২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাছের বন্ধু গাছের কথা

পথের দুপাশে তাকিয়ে দেখলে ছোটবড় অনেক গাছপালা দেখা যায়। তার সব কয়টা চিনি না, তবে কিছু কিছু গাছপালা নিশ্চয়ই চেনা। যেমন-- আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি। এগুলো ফলের গাছ। এগুলো বেশ বড় ও উঁচু হয়ে থাকে। এ ধরনের উঁচু গাছকে বৃক্ষ বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সামিন ইয়াসার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 06:06 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

গোলাপ, জবা, রঙ্গন, গন্ধরাজ, হাসনাহেনা প্রভৃতি ফুলের গাছ তত উঁচু হয় না। এগুলোর কোনো সুনির্দিষ্ট কাণ্ড নেই। তাই ঝোপের মতো হয়ে থাকে। ঝোপজাতীয় এই গাছপালার কাণ্ড এবং ডালপালা বেশ শক্ত হয়ে থাকে। এসব শক্ত কাণ্ডের ঝোপজাতীয় গাছকে গুল্ম বলা হয়।

কিন্তু এমন অনেক গাছপালা আছে যার কাণ্ড এবং ডালপালা নরম বা কোমল প্রকৃতির। আমরা অনেক ঘাস পা দিয়ে মাড়িয়ে যাই। এদের কাণ্ড ও ডালপালা কোমল প্রকৃতির বলে টের পাই না। এরা আকারেও খুব ছোট হয়ে থাকে। নরম কাণ্ডবিশিষ্ট এসব ছোট ছোট গাছপালাকে বীরূৎ বলা হয়।

কাজেই সব গাছপালাই উঁচু বৃক্ষ হয় না; বরং ছোট থেকে উঁচু বৃক্ষ পর্যন্ত বিভিন্ন প্রকার বহু গাছপালা আছে। এদের কাণ্ডের প্রকৃতিও ভিন্নভিন্ন ধরনের। কাণ্ডের প্রকৃতির উপর নির্ভর করে সব রকম গাছপালাকে উপরোক্ত বীরূৎ, গুল্ম ও বৃক্ষ-- এ তিন ভাগে ভাগ করা হয়।

উদ্ভিদজগতের এ ভাগ সর্বপ্রথম করেছিলেন থিওফ্রাস্টাস নামক একজন গ্রিক দার্শনিক। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে তিনি উদ্ভিদজগতের এ শ্রেণিভাগ করে গেছেন। এছাড়াও উদ্ভিদবিজ্ঞানে তাঁর আরও অনেক অবদান রয়েছে। এ কারণে তাঁকে উদ্ভিদবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে।

এতক্ষণ যেসব গাছপালার সঙ্গে পরিচিত হওয়া গেল এরা কিন্তু সবই স্থলভাগের মাটিতে জন্মে থাকে। স্থলে জন্মে বলে এরা স্থলজ উদ্ভিদ।

বাংলাদেশ নদীনালার দেশ। অসংখ্য নদীনালা, খালবিল, হাওর, পুকুর, ডোবা ইত্যাদি ছড়িয়ে আছে দেশজুড়ে। নদনদীগুলো কিন্তু গাছপালাশূন্য নয়। স্থলভাগের মতো পানিতেও বহু রকম গাছপালা জন্মে থাকে। বর্ষার শেষে যে পানিফল, মাখনা প্রভৃতি ফল পাওয়া যায়, তা পানিতেই জন্মে। পুকুর, বিল, ডোবার আর একটি অতি পরিচিত উদ্ভিদ হল শাপলা। শাপলার ফুল বেশ বড় ও সুন্দর। এরা সাদা, লাল, নীল, হলুদ প্রভৃতি রংয়ের হয়ে থাকে। এর মধ্যে সাদা শাপলা হল বাংলাদেশের জাতীয় ফুল।

শাপলার কাণ্ড পানির তলায় কাদায় জন্মে। কিন্তু পাতা ও ফুল পানির উপরে ভেসে থাকে। এ রকম গাছপালাকে নোঙ্গরবদ্ধ ভাসমান উদ্ভিদ বলে। আবার কিছু কিছু গাছপালা আছে যারা পানিতে ভেসে বেড়ায়। কচুরিপানা এর উদাহরণ। এগুলোকে মুক্ত ভাসমান উদ্ভিদ বলে। আবার কিছু কিছু গাছপালা আছে, যেগুলো পানিতে ডুবে থাকে। পাতা-শেওলা, ঝাউঝাঁঝি, ঝাঁঝি প্রভৃতি এর উদাহরণ। এগুলোকে নিমজ্জিত উদ্ভিদ বলে। এসব গাছপালা পানিতে জন্মে বলে এদের জলজ উদ্ভিদ বলা হয়। বাংলাদেশে প্রচুর জলজ উদ্ভিদ জন্মে থাকে।

কলমি, হেলেঞ্চা, মালঞ্চ, শুশনি প্রভৃতি শাক জলজ উদ্ভিদ। তবে এদের সাধারণত উভচর উদ্ভিদ বলা হয়ে থাকে। কারণ, এরা সাধারণত জলাশয়ের কিনারে মাটিতে জন্মে থাকে এবং পানির উপর লতিয়ে যায়। এ তো গেল মিঠে পানির গাছপালার কথা। সমুদ্রের লোনা পানিতে কিন্তু বহু রকম গাছপালা জন্মে থাকে। সমুদ্রে জন্মে বলে এদের সামুদ্রিক উদ্ভিদ বা লোনাজলের উদ্ভিদও বলা যেতে পারে।

কিছু কিছু গাছপালা অন্য গাছপালার উপর জন্মে থাকে। যেমন স্বর্ণলতা। এটি অনেকটা সোনালি বর্ণের তাই তার নাম হলো স্বর্ণলতা। এটি সাধারণত কুল, বাসক, বাগান-বিলাস প্রভৃতি গাছের উপর জন্মে থাকে। স্বর্ণলতার মতো এমন আরও অনেক গাছ আছে, যা অন্য গাছের উপর জন্মে থাকে। এরা পরকে আশ্রয় করে জন্মে বলে এদের পরাশ্রয়ী উদ্ভিদ বলা হয়ে থাকে। এদের পরগাছাও বলা হয়।

কতক পরাশ্রয়ী উদ্ভিদ আশ্রয় দানকারী গাছে শুধু আশ্রয়টুকু নিয়েই কৃতার্থ হয়। এরা অন্য গাছে আশ্রয় নিয়ে বাঁচে। কিন্তু নিজেরাই নিজেদের খাদ্য প্রস্তুত করে নেয়। এরা স্বভোজী। রাশ্না স্বভোজী পরাশ্রয়ী উদ্ভিদের একটি সহজ উদাহরণ। আবার কিছু পরাশ্রয়ী উদ্ভিদ আছে, যারা পরগাছে শুধু আশ্রয় নিয়েই ক্ষান্ত হয় না, এরা নিজেদের মূল আশ্রয়দানকারী গাছের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে জোর করে খাবারটুকুও কেড়ে নেয়। এরা শুধু পরাশ্রয়ী নয় এরা পরভোজীও। স্বর্ণলতা একই সঙ্গে পরাশ্রয়ী এবং পরভোজী উদ্ভিদ।

এতক্ষণ যেসব গাছপালার কথা বলা হল, তাদের জীবন চক্রে কোনো না কোনো সময় ফুল হয়ে থাকে। ফুল হয় বলে এরা পুষ্পক উদ্ভিদ। আমরা আশপাশে যেসব গাছপালা দেখে থাকি, তার অধিকাংশই পুষ্পক উদ্ভিদ। সকল পুষ্পক উদ্ভিদেই ফল ও বীজ হয়ে থাকে। এরা বীজ দিয়েই এদের বংশ বৃদ্ধি করে থাকে। পুষ্পক উদ্ভিদের বীজ বাহির থেকে দেখা যায় কি না তার উপর নির্ভর করে এদের আবার দুভাগে ভাগ করা হয়েছে।

আম, জাম, লিচু, পেয়ারা প্রভৃতি ফলের অভ্যন্তরে বীজ থাকে। আমরা ফলের শাঁসটুকু খেয়ে বীজটুকু ফেলে দেই। এদের বীজগুলো ফলের অভ্যন্তরে অবস্থিত বলে এদের গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদ বলে। পৃথিবীতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার বিভিন্ন প্রকার আবৃতবীজী উদ্ভিদ আছে।

প্রত্যেক বীজে বীজপত্র থাকে। কোনো কোনো উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে। যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদের দ্বি-বীজপত্রী উদ্ভিদ বলে এবং যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদের এক-বীজপত্রী উদ্ভিদ বলে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা প্রভৃতি উদ্ভিদ দ্বি-বীজপত্রী উদ্ভিদের উদাহরণ।

দ্বি-বীজপত্র উদ্ভিদের মূল প্রধান মূলতন্ত্র গঠন করে, পাতা জালিকা শিরাবিন্যাস যুক্ত হয়। পৃথিবীতে প্রায় দুই লক্ষ বিভিন্ন প্রকার দ্বি-বীজপত্রী উদ্ভিদ আছে। এক বীজপত্র উদ্ভিদের মধ্যে ধান, গম, ভুট্টা, ইক্ষু, বাঁশ, কলা, তাল, সুপারী, নারিকেল প্রভৃতি উদ্ভিদ প্রধান। এদের গুচ্ছমূল এবং পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে। পৃথিবীতে প্রায় পঞ্চাশ হাজার বিভিন্ন জাতের এক-বীজপত্রী উদ্ভিদ আছে। তাহলে দেখা যায় আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা মোট প্রায় আড়াই লক্ষ।

এমন অনেক উদ্ভিদ আছে, যাদের জীবনচক্রে কখনও ফুল হয় না। ফুল হয় না বলে এরা অপুষ্পক উদ্ভিদ। পৃথিবীতে প্রায় দেড় লক্ষ প্রকার অপুষ্পক উদ্ভিদ আছে। এ দেড় লক্ষ অপুষ্পক উদ্ভিদের গঠন ও জীবনধারণ পদ্ধতি একই রকম নয়। দৈহিক গঠনের ক্রম জটিলতার ভিত্তিতে অপুষ্পক উদ্ভিদগুলোকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়।

কিছু কিছু অপুষ্পক উদ্ভিদ আছে যাদের গঠন মোটামুটি জটিল এবং পূর্ণাঙ্গ। এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। অপুষ্পক উদ্ভিদের মধ্যে ঢেঁকিশাক, শুশনি শাক প্রভৃতির সঙ্গে আমরা পরিচিত। ঢেঁকিশাক বাড়ির আশপাশের কিংবা বনজঙ্গলের বা রাস্তার ধারের ছায়াশীতল স্যাঁৎসেতে স্থানে প্রচুর জন্মে। পুকুর, ঝিল, খাল প্রভৃতি জলাশয়ের কিনারে প্রচুর পরিমাণে শুশনি শাক জন্মে থাকে। এ সব অপুষ্পক উদ্ভিদকে ফার্নবর্গীয় উদ্ভিদ বলা হয়। এদের দেহের মাঝখানে পরিবহন চক্র আছে। পৃথিবীতে প্রায় দশ হাজার বিভিন্ন প্রকার ফার্নবর্গীয় উদ্ভিদ আছে।

পানি বর্ণ, গন্ধ ও স্বাদহীন। কিন্তু অনেক পুকুরে পানি সবুজ, নীলাভ-সবুজ দেখতে পাওয়া যায়, এমনকী কখনও কখনও কিছুটা লাল বর্ণেরও দেখা যায়। এসব কিন্তু বিভিন্ন প্রকার শৈবালের অতিমাত্রায় জন্মানোর জন্য হয়ে থাকে। সবুজ শৈবাল ছাড়াও বাদামি বর্ণের, লাল বর্ণের ও নীলাভ-সবুজ বর্ণের প্রচুর শৈবাল আছে। বাদামি ও লাল বর্ণের অধিকাংশ শৈবালই সমুদ্রে জন্মে থাকে। এরা কিন্তু সবাই স্বভোজী।

শৈবালের মতো ছত্রাকও আকারে অতি ক্ষুদ্র হয়। ব্যাঙের ছাতার মতো বড়ও হতে পারে। শৈবালের মতো এরাও বিভিন্ন পরিবেশে জন্মে থাকে। এরা পানিতে, গাছের মরা ডালে, পচা জৈবিক বস্তুতে, অন্য উদ্ভিদ ও প্রাণীর গায়ে জন্মে থাকে।

পৃথিবীতে বহু রোগ উৎপাদক ছত্রাক আছে। এরা বিভিন্ন রোগ সৃষ্টির মাধ্যমে আমাদের ফসলের বিপুল ক্ষতি করে থাকে। তবে কিছু কিছু অত্যন্ত উপকারী ছত্রাক আছে। পেনিসিলিয়াম এমন একটি প্রয়োজনীয় ছত্রাক বিভিন্ন জটিল রোগে যে পেনিসিলিন ইনজেকশন বা পেনিসিলিন মিশ্রিত ওষুধ ব্যবহৃত হয় তা কিন্তু পেনিসিলিয়াম নামক ছত্রাক হতে প্রস্তুত করা হয়। এটি একটি উত্তম এন্টিবায়োটিক ওষুধ। ১৯২৯ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম পেনিসিলিন আবিষ্কার করেন।