চুল কাটলে রক্ত বের হয় না কেন?
আসলেই তো! চুল কাটলে রক্ত বের হয় না কেন? নখ কাটলেও তো রক্ত বের হয় না।
কেন রক্ত বের হবে না? তবে কি আমাদের চুলে আর নখে রক্তই থাকে না? হ্যাঁ, ঠিক ধরেছ। আমাদের চুলে আর নখে আসলেই রক্ত থাকে না। আর তাই তো চুল কাটলে কিংবা নখ কেটে ফেললে কোনো রক্তই বের হয় না।
চুল তৈরি হয় এক বিশেষ ধরনের মৃত কোষ দিয়ে। এই কোষগুলোর ভেতরেই যথেষ্ট প্রোটিন জমা থাকে। আর তাই আলাদা করে রক্ত দিয়ে অক্সিজেন বহন করে আনতে হয় না। যেখানে অক্সিজেন আনারই কোনো দরকার নেই, সেখানে আর রক্ত প্রবাহ রেখে লাভ কী বলো? তবে নখের কোষগুলো কিন্তু মৃত নয়, এগুলো এক ধরনের জীবিত কোষ। কিন্তু এগুলোতেও বিশেষ উপায়ে প্রোটিন জমা থাকে। আর তাই এখানেও রক্তপ্রবাহ থাকার দরকার নেই। সুতরাং তোমরা যত খুশি চুল কাটতে পার। ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে নখ আবার বেশি কাটতে যেও না। কারণ, নখের নিচের মাংসপিণ্ডটা কিন্তু একটু বেশিই সংবেদনশীল। তাই নখ বেশি কেটে ফেললে কিন্তু আবার তোমার ওই মাংসপিণ্ডে ব্যথা পাওয়ার সম্ভাবনা থেকে যাবে।
