২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট্ট বেবুনের একদিন

হালুম করে সে লাফিয়ে পড়ে বেবুনদের উপর। এবং এক বেবুনকে ধরে মেরে ফেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> তাসলিমা নীলু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 03:25 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

১. ফটোগ্রাফার ইভান শেলার ও লিসা হোলজওয়ার্থ উত্তর বতসোয়ানার বনভূমিতে আসেন ছবি তোলার কাজে। হঠাৎ তাঁরা দেখেন, একদল বেবুন ও একটি সিংহী মুখোমুখি দাঁড়িয়ে আছে। উভয়েই চিৎকার করে একে অপরকে ভয় দেখাতে চেষ্টা করছে। কিন্তু সিংহ কি আর বেবুনের হুমকিতে ভয় পায়? হালুম করে সে লাফিয়ে পড়ে বেবুনদের উপর। এবং এক বেবুনকে ধরে মেরে ফেলে। দুঃখের ব্যাপার হচ্ছে, সেই বেবুনের শরীর ধরে ঝুলে ছিল তার একমাস বয়সী সন্তান। ২. মাকে মরে যেতে দেখে ভয় পেয়ে ছুটে পালায় শিশু-বেবুন। উঠতে চেষ্টা করে গাছে। কিন্তু তার শরীরে এত শক্তি ছিল না যে সে গাছ বাইতে পারে। ছোট্ট বেবুনকে দেখে গাছের কাছে ছুটে আসে সিংহী। ৩. ফটোগ্রাফাররা ভাবছিলেন, এবার হয়তো শিশুটির ঘাড় মটকে খেয়ে ফেলবে সে। তবে সবাইকে অবাক করে দিয়ে সিংহী ছোট্ট বেবুনকে নিয়ে খেলতে শুরু করে। ৪. হাত দিয়ে বেবুনকে আদর করে সিংহী। ভীত বেবুন-শিশু হুঙ্কার দিয়ে সিংহীকে ভয় দেখাতে চেষ্টা করে। কিন্তু সেই ভয় অগ্রাহ্য করে বেবুনকে নিজের কাছে টেনে নেয় সিংহী। ৫. বেবুনকে নিজের দুই পায়ের মধ্যে বসিয়ে রাখে সে, যেন আদর করে জড়িয়ে ধরতে চাইছে তাকে। ৬. ভয়ের কিছু নেই ভেবে এক সময় বেবুনটিও খেলতে শুরু করে সিংহীর সঙ্গে। চেষ্টা করে কামড়ে দিতেও। ৭. হাত দিয়ে সিংহীর মুখ ধরতে চেষ্টা করে সে। সিংহীও জিহ্বা দিয়ে বেবুনের শরীরে চেটে আদর করে দিতে থাকে। ৮. হঠাৎ সেখানে হাজির হয় আরও দুই সিংহ-সিংহী। তাদের বেবুন শিশুর দিকে লোভাতুর চোখে তাকাতে দেখে খেপে যায় সে। হুঙ্কার দিয়ে তাদের আক্রমণ করে। ৯. দূর থেকে বাবা-বেবুন সবই দেখছিল। কিন্তু সিংহীর কাছে যাওয়ার সাহস তার ছিল না। কিন্তু যখন সে দেখল সিংহ-সিংহী নিজেরা মারামারি করছে, তখন সে নেমে এল গাছ থেকে। এক ঝটকায় শিশু বেবুনকে নিয়ে আবার উঠে পড়ল গাছে। ১০. সিংহীর দয়া আর বাবার বুদ্ধিমত্তায় এ যাত্রায় বেঁচে যায় হতভাগা বেবুন। তবে মা ছাড়া কতদিন টিকে থাকতে পারবে সে-- বলতে পারে না কেউ।