দুই গল্প তলস্তয়ের
লেভ তলস্তয় ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন। তার গল্পগুলো নিয়মিত প্রকাশ হচ্ছে। গল্পগুলো মজার, অথচ শিক্ষণীয়।
ঈগল, কাক ও মেষপালক
মাঠে ভেড়ার পাল চরে বেড়াচ্ছে। হঠাৎ আকাশ থেকে ধেয়ে এল ঈগল, শক্ত থাবায় এক মেষশাবককে ছোঁ মেরে তুলে নিল। এটা এক কাক দেখে, সেও মাংস খেতে চাইল।
বলল, “এটা কী আর এমন কঠিন ব্যাপার! আমি আরও ভালোভাবে এই কাজ করব। বোকা ঈগল ধরল একটা বাচ্চাকে, আর আমি ওই মোটাসোটা ভেড়াটাকেই বেছে নিলাম।”
এই বলে কাক তার থাবা বসাল ভেড়ার লোমে। সে চাইল তাকে ওঠাতে। কিন্তু পারল না, এমনকি সে তার থাবাকে ওই ভেড়ার পুরু লোম থেকে ছাড়াতেও পারল না। মেষপালক এল, সে ভেড়ার গা থেকে কাকের পা টেনে বের করে তাকে মেরে ফেলে দিল।
দুই মোরগ তাদের লড়াই শুরু করল এক গোবর-গাদার পাশে। এদের একটি ছিল বেশি শক্তিশালী, সে অন্য মোরগটিকে মেরে সেই গোবর-গাদা থেকে তাড়িয়ে দিল। সমস্ত মুরগি তাকে ঘিরে প্রশংসা করতে লাগল। মোরগ চাইল পাশের প্রতিবেশীরাও তার শক্তি ও জয়ের কথা জানুক। এই ভেবে সে উড়ে গেল এক চালাতে, ডানার ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলতে লাগল, “সকলে দেখো আমাকে, আমি একটি মোরগকে পিটিয়েছি, আমার মতো শক্তিশালী আর কেউ নেই।”
কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই উড়ে এল ঈগল, মোরগকে মেরে শক্ত থাবায় নিয়ে চলল তার নিজের বাসায়।
