মেঘবতী ও দুষ্টু হাওয়া
মেঘের মেয়ে মেঘবতী ওড়না পরে নীল মেঘ-সখীদের সঙ্গে নিয়ে হাসছিল খিলখিল। ওড়নাটা তার নীলের ভেতর মেঘের ওড়াউড়ি হঠাৎ হাওয়ায় ওড়না ওড়ে ধুত্তুরি-ধুত্তুরি।
বাড়ল হাওয়ার গতি সে কী ওড়না গেল উড়ে
“ওড়না খুঁজে আনতে হবে যাক না যতই দূরে।”
-- মেঘবতীর বাবার হুকুম, মেঘসেনারা ভাবে--
কোথায় গেলে কেমন করে ওড়নাটা আজ পাবে।
মেঘমুলুকে হুড়োহুড়ি ছুটোছুটি কী যে!
মেঘবতীর মনটা খারাপ দুচোখ জলে ভিজে।
মেঘে-মেঘে ঘর্ষণ হয় চমকাল বিদ্যুৎ
সারা আকাশ ইলিকঝিলিক দেখতে কী অদ্ভুত!
মেঘসেনারা ছুটতে থাকে ঘোড়ার পিঠে চড়ে
ওড়না-শোকে মেঘবতী কাঁদতে শুরু করে।
সেই কান্নাই বৃষ্টি হয়ে ঝরছে পৃথিবীতে
দুষ্টু হাওয়া পারল কী আর ওড়না ফেরত দিতে!
