২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবস দেশে দেশে

মা দিবস যে কোনো দেশে, যে কোনোভাবে, যে কোনো দিনই পালন করা হোক না কেন মায়ের প্রতি আমাদের ভালোবাসার তো কোনো পরিবর্তন হবে না। কী বলো, বন্ধুরা? কেননা, মা যেভাবে কষ্ট করে আর ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে তোলেন সন্তানেরা তা সারাজীবনেও ভুলতে পারবে না। তাই তো মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই উৎযাপন করা হয় মা দিবস। আর এবারের মা দিবসে তুমি তোমার মাকে এমন কিছু উপহার দাও যেন সে তার জীবনের সবচাইতে বেশি খুশি হয়। আর তার প্রতি তোমার ঋণ যেন কিছুটা হলেও কমে। তবে শুধু মা দিবসেই নয়, বছরের প্রতিটি দিনই আমরা এমনি করে ভালোবেসে যাব মাকে। মায়ের জন্য আমাদের ভালোবাসার যেন কোনো কমতি না হয়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সামিন ইয়াসার অথই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 03:46 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

আরব বিশ্ব

আরব বিশ্বের বেশিরভাগ দেশে মা দিবস পালন করা হয় মার্চ মাসের ২১ তারিখ। আর এই মা দিবস পালনের কথা সর্বপ্রথম বলেন মুস্তফা আমিন নামের এক সাংবাদিক। তিনি ছিলেন মিশরের নাগরিক। এই মা দিবসের পিছনে একটি ছোট্ট গল্প আছে। একবার মুস্তফা আমিন শুনলেন যে, এক বিধবা মা তার জীবনের সবকিছু উৎসর্গ করেছেন তার ছেলেকে ডাক্তার বানানোর জন্য। অথচ ডাক্তার হওয়ার পর সেই ছেলে বিয়ে করে মাকে ছেড়ে চলে যায়। এটি ১৯৪৩ সালের কথা। এরপর সরকারিভাবে ১৯৫৬ সালের ২১ মার্চ প্রথম মা দিবস পালন শুরু করা হয়। তাদের দেখাদেখি অন্যান্য আরব দেশেও একই দিনে দিবসটি উৎযাপন শুরু করে।

অস্ট্রেলিয়া

আমাদের দেশে যেমন মা দিবস পালন করা হয় মে মাসের ২য় রোববার, তেমনি অস্ট্রেলিয়াতেও দিবসটি পালন করা হয় একই দিনে। আর মা দিবসে মায়েদের উপহার দেওয়ার প্রথাটা কিন্তু চালু হয় এই অস্ট্রেলিয়াতেই। এই উপহার দেওয়ার পিছনেও কিন্তু একটা গল্প আছে। জেনেট হেইডেন নামে অস্ট্রেলিয়াতে এক মহিলা ছিলেন, যিনি কিনা ছিলেন ডাক্তার। তিনি একবার এক মহিলা আশ্রমে গেলেন রোগী দেখতে। সেখানে গিয়ে তিনি অনেক দুখি মহিলা দেখতে পেলেন, যাদের কিনা তাদের ছেলেমেয়েরা ভুলে গিয়েছে। সেসব মায়েদের ভালোবেসে, তাদের আনন্দ দেওয়ার জন্য তিনি একটা বুদ্ধি বের করলেন। বিভিন্ন জায়গা থেকে অর্থ সাহায্য সংগ্রহ করে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে মায়েদের উপহার দেওয়ালেন। ধীরে ধীরে এ উপহার দেওয়াটা আরও বাড়তে লাগল। আর এভাবেই সেইসব দুখী মায়েদের মন ভালো হয়ে গেল আর মা দিবসেরও সূচনা হল।

নেপাল

নেপালে মা দিবস উৎযাপনের ধরনটা একদমই ভিন্ন। সেখানে একদিন নয়, দুদিন নয়, টানা  ১৫ দিন চলে মায়ের জন্য উৎসব। আর এ উৎসবের নাম ‘মাতা তীর্থ অনষি’। বৈশাখ মাসের অমাবস্যার ১৫ দিন এ উৎসব চলে। মায়েদের পূজা করা হয় আর উপহার দেওয়া হয় এ উৎসবে।

এই উৎসব পালনের পিছনে কিন্তু একটি প্রাচীন কিংবদন্তি আছে। শোনা যায়, একবার প্রভু কৃষ্ণের মা দেবকী ঘুরতে বেরিয়েছিলেন। নানা জায়গায় ঘুরতে ঘুরতে তার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। এদিকে প্রভু কৃষ্ণ তো মাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়েন। তাই তিনি মাকে খুঁজতে বেরিয়ে যান। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও মাকে পেলেন না তিনি। অবশেষে ‘মাতা তীর্থ কুন্ড’র কাছে এসে তিনি দেখলেন যে তার মা একটি পুকুরে গোসল করছেন। প্রভু কৃষ্ণ মাকে খুঁজে পেয়ে খুব খুশি হলেন এবং তার মনের সব ভয় চলে গেল। তখন মা দেবকী বললেন যে, এই জায়গাটি এখন থেকে এতই পবিত্র যে এখানে এলে সন্তানেরা তাদের মৃত মায়ের সাক্ষাৎ পাবে। তখন থেকেই সেই পুকুরের পাশে নাচ, গান করে, উৎসব করে ভালোবাসা দেখানো হয় মাকে।

বলিভিয়া

বলিভিয়াতে মা দিবস পালন করা হয় মে মাসের ২৭ তারিখ। এ দিনটির পিছনে রয়েছে একটি করুণ ইতিহাস। বলিভিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ১৮১২ সালের ২৭ মে করনিলা নামক এক জায়গায় এক যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে অংশ নিয়েছিল বলিভিয়ার অনেক বীর নারী যাদের নিষ্ঠুরভাবে হত্যা করে স্প্যানিশরা। যদিও দিনটি খুবই দুঃখের; তারপরও সেই সব নারীদের স্মরণে দিনটিতে দেশজুড়ে মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়।