২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেব্রার ডোরাকাটা দাগ

তোমরা হয়ত জেব্রা দেখেছ এবং এর সম্পর্কে জানো। সাদা আবরণের মাঝে কালো ডোরাকাটা দাগগুলো অনেক সুন্দর, তাই না! কিন্তু এই ডোরাকাটা দাগগুলো কেন? অবশ্যই কোনো প্রয়োজনেই তো স্রষ্টা এগুলো দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রবিউল কমল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 11:28 AM

Updated : 13 Oct 2022, 12:07 PM

কারণ, সব জিনিসেরই প্রয়োজয়ানীয়তা ও অপ্রয়োজনীয়তা রয়েছে। আসলে সে রকমই জেব্রার ডোরাকাটা দাগগুলো।

জেব্রাদের ডোরাকাটা দাগগুলো মূলত ছদ্মবেশী। এই দাগগুলো শিকারিদের দৃষ্টিভ্রম করার জন্য এবং মাছি তাড়ানোর জন্য যথেষ্ট। প্রাচীন মতবাদের দিকে তাকালে দেখা যায় যে, চার্লস ডারউইন বলেছেন, “দক্ষিণ আফ্রিকার সমতল ভূমিতে ডোরাকাটা দাগ কোনো প্রভাব ফেলতে পারে না।”

কিন্তু কম্পিউটারের পর্যবেক্ষণ এই মতবাদের আমূল পরিবর্তন ঘটিয়েছে। কোইন্সল্যান্ড ও লন্ডন  বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জেব্রার দলভেদে চলাফেরা লক্ষ করেন। এতে তারা সিদ্ধান্তে পৌঁছেন যে, ডোরাকাটা দাগ ২ প্রকার দৃষ্টিভ্রমতা সৃষ্টি করতে পারে, যা শিকারি প্রাণীদের থেকে তাদের বাঁচিয়ে রাখে। দৃষ্টিভ্রমতার প্রথম পর্যায়কে বলা হয় চাকার কামরার ফলাফল। এটা বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যাক।

একটি হেলিকপ্টারের পাখার ব্লেড কল্পনা করা যাক। এটি যখন ঘুরতে থাকে, তখন একদৃষ্টিতে চেয়ে থাকলে দেখা যাবে পাখাগুলো বিপরীত পাশ থেকে ঘুরে আসছে। এতে করে দৃষ্টিভ্রমতার সৃষ্টি হয়। গোলাকার গতিশীল যে কোনো বস্তুর (যেমন-- সাইকেলের চাকা) ক্ষেত্রেও এ রকম দৃষ্টিভ্রমের সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়কে বলা হয় Barberpole Illusion.। যদিও এই পর্যায়ে দাগগুলো অনুভূমিকভাবে নড়ে। কিন্তু আমরা একে লম্বালম্বিভাবে নড়তে দেখি। বাস্তবিক পক্ষে এই দৃষ্টিভ্রমের ব্যাপারটা পুরোই অসম্ভব।

পূর্বের আলোচনা টানলে দেখা যায়, এই দুই প্রকার দৃষ্টিভ্রমের ফলে জেব্রারা পোকামাকড় (মাছি) ও শিকারি প্রাণীদের প্রতিহত করতে পারে। আফ্রিকার গহীন জঙ্গলে এরা প্রাণীর চোখে ধুলা দেয়। যারা জেব্রা শিকার করে খায়, বিশেষ করে সিংহের চোখে এরা দৃষ্টিভ্রমের  সৃষ্টি করে। এছাড়া যেহেতু এদের ডোরাকাটা দাগ দেখিয়ে ছদ্মবেশী হয়, সেহেতু আপনার মনে হতে পারে, আফ্রিকার গহীন বনের গাছপালাগুলো সাদাকালো! যাতে তারা সহজেই মিশে যায়। আসলে তা নয়।

সিংহরা মূলত কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। মানে বিভিন্ন রং আলাদা করে চিনতে পারে না। ওদের জগতটাই সাদাকালো। তারা বুঝতে পারে না, কোনটা দৃঢ় কালো, কোনটা হালকা কালো, কোনটা গাঢ় সাদা, কোনটা হালকা সাদা। ফলে সেই সিংহের চোখে ধুলো দেওয়ার জন্য তো সাদাকালো ডোরাকাটা দাগই সবচেয়ে কাজ দেয়। ছদ্মবেশী রূপটি তখনই পরিপূর্ণভাবে ফোটে ওঠে, যখন এরা দলবেধে ঘোরাফেরা করে। এদের ঘোরার সময় একজন আরেকজনের এতই কাছাকাছি থাকে, যাতে করে সিংহরা বুঝতে পারে বড় আকারের অদ্ভুদ কী যেন লম্বভাবে নড়ছে। সিংহরা এদের চলাফেরার দিকের হিসেব ও সুস্পষ্টভাবে বুঝতে পারে না। এছাড়া এদের ডোরাকাটা দাগগুলো রক্তচোষা পতঙ্গকে দূরে রাখতে সাহায্য করে। ডোরাকাটা দাগের বিশেষ ধরন (প্যাটার্ন) পতঙ্গদের আকর্ষণ করে না।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী “External Biology”-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা আরও বলেছেন, পতঙ্গদের কাছে জেব্রারা ‘অনাকর্ষণীয়’ হওয়ার মূল কারণ নির্ভর করছে ডোরাকাটা দাগ কীভাবে আলোর প্রতিফলন ঘটায় তার উপর। আবার দেখা যায়, মাছিরা কালো রংয়ে বেশ আকৃষ্ট হয়, কিন্তু সাদা রংয়ে আকৃষ্ট হয় না। জেব্রার বেশিরভাগ অংশ সাদা হওয়ায় এবং অনুভূমিকভাবে আলো প্রতিফলনের দরুন মাছি এর আকৃষ্ট না হওয়ার পাশাপাশি দৃষ্টিভ্রমও হয়ে থাকে।

প্রকৃতির অবাধ বিচরণ আর নিয়মের ফাঁদেই জেব্রারা তাদের ডোরাকাটা দাগ ব্যাবহার করে থাকে, যা আসলেই মনমুগ্ধকর।