২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বনের জীবন

একটানা বৃষ্টিতে থেমে আছে বনের জীবন। গাছপালা জবুথবু, ঘাসগুলো ডুবোডুবো। কাদাজলে একাকার, সবকিছু ছারখার। ডানপিটে মেঘেদের ভীষণ দাপট। রোদেরা পালিয়ে গেছে, ময়ূরেরা নেচে নেচে উল্লাসে ডাকে বারবার। হরিণের ছোট এক শিশু, অতি প্রিয়-- নাম তার মিশু। মাকে বলে, বড় বেশি ক্ষিধে লেগে গেছে। দুধে আর পেট ভরে না যে। কচি ঘাস এনে দাও খাই। একটানা ঝড়জলে সবকিছু টলটলে, বনটাই জলের অতলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ওমর কায়সার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 06:14 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

হাঁটতে গেলেই চারখানি পা কেমন কাদার মধ্যে আটকে যাচ্ছে। বনের পশুপাখিরা এই বর্ষায় যে যার মতো খাবার টাবারের কথা ভুলে গিয়ে নিজেদের বাঁচিয়ে রাখছে। এর মধ্যে মিশুর পেয়েছে ক্ষুধা। মা কোথায় যায়? মন খারাপ করে মিশুকে নিজের কাছে ডেকে মুখ দিয়ে আদর করছে আর বলছে, বৃষ্টি যত বেশি হবে ততই আমাদের জন্য ভালো। বৃষ্টি থামলেই দেখবি রাজ্যের যত নতুন নতুন খাবার, হালকা সবুজ, গাঢ় সবুজ, ঘন সবুজ খাবার মাটি ভেদ করে উঠে এসেছে। সূর্যের আলোয় চারদিকে ঝকমক করবে। তখন এই বনের মধ্যে ইচ্ছেমতো তুই খাবার খেতে পারবি। মায়ের কথায় মিশুর মনে স্বপ্ন জাগে। একদিন বনের ঘন গাছপালার পাতার ফাঁক দিয়ে ঝলমলে রোদ এসে এই মাটিতে পড়বে। মিশুর গায়ে রোদ আসবে। বনটা তখন নিশ্চয় হাসবে।

ভাবতে ভাবতে মিশুর একটু ঝিমুনি এসেছে। একটা উঁচু মাটির ঢিবির নিচে যেখানে তাদের বাসা, সেখানে নিচে বেশ কাদা। সেই কাদার মধ্যে মিশু শুয়ে পড়ল। বাসাটা মিশুর মা এখানেই করেছে, কাদা হলেও এই জায়গাটা বেশ নিরাপদ, তাছাড়া নদীটা এখান থেকে খুব কাছে। পানি খেতে কোনো অসুবিধা হয় না। তবে মা এখনও তাকে নদীতে যেতে দেয় না। মা বলে, তোর এখনও যাওয়া ঠিক হবে না। কুমিরগুলো ভীষণ চালাক। ওদের চালাকি বুঝতে তোকে আরও অনেক বড় হতে হবে। মিশু ধীরে ধীরে বড় হচ্ছে, আর মা তাকে একটু একটু বনের ভেতর ঘুরতে দিচ্ছে। কিছুদূর গিয়ে দৌড়ে আবার মায়ের কাছে চলে আসে। একদিন দৌড়ে আসার সময় হঠাৎ তাকে কে যেন ডাক দেয়। থমকে দাঁড়িয়ে পেছন ফিরে দেখল তার মতো আরেকজন, তার চেয়ে একটু বড়। সে নিজেই কাছে এসে বলল, আমার নাম পিনু। চল আমরা একসঙ্গে খেলি। মিশু প্রথমে একটু ভয়ে ভয়ে ছিল। তারপর মনে মনে বলল, সে তো আর কুমিরও নয়। বাঘও নয়। আমাদের মতো হরিণ তো বটে। তবে তাকে আর ভয় কি?

পিনুর মধ্যে মিশুর চাইতে সাহস একটু বেশি। পিনু প্রতিদিন নতুন নতুন জায়গা আবিষ্কার করতে চায়। মিশু মায়ের কাছে দৌড়ে দৌড়ে চলে আসে। আবার দৌড়ে যায়। আড়চোখে দেখে পিনু কোথায় গেছে। যদি দেখে পিনুর ওখানে কোনো বিপদ হয়নি। তখন সে ওখানে দৌড়ে যায়।

পিনু আর মিশুর বন্ধুত্বের কথা ওদের মায়েরা এখন জানে। কোথাও গেলে ওদের মা বলে, সঙ্গে বন্ধুকে রাখিস। তো সেই বন্ধুর সঙ্গে আজ অনেকদিন তার দেখা নেই। বৃষ্টি সব কিছু কেমন এলোমেলো করে দিল।

২ পিনুর ডাকে মিশুর ঘুম ভাঙল। মিশু চমকে দেখে তার পাশে মা নেই, পিনু। অনেকদিন পর পিনুকে আনন্দটা দেখাতে পারল না মিশু। তার মা নেই বলে। বরং কাঁদো কাঁদো হয়ে পিনুকে জিজ্ঞেস করল, আমার মা কই?

পিনু বলল, বৃষ্টি থেমেছে দেখে তোর মা বাইরে গেছে। আমাকে বলল এখানে তোর সঙ্গে একটু থাকতে। দেখ এবার খুব মজা হবে। বৃষ্টি হলেই সবকিছু শেষ হয়ে যায়।

মিশু বলল, বৃষ্টি একেবারে আমার ভালো লাগে না।

পিনু বলল, তুমি একটা বোকা মেয়ে মিশু। বৃষ্টি তো আমাদের জন্যই হয়। বৃষ্টি না হলে নতুন গাছপালা হবে কী করে? গাছেরা বাঁচবে কী করে। আর গাছপালা না থাকলে আমাদের এই বনের দেশটা বাঁচবে কী করে?

মিশু বলল, তুমি বোকা ছেলে। তুমিই তো বলেছ, গাছেরা রোদ খায় তাদের পাতা দিয়ে, রোদ না থাকলে গাছেরা বড় হতে পারে না, বাঁচে না।

ঠিক তাই, পিনু বলল, গাছেদের জন্য বৃষ্টি আর রোদ দুটোই লাগে। আর তাই তো রোদ আর বৃষ্টি দুটোই আমাদের বনে পালা করে আসে।

তুমি এত জানো কী করে? মিশু জিজ্ঞেস করে।

জানতে হলে সব দেখতে হয়। আমাকে কিছু কিছু আমার মা বলেছে। আর কিছু দেখে দেখে শিখেছি। মিশু আর পিনু কথা বলছে। এমন সময় একটা শনশন আওয়াজ পেল। তারা উপরের দিকে তাকাল। দেখল গাছের ডালে খুশিতে খেলছে টুসু। টুসু একটা ছোট্ট বানর। মিশু পিনুর সঙ্গে ভাব আছে। টুসু ওদের ভীষণ ভালোবাসে। পিনু বলল, বৃষ্টি থেমেছে দেখে খুব মজা, তাই না।

হ্যাঁ, টুসু বলল। নিচে বেশ কাদা। তোমরা তো নিশ্চয় হাঁটতে পারছ না। আমি তো গাছে বেশ মজা পাচ্ছি। অবশ্য গাছের শরীরটা একটু পিছলা হয়ে গেছে।

পিনু হারবার পাত্র নয়। সে বলল, কই না তো আমাদেরও বেশ মজা। এই দেখ, আমি আমার বাসা থেকে মিশুদের এখানে এসেছি।

টুসু বলল, তুমি তো বড় হয়েছ। আমি বলছি মিশুর কথা। ও তো এই কাদায় দৌড়াতে পারবে না। কী মিশু তুমি পারছ? না, আমি পারছি না। মিশু বলল। আর খুব খিদে পেয়েছে।

টুসু বলল, তাই নাকি! সেটা আমাকে আগে বলবে তো। এই এক্ষুনি আমি তোমাকে খাবার এনে দিচ্ছি। এই বলে এক লাফে দৃষ্টির আড়ালে চলে গেল টুসু।

মিশু বলল, ওদের কত মজা তাই না। লাফিয়ে লাফিয়ে এগাছ থেকে ওগাছে কেমন হুট করে চলে যেতে পারে। বাঘেও ওদের খেতে পারে না।

পিনু বলল, আমাদেরও অনেক মজা। কিন্তু তোমার মনে সবসময় ভয় তাই তোমার মজা লাগে না।

মিশু এবার অভিমান করে বলল, দেখো আমি কিন্তু মোটেও ভয় পাই না।

হ্যাঁ, আমার মা বলেছে, বনের মধ্যে আমরা সবাই মিলেমিশে থাকি। কেউ গাছে থাকে। কেউ জলে। কেউ উড়তে পারে। আমরা সবাই মিলেই তো এই দেশ। ওদের কথা শেষ হতে না হতেই একলাফ দিয়ে নামল টিসু। অনেকগুলো কচি কচি পাতা নিয়ে এসেছে। তা দেখে ভীষণ খুশি মিশু। টুসুকে ধন্যবাদ দিয়ে সে খেতে শুরু করল।

টুসু বলল, ধন্যবাদ দিতে হবে না। তোমরা আমার বন্ধু, বন্ধুর জন্য কিছু করা তো আমার দায়িত্ব। টুসু বেশ বড়দের মতো কথা বলতে শিখেছে। ওর সত্যি সত্যি বুদ্ধি একটু বেশি। কচি পাতাগুলো খাওয়া শেষ করে ওরা অনেকক্ষণ ধরে নানা বিষয়ে কথা বলল। একটা টিয়ে তাদের মাথার উপরে এসে অনেকক্ষণ ডাকাডাকি করল। সবাই উপরের দিকে তাকিয়ে দেখল। কেন ডাকছে টিয়েটা বুঝতে পারল। কিন্তু সবার চোখে ধরা পড়ল একটা মজার জিনিস। সত্যিই তো মজার। আকাশটা অনেকদিন পর নীল হয়েছে। তার মানে রোদ উঠেছে। গাছের পাতারা এখন রোদ খাবে। পাতার ফাঁক দিয়ে বনের মাটিতে এখানে রোদ এসে পড়ছে না কেন? মনে মনে সবাই ভাবল। নিশ্চয় কোথাও এক টুকরো মেঘ এখনও রয়ে গেছে। পিনু বলল, চলো একটু খোলা জায়গায় যাওয়া যাক। সেখানে রোদ পাব। শরীরটা একটু রোদ পাওয়ার জন্য কেমন ঝিমঝিম করছে।

মিশু বলল, না। আমার ভয় করছে। যদি মা এসে আমাকে না পায়?

আরে না না, ভয়ের কিছু নেই। আমরা বেশি দূর যাব না। মা তোমাকে ঠিকই পেয়ে যাবে।

টুসু বলল, উপর থেকে সব কিছু ভালো করে দেখা যায়। আমি একেবারে গাছের মগডালে উঠে তোমার মাকে খুঁজে নেব।

টুসুর কথা শুনে মিশুর যেন সাহস এল।

কিছুদূর হেঁটে ওরা একটা খোলা জায়গা পেল। ওখানে বেশ রোদ। চারদিকে কেমন একটা উৎসবের মতো। প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে। ফড়িংয়ের ঝাঁক, পাখিরা উড়ছে, গাইছে। মিশু, পিনু আর টুসুর মন খুশিতে নেচে উঠল। প্রথম খুশির ভাবটা দেখাল টুসু, সে একলাফে গাছে উঠে বড় একটা ডালের আগায় পৌঁছে দোল খেল। তারপর হি-হি সুরে হেসে আবার নিচে চলে এল। পিনু দিল ভো-দৌড়। এসব দেখে মিশুর ভেতরের জড়তা কেটে গেল। সে সামনের দুই পা তুলে দিল একটা লাফ। তা দেখে হাত তালি দিল টুসু। আর চি-চি করে একটা অদ্ভুত শব্দ করে পিনুকে ডাকতে লাগল। পিনু অনেক দূর চলে গিয়েছিল। টুসুর ডাক শুনে ফিরে এল।

এসেই বলল, কী হল আমায় ডাকলে যে।

টুসু বলল, পিনু এখন সামনের পা দুটো তুলে যা চমৎকার একটা নাচ দেখাল আমাকে।

তাই, তবে আমাকেও দেখাতে হবে।

আবদার করল পিনু। টুসুও অনুরোধ করল মিশুকে। ওরা দুজন মিশুর খুব কাছে চলে এসেছে। মিশুর খুব লজ্জা লাগল। কিন্তু ওরা এমনভাবে ধরল যে কিছুতেই আর না বলা যায় না। দুজনের দিকে একবার তাকিয়ে সে আবার সামনের দু পা তুলল আর চেষ্টা করল দুই পা দিয়ে হাঁটার। কিন্তু বেশিদূর যেতে পারল না। টলতে টলতে পড়তে গিয়ে পা দুটো মাটিতে নামাল। সে রকম টলতে দেখেই টুসু আর পিনু মনে করল মিশু নাচছে। তাতেই তারা খুশি। মিশু, টিসু আর পিনুর এই আনন্দ, মৌমাছির গুঞ্জন, পাখিদের গান, প্রজাপতির রঙিন ডানার উড়াল সব মিলিয়ে যখন ওরা আত্মহারা তখনই টুসু হঠাৎ লাফ দিয়ে গাছে উঠে গেল ভয় পেয়ে। আর ওখান থেকেই ফিসফিস করে বলল। সাবধান, মনে হয় উনি এদিকে আসছেন।

কে? জানতে চাইল পিনু।

কে আবার, বাঘমামা। দাঁড়াও আমি উপরে উঠে চারদিকে খেয়াল করে দেখি।

ঠিক তখনই, একটা চিল ভয়ার্তভাবে ডানা ঝাপটাল।

এবার পিনু আর মিশু বুঝতে পেরেছে আশপাশে কোথাও মামা আছে। মিশু আর পিনু এবার সত্যি সত্যিই ভয় পেল। আশপাশে দ্রুত চোখ ঘোরাল। আর তখনই টুসু চিৎকার করে বল উঠল, মিশু তোমার মা আসছে।

টুসুর কথা শেষ না হতেই দেখা গেল মিশুর মায়ের সঙ্গে আরও অনেকগুলো হরিণ দৌড়ে আসছে। মিশুর মা ভয়ার্ত। এসে মিশুর কানে কানে বলল, বাবা আয় আমার সঙ্গে। দৌড় দে। আর কিছু না বলে দৌড়াতে থাকে তারা। মিশু আর পিনুও দৌড়াতে থাকল। পেছনে মামার গর্জন শুনতে পেল তারা। ভয়ানক সেই গর্জন। মিশুর প্রাণ যায় যায়। তবুও সে দৌড়াতে থাকে। মিশু বেশি দৌড়াতে গিয়ে কাহিল হয়ে পড়ে। ক্রমশ সে পেছনে পড়ে যাচ্ছে। মা দ্রুত ছুটতে ছুটতে পেছনে দিকে তাকায়। দেখে মেয়েটি পেছন পড়ে আছে। একটু দাঁড়াল। মেয়ের কাছে এসে বলল, দৌড়া। আমি তোর পেছনে আছি।

এবার পেছন পেছন মা, সামনে মিশু। এখন এমন অবস্থা হয়েছে সবার পেছনে মিশুর মা। মিশু মাকে দেখল। তারপরেই সে চিৎকার দিয়ে উঠল। দেখল মায়ের খুব কাছে বাঘ মামা। সে মাকে সতর্ক করে দিল। মাও প্রাণপণ দৌড়াচ্ছে। মা চিৎকার করে বলে উঠল, মিশু, মা আমার, আমার জন্য চিন্তা করিস না। তুই নিজের জীবন বাঁচা। আরও জোরে ছুটে যা। ওই বুড়ো বাঘটা আমাকে ধরতে পারবে না। তুই পেছনের দিকে তাকাবি না।

মায়ের কথা শুনে মিশু চোখ বন্ধ করে ছুটতে লাগল। কতদূর গিয়েছে সে নিজেই জানে না। একসময় হরিণের দল তাদের দৌড় থামায়। মিশুও থামে। তারপর পেছন ফিরে তাকায়।

মা কোথায়? মনে মনে বলল। এমন সময় তার কাছে এল পিনু। মিশু কাঁদতে কাঁদতে বলল, আমার মা কোথায়?

পিনু বলল, তোমার মা নিশ্চয় আসবে। চল আমরা ওদিকটায় ঘুরে আসি।

মিশু বলল, ওটা কি চলে গেছে?

মনে হয় চলে গেছে।

চল তবে দেখে আসি। এই বলে তারা এগিয়ে গেল। এমন সময় বড় একটা গাছের ডাল থেকে লাফ দিয়ে টুসু নামল। ভীষণ ভয়ার্ত সে। বলল, মিশু তোমার মা তোমাকে ডাকছে।

কোথায়? এই প্রশ্ন করেই সে কেঁদে ফেলল।

চল আমার সঙ্গে। টুসু ওদের দুজনকে অনেক পুরনো একটা বটগাছের কাছে নিয়ে গেল। গাছটার বড় বড় শিকড়। ঝুড়ি নেমেছে অনেক। যেন একটা সুন্দর সাজানো গাছ। সেই গাছের শেকড়ের কাছে একটা ছোট গর্ত। সেই ছোট্ট গর্তের ভেতর থেকে কে যেন ডাক দিল মিশুকে। মিশু দেখল মা তার পড়ে আছে।

মা তুমি এখানে কেন? মিশু জানতে চাইল।

এখানে জীবন বাঁচাতে চলে এসেছি। ছোট গর্ত। তাই বাঘ এখানে ঢুকতে পারেনি। অনেক চেষ্টা করেছে। রাগ করে অনেক গর্জন করেছে। কিন্তু পারেনি।

তুমি বের হয়ে আসো, মিশু বলল।

না মা, বের হতে পারছি না। তড়িঘড়ি করে ঢুকতে গিয়ে সামনের পা-টা মনে হয় গেল। যতদিন পা ভালো না হয় ততদিন এখানে থাকব।

মিশু বলল, মা তুমি চিন্তা কর না। তোমার জন্য আমি ঘাস পাতা এনে দেব।

আমি কি বেশিদিন বাঁচব, বাছা? সবাই তো আর চিরদিন থাকে না। আমি যে এখানে আটকা পড়েছি সে তো দেখেছে বাঘ। সে তো বারবার এদিকে আসবে।

তবে কী হবে?

কী আর হবে, মা বলল, এভাবেই চলবে। যখন যেমন অবস্থা তখন সে ব্যবস্থা নেব। আপাতত তোমরা নিজের জায়গায় ফিরে যাও। টুসু তোমাদের সব খবর দেবে। সব বুঝে শুনে আমাকে দেখতে এসো।

মিশু কেঁদে দিল, মা তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। মা তার কণ্ঠে অনেক আদর এসে বলল, পাগলামি করো না মিশু। যাও বাছা। তুমি বড় হচ্ছ। এটা মেনে নাও, এটাই আমাদের বনের জীবন।