২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেইন ফরেস্টের জীবজন্তু

চিরহরিৎ বন বলা যায় রেইন ফরেস্টকে। গ্রীষ্মমণ্ডলীয় এই বনে কখনও শীত আসে না। দানবাকৃতির বিশাল গাছ ঠাণ্ডায় কাবু হয় না, শুকিয়ে যায় না আঙুরলতার ঝাড়। বিবর্ণ হয় না নাম না জানা অপূর্ব সব ফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রবিউল কমল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:49 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

এই বনে সারাবছর পাখি ডাকে গাছের ডালে, বড় বড় বৃক্ষের মগডালে মনের সুখে দোল খায় বানর, উজ্জ্বল সূর্যালোকে বিচিত্র রঙিন পাখা মেলে উড়ে বেড়ায় প্রজাপতির দল।

রেইন ফরেস্ট যেন টারজান ছবির কল্পনার ভুবনের বাস্তব চিত্র। বুনো জঙ্গল, নাতিশীতোষ্ণ আবহাওয়া আর হরেক রকম বন্যপ্রাণীর মিলনকেন্দ্র এই রেইন ফরেস্ট। বিশাল সাপ, বিচিত্র ব্যাঙ থেকে শুরু করে রেইন ফরেস্টে দেখা মেলে জানা অজানা লক্ষ লক্ষ কীটপতঙ্গের।

রেইন ফরেস্টের নিবিড় অরণ্যে যে হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে তার অধিকাংশের নামই মানুষ জানে না। রহস্যময় এ রেইন ফরেস্টগুলো ধারণ করে আছে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ এবং বর্ণাঢ্য বন্য জীবনকে। পৃথিবীর মাত্র পাঁচ ভাগ এলাকা জুড়ে রেইন ফরেস্টের বিস্তৃতি হলেও সারাবিশ্বে অর্ধেক প্রজাতির প্রাণী আর উদ্ভিদের সন্ধান পাওয়া যায় এখানে। প্রবল শীতের সময় রেইন ফরেস্টে আগমন ঘটে লাখ লাখ পরিযায়ী পাখির।

আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে রেইন ফরেস্টের বিস্তৃতি। তবে সবচেয়ে বড় রেইন ফরেস্টের অবস্থান দক্ষিণ আমেরিকায়। আমাজন নদীকে ঘিরে রচিত হয়েছে এই রেইন ফরেস্ট।

চার হাজার মাইল বিস্তৃত আমাজনের জঙ্গলে পৃথিবীর এক তৃতীয়াংশ প্রাণী ও উদ্ভিদের বাস। হাজার হাজার বছর ধরে রেইন ফরেস্টে বাস করে আসছে বিভিন্ন প্রজাতির মানুষ। এরা শিকার করে, মাছ ধরে আর বনের ফলমূল খায়। এই মানুষগুলো এখন প্রকৃতিরই একটা অংশ হয়ে গেছে।

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বিশ্বজুড়ে রেইন ফরেস্ট বর্তমানে ক্রমশ ধ্বংসের সম্মুখীন। বহিরাগতরা বন জঙ্গল কেটে সব সাফ করে দিচ্ছে। খামার বাড়ি করছে, লেক খুঁড়ছে, খনি খুঁড়ছে, তেলের খনি খুঁজছে, তৈরি করছে নতুন রাস্তাঘাট আর এ জন্য প্রতি মিনিটে মানুষ আশি হাজার একর রেইন ফরেস্ট ধ্বংস করে চলেছে। চিন্তা করা যায়!

এভাবে ধ্বংসযজ্ঞ চলতে থাকলে আগামী একশ’ বছরে রেইন ফরেস্ট তার বুনো জীবন এবং প্রকৃতি নিয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে।

চলো, আমরা এখন রেইন ফরেস্টের কিছু প্রাণীর কথা শুনি-- যাদের জীবন মানুষের সীমাহীন লোভের কারণে আজ বিপদাপন্ন।

শিম্পাঞ্জি

বহুল পরিচিত বুদ্ধিমান এই প্রাণীটির বাস মধ্য এবং পশ্চিম আফ্রিকার রেইন ফরেস্টে। পুরুষ শিম্পাঞ্জিগুলোর ওজন হয় মোটামুটি ১৭৫ পাউণ্ড। লম্বায় এরা পাঁচ ফুটের কাছাকাছি। শিম্পাঞ্জিরা বেশিরভাগ সময় মাটিতে কাটালেও বাদাম, জাম ইত্যাদি বিভিন্ন ফলমূল সংগ্রহের জন্য গাছে উঠতে আপত্তি নেই মোটেও। আর গাছের ডালে ঝুলে দিব্যি আরামে ঘুমাতেও অসুবিধা হয় না কোনো। এগুলো এত চালাক যে লাঠি আর পাথর দিয়ে উইপোকার ঢিবি ভেঙে চাকুম চাকুম করে সুস্বাদু কীটগুলোকে চিবিয়ে খায়।

রাফড লেমুর

মাদাগাস্কার ও আফ্রিকার পূর্ব উপকূলীয় দ্বীপপুঞ্জের প্রায় বিলীন হয়ে যাওয়া জঙ্গলে লেমুরদের ঘরবাড়ি। বানরের ঠাকুর্দা বলা হয় লেমুরদের। ১৬ প্রজাতির লেমুরের মধ্যে সবচেয়ে বড় হল রাফড লেমুর। তিন ফুটের চেয়েও লম্বা হয় কোনো কোনোটা। লম্বা, লোমশ লেজ দিয়ে এরা ভারসাম্য রক্ষা করে খুব সহজেই, আর গাছের ফাঁকেও চলে বেড়ায় স্বচ্ছন্দে।

পাতাখেকো পিঁপড়ে

মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এক ধরনের পিঁপড়ে দেখা যায়। এদের কাজই হচ্ছে সারাক্ষণ কাটুসকুটুস করে সবুজ পাতা কাটা। কাটা পাতাগুলো তারা মাটির নিচের বাসায় নিয়ে যায়। তারপর চিবিয়ে লালার মতো করে তাতে বিশেষ ধরনের ফাংগাস জন্মায়। এই ফাংগাস বা ছত্রাকই হচ্ছে এদের খাদ্য।

এমারেল্ড গ্রিন ট্রি বোয়া

রেইন ফরেস্টে সাপ আছে প্রচুর। এগুলোর মধ্যে একটি হল এমারেল্ড গ্রিন ট্রি বোয়া। সবুজ রংয়ের সাপগুলো লতাপাতার মধ্যে এমনভাবে মিশে থাকে যে আলাদাভাবে এগুলোকে শনাক্ত করা খুব মুশকিল। ছয়ফুট লম্বা অজগরগুলো চুপচাপ ঝুলতে থাকে গাছের ডালে। আসলে অপেক্ষা করে শিকারের জন্য। কাছাকাছি কোনো পাখি এসে বসলে ঝাঁপিয়ে পড়ে ওটার উপর, শরীরে বসিয়ে দেয় দাঁত। তারপর মরণ বাঁধনে বেঁধে শ্বাসরোধ করে মেরে ফেলে। সবশেষে শুরু হয় খাওয়াদাওয়ার পর্ব।

মরফো বাটারফ্লাই

রেইন ফরেস্টে প্রজাপতির অভাব নেই কোনো। বিচিত্র রংয়ের প্রজাপতির ছড়াছড়ি বনভূমিগুলোতে। তবে এগুলোর মধ্যে রং ও রূপের ছটায় সবচেয়ে বিখ্যাত হল মরফো বাটারফ্লাই। শুধু দক্ষিণ আমেরিকার জঙ্গলেই এগুলো দেখা মেলে। বলা হয় মরফো বাটারফ্লাইদের মতো অপরূপ নীল রংয়ের পাখা পৃথিবীর আর কোনো প্রজাপতির নেই।

গ্রেট হর্নবিল

অদ্ভুত একটা পাখি গ্রেট হর্নবিল। আকারে যেমন বড়, ঠোঁটজোড়াও তেমনি বিশাল। মালয়েশিয়ার রেইন ফরেস্টে এদের আবাসস্থল। ওড়ার সময় মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে। যেন ঘেউ ঘেউ করছে কুকুর। আর ডানার ভেতর দিয়ে যখন বাতাস বয়ে যায়, মনে হয় যেন ট্রেনের হুইসেল বাজছে। গ্রেট হর্নবিলরা গাছে গর্ত করে বাস করে। মেয়ে হর্নবিলরা মাটির দুর্গ গড়ে তোলে নিজের চারপাশে। ফলে বানর, সাপ কিংবা অন্যান্য প্রাণীরা ডিম চুরি করতে পারে না, বাচ্চাগুলোও নিরাপদে থাকে। মাটির দুর্গে ছোট একটা গর্ত করে পুরুষ হর্নবিল। ফুটো দিয়ে তার স্ত্রী এবং সন্তানদের জন্য খাবার সরবরাহ করে।

ফিলিপিনো ঈগল

ফিলিপাইনের জাতীয় পাখিকে এক সময় ‘বানরখেকো ঈগল’ বলা হত। কারণ বানর ছিল তাদের প্রিয় খাদ্য। এই ঈগলরা বড় বড় পাখি ধরে খায়, সুযোগ পেলে শুকরের এবং কুকুর ছানাও বাদ যায় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাখিদের একটি হচ্ছে ফিলিপিনো ঈগল। জঙ্গলের সবচেয়ে বড় গাছটির মাথায় বাড়ি তৈরি করে ঈগলরা। তবে এসব ঈগল এখন ক্রমশ বিরল হয়ে উঠেছে মানুষের শিকারের কারণে। পাশাপাশি বনজঙ্গল কেটে সাফ করার কারণেও এদের প্রায় বিলীন হওয়ার জোগাড়।

শ্লথ

ধীর গতিতে উল্টো হয়ে হেলেদুলে চলতে খুব পছন্দ করে তিন ঠেঙা শ্লথরা। মধ্য এবং দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টের গাছের মগডালে এদের বাসস্থান। লম্বা, বাঁকানো নখ দিয়ে ডাল ধরে ঝুলে থাকে শ্লথরা। এভাবেই পাতা আর ফুল খেয়ে পেট ভরায়। উল্টো হয়ে ঝুলন্ত অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা ঘুমাতেও শ্লথদের জুড়ি মেলা ভার। গাছের সঙ্গে এদের আত্মার সম্পর্ক। মাটিতে থাকতে পারে না বলে গাছ মরে গেলে শ্লথও মরে যায়।

এশিয়ান হাতি

বিশালদেহী এশিয়ান হাতিগুলোকে মানুষ ধরে ধরে এখন তাদের ‘দাস’ বানাচ্ছে। আফ্রিকান হাতির চেয়ে আকৃতিতে একটু ছোট হলেও এশিয়ান হাতিরা উচ্চতায় দশ ফুটের কম নয়, আর ওজন কমপক্ষে এগারো হাজার পাউণ্ড। শুধু উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আর তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় চারশ’ পাউন্ডের মতো খাবার প্রয়োজন হয়। দ্রুত বনভূমি বিলুপ্ত হওয়ার কারণে এশিয়ান হাতিরাও নিশ্চিহ্ন হতে শুরু করেছে।

ধরা যাক, কোনো ধূমকেতু নিজের পথ ভুলে অবিশ্বাস্য রকম দ্রুতগতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে, এসেই আছড়ে পড়বে একেবারে। আর সঙ্গেসঙ্গে ঘটে যাবে পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর এক বিস্ফোরণ। লক্ষ লক্ষ বছর আগে এমন করেই বিভিন্ন ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ ইত্যাদির আঘাতে পৃথিবীতে কি বড়সড় প্রাকৃতিক পরিবর্তন ঘটে যায়নি? আর তখন কি বিলুপ্ত হয়ে যায়নি পৃথিবীর প্রাণীদের বেশিরভাগ প্রজাতি, এমনকি ডাইনোসরেরাও?