দেখো।”
একথা বলে আরু ঘোড়াটির দিকে একটু দুষ্টুমির হাসি ছুড়ে দিয়ে আবার দৌড়াতে শুরু করল।
আরুর কথা শুনে ঘোড়ার খুব রাগ হল। সে ক্রুদ্ধ হয়ে দৌড়াতে শুরু করল। আরু ঘাড়ের উপর দিয়ে ঘোড়ার দিকে এক নজর তাকিয়ে বিপুল বেগে দৌড় দিল। আর বলতে শুরু করল, “দৌড়াও, দৌড়াও। বুড়ো-বুড়ি আমাকে ধরতে পারেনি, গাভি আমাকে ধরতে পারেনি, তুমি নিশ্চয়ই পারবে।”
আরুর এখন কাজ হল উর্ধ্বশ্বাসে দৌড়ে চলা। সে দৌড়ে মাঠঘাট, বনবাদার, লোকালয়, তেপান্তর পেরিয়ে যাচ্ছে। ওর পেছনে দৌড়াচ্ছে বুড়ো-বুড়ি, গাভি আর ঘোড়া।
আরু দৌড়াতে দৌড়াতে একদল চাষিকে দেখতে পেল। ওরা মাঠে ফসল কাটছে। আরুকে দেখে চাষিরা খুশি হল। তারা চিৎকার করে আরুকে ডাকতে শুরু করল, “হেই বোকা রুটিবালক, তুমি দৌড়াচ্ছ কেন? আমাদের কাছে এসো। আমরা মাঠে কাজ করতে করতে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি। তুমি এখন থামো এবং এদিকে আসো। আমরা তোমাকে উৎসবের মতো আনন্দ করে খাব।”
ওদের কথা শুনে আরু তার দৌড়ের গতি বাড়িয়ে দিল। তারপর বাঁকা চোখে চাষিদের দিকে তাকিয়ে বলতে শুরু করল, “আমি ঘোড়াকে হার মানিয়েছি। গাভিকে হার মানিয়েছি, বুড়ো এবং বুড়িকে হার মানিয়েছি। আর তোমরা কে, যে তোমাদের জন্য আমাকে দাঁড়াতে হবে?”
চাষিরা আরুর দিকে রাগী চোখে তাকিয়ে তাদের হাতের কাস্তে মাঠিতে ছুড়ে ফেলল। তারপর দৌড়াতে শুরু করল। যে করেই হোক আরুকে ধরতে হবে। ঘোড়া, গাভি ও বুড়ো-বুড়ির দলে যোগ দিল চাষিরাও।
আরু মাঠ-ঘাট ডিঙিয়ে দৌড়াতে লাগল। আর বলতে লাগল, “দৌড়াও, আরও জোরে দৌড়াও। তবে তোমরা আমাকে ধরতে পারবে না। আমি আরু মানব।”
সত্যি সত্যি তাকে চাষিরা ধরতে পারল না, ঘোড়াটা ধরতে পারল না, গাভিটাও ধরতে পারল না। বুড়ো-বুড়ি কি আর ধরতে পারে?
মাঠঘাট আর তেপান্তর পেরিয়ে যাচ্ছে আরু।
সে দৌড়াচ্ছে।
দৌড়াচ্ছে।
আর দৌড়াচ্ছে।
দৌড়াতে দৌড়াতে এবার তার দেখা হল শেয়ালের সঙ্গে। শেয়ালটি অনেক বৃদ্ধ। সে ছিল খুব চালাক। শেয়ালটি আরুর গায়ের চমৎকার গন্ধটি পেতেই তৃপ্তির ঢোক গিলে নিল। কিন্তু সে অন্যান্যদের মতো বোকা-বুদ্ধি নিয়ে আরুকে খেতে চাইল না। বরং সে আরুর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইল এবং বলল, “তুমি খুব চমৎকার বালক। আমি তোমার সঙ্গে থাকতে চাই।”
শেয়াল হাসিমুখে আরুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, “তুমি এখন কোনদিকে যাবে? আমি কি তোমার সঙ্গে যেতে পারি।”
আরুর আসলে কোনো বন্ধু বা সঙ্গীর দরকার নেই। তাই সে অতি দ্রুত দৌড়ে এগিয়ে গেল। তারপর ঘাড় ঘুরিয়ে বলল, “আমি কৃষকদের পেছনে ফেলে এসেছি, আমি একটা ঘোড়াকেও পেছনে ফেলেছি, একটা গাভিকে পেছনে ফেলেছি। দুজন বুড়ো-বুড়িকেও আমি পেছনে ফেলেছি। আমি তোমাকেও পেছনে ফেলে যাব।”
কিছুদূর গিয়ে আরু আড়চোখে শেয়ালের দিকে তাকাল এবং জোরে জোরে বলল, “দৌড়াও, দৌড়াও। আমি কিন্তু আরু মানব, তুমি আমাকে কখনও আমার কাছে আসতে পারবে না।”
হঠাৎ আরু দেখল, সামনে একটা নদী। নদীটি অনেক গভীর এবং খরস্রোতা। আরুর পক্ষে এটি পার হওয়া অসম্ভব। সে সাঁতার জানে না। এখন সে কী করবে? এতক্ষণে হয়ত চাষীর দল, ঘোড়া, গাভি ও বুড়ো-বুড়ি অনেক কাছে এসে পড়েছে। ওরা এখানে এভাবে তাকে দেখতে পেলে ধরে নিয়ে খেয়ে ফেলবে।
এমন বিপদের মুহূর্তে শেয়াল আরুর পাশে এসে দাঁড়াল। সে বলল, “জলদি আমার লেজের উপর লাফিয়ে উঠে পড়ো, আমি তোমাকে নদীর ওপাড়ে নিয়ে যাব।”
শেয়ালের কথা শুনে আরু খুশি হল। সে তাড়াতাড়ি শেয়ালের লোমশ লেজে লাফিয়ে উঠল। এরপর লেজের সরু অগ্রভাগটি জড়িয়ে ধরে বসে রইল। এদিকে শেয়াল ঝাঁপিয়ে পড়ল পানিতে। আরুকে লেজের ডগায় নিয়ে শেয়াল নদী পার হবার জন্য সাঁতার কাটা শুরু করল। ততক্ষণে নদীর পাড়ে এসে দাঁড়াল বুড়ো-বুড়ি; তাঁদের সঙ্গীরাও এসে গেল। তারা নদীর দিকে তাকিয়ে দেখতে লাগল কী করে আরু শেয়ালের লেজে চড়ে নদী পার হচ্ছে।
আরু লেজ থেকে ধীরে ধীরে শেয়ালের পিঠে উঠে বসল। কিন্তু এখানে বসতে কিছুটা অসুবিধা হচ্ছে। ভালো করে ধরার কিছুই নেই এখানে। তার অসুবিধা দেখে শেয়াল একটু ঘুরে দাঁড়াল। তারপর বলল, “তুমি বরং এক কাজ কর। তুমি আমার মাথায় চলে এসো। এখানে তুমি অনেক নিরাপদ থাকতে পারবে।”
আরু শেয়ালের কথায় ধীরে ধীরে হেঁটে শেয়ালের মাথায় চলে এল। এখানে অনেকটা আরাম করা যায়। শেয়ালের দুকান ধরে বসে থাকা যায়। সময় যায়, শেয়ালও ধীরে ধীরে সাঁতার কেটে এগোয়। এভাবে ওরা যখন নদীর অপর পাড়ের খুবই কাছাকাছি চলে এল তখন শেয়াল দুটো কাশি দিয়ে সরু গলায় কথা বলা শুরু করল।
সে বলল, “আরু, আমি সাঁতরে সাঁতরে এখন খুবই ক্লান্ত। আমার মনে হয়, তুমি যদি একটু কষ্ট করে আমার নাকের ডগায় এসে বসো তাহলে ভালো হয়।”
শেয়ালের কথা শুনে আরু খুব খুশি হয়ে শেয়ালের পিঠ ছেড়ে নাকের ডগায় চলে এল। আরও কিছুক্ষণ সাঁতার কাটার পর আরুকে নিয়ে পাড়ের কাছে চলে এল শেয়াল। কাঁধের উপর দিয়ে তাকিয়ে আরু দেখতে পেল যে ওপাড়ে চাষির দল, ঘোড়া ও গাভীর সঙ্গে দাঁড়িয়ে আছে বুড়ো আর বুড়ি।
পাড়ের কাছে এসে শেয়াল এক লাফে তীরে উঠে এল। ততক্ষণে শেয়ালের খুব ক্ষিধে পেয়েছে। সে হঠাৎ মাথাটা একটা ঝাঁকি দিতেই আরু শেয়ালের নাক থেকে সিটকে গেল। তখন শেয়াল হা করে আরুকে ধরতে গেলে আরু চলে গেল শেয়ালের মুখের ভেতর। এত মজার খাবার শেয়ালটি জীবনেও খায়নি। সে গপাগপ আরুকে পেটে চালান করে দিল।
সব কথার শেষ কথা, আরু মানবটি বানানোই হয়েছিল কারও না কারও খাবার হওয়ার জন্য। আর শেয়াল তো তাই করেছে।
একটা শান্তি শান্তি ভাব নিয়ে শেয়াল একটা ফুলবাগানে ঘুমুতে গেল।
আফ্রিকার রূপকথা
