ছড়ার খাতা
ভাবছি বসে-- পড়ল খসে একটি ঝরা পাতা… সেই পাতাটিই হল আমার ছড়া লেখার খাতা।
প্রজাপতির রঙিন ডানা ঘাসফুলেরা আঁকে
টবের কোণে ফড়িং নাচে শালিক চেয়ে থাকে।
গাছের ডালে পাখির বাসা, বাসায় দুটি ছানা
আম্মু বলে পাখির ছানা ধরতে নাকি মানা।
সবুজ টিয়ে হলদে পাতা জলের রংয়ে আঁকা
দোয়েল ডাকে গাছের ডালে লেজটি করে বাঁকা।
বাতাস লেগে কাশফুলেরা এদিক-ওদিক দোলে
রোদের তাপে সূর্যমুখী ঘোমটাখানি খোলে।
বুলবুলিটা গাছের ডালে ব্যস্ত থাকে গানে
মেঘের দেশে ওড়ে ঘুড়ি নাটাই-সুতোর টানে।
ভাবছি বসে-- পড়ল খসে একটি ঝরা পাতা…
সেই পাতাটিই হল আমার ছড়া লেখার খাতা।
