গেছোভূত
ভূত নাকি ভীতুদের মনে মনে থাকে, এইবার দেখে নাও ভূত বলে কাকে!
কান দুটো বড় বড় ছোট তার গাল,
চোখ দুটো এত বড় ঠিক যেন তাল।
দাঁতগুলো এলোমেলো কালো কালো বাঁকা,
বড় বড় চুল, জটা ধরা, কাঁচা-পাকা।
হাসবে সে হিহি করে কথা বলে ‘নি-নি’,
এই হল গেছোভূত, গাছে থাকে যিনি।
গাছে গাছে বসে থাকে গাছে খায়-দায়,
গাছে গাছে খেলা করে গাছেই ঘুমায়।
গাছ ছেড়ে মাঝে মাঝে নেমে আসে নিচে,
একেবারে খাঁটি কথা, নয় মোটে মিছে।
গত রাতে মামাকে সে ডেকে বলে, “এই,
তুমি ছাড়া ঘরে বুঝি আর কেহ নেই?”
মামা বলে, “কী যাতনা! কথা বলে কে রে?
দেখ টিটু ঘুমাতে দে, নয় দেব মেরে!”
তাই শুনে ভূতটা তো হাসে কড়কড়,
মামা বলে, “টিটু তোকে দেব এক চড়।”
তবু কেউ যায় না তো হিহি করে হাসে,
হেসে হেসে বসল সে বিছানার পাশে।
ঘুম ঘুম চোখে মামা বলে, “হাসে কে রে?
টিটু তুই গেলি, নাকি দেব চড় মেরে?”
ভূতটা কি তবু যায়? কাছে আসে আরও
গালটাকে পেতে বলে এইখানে মারো!
কটমট করে মামা চড় দিল তারে,
তারপর হুঁশ হতে চেয়ে দেখে, আরে!
আশে পাশে কেউ নেই টিটু-লিটু ঘুমে,
দরজায় খিল তবে ঢুকল কে রুমে?
ভূত বলে, “আমি ভূত গাছে বাড়ি-ঘর,
গাছে গাছে ঘুরি ফিরি সারাটা বছর।”
তুমি নাকি ভিতু নও, বল ভূত নাই,
টিটু-লিটু ভূত-ভূত বলে খামোখাই!
ভূত নাকি ভীতুদের মনে মনে থাকে,
এইবার দেখে নাও ভূত বলে কাকে!
এ কী হল? কাঁপো কেন? ভয় পেলে নাকি?
আরও কত কথা আছে, কত কথা বাকি!
কে যে শোনে কার কথা, দাঁত কিটমিট
করে মামা, যাকে বলে একেবারে ফিট!
