হাট্টিমা
হাট্টিমাটিম পালিয়ে গেল রাজার বাড়ির গোয়ালে।
হাট্টিমাটিম বসা ছিল
মস্ত বড় ওয়ালে,
হঠাৎ করে উল্টে পড়ে
বিষম খেল চোয়ালে।
বদ্যি এসে চেকআপ করে
খবর পাঠায় রাজার ঘরে;
পড়ার সময় হাট্টিমাটিম
মাথাটাকে নোয়ালে
আত্মভোলা বোকার মতন
দন্তগুলোই খোয়ালে।
খবর পেয়ে উজির-নাজির
অকুস্থলে হল হাজির;
ধরাধরি করে তারে
পুকুর পাড়ে শোয়ালে
হাট্টিমাটিম আরাম পাবে
ঠাণ্ডা পানি ছোঁয়ালে।
পদ্মফোটা সেই পুকুরে
রটল খবর ঘুরে ঘুরে;
খবর পেয়ে তাড়িয়ে এল
একটা রাঘব বোয়ালে
হাট্টিমাটিম পালিয়ে গেল
রাজার বাড়ির গোয়ালে।
