গল্প: প্রকাণ্ড ডানার বুড়ো
টানা তিনদিন ধরে বৃষ্টি। এই কদিনে ঘরের মধ্যে অনেক বেশি কাঁকড়া মেরে ফেলেছে প্যালিও। ও ভাবছিল, কাঁকড়া পঁচার দুর্গন্ধেই হয়তো নবজাতকের সারারাত ধরে জ্বর ছিল। তাই ওগুলো সমুদ্রে ফেলে দেওয়ার জন্য ভেজা উঠানটা পেরুতে হল ওকে।
মঙ্গলবার থেকেই পৃথিবীর এমন মন খারাপ। আকাশ, সমুদ্র-- সবই কেমন যেন ছাইরঙা। আর সমুদ্রের বালুকাবেলার রংটা হয়েছে অনেকটা কাদা আর ঝিনুক একসঙ্গে অনেকক্ষণ মৃদু জ্বালে সিদ্ধ করলে যেমন হয়, তেমন। অথচ সাগরতীরের বালিরাশি মার্চের রাত্রে কেমন উজ্জ্বল আলো ছড়ায়। এখন আলো এতই কম যে, দুপুরবেলা প্যালিও যখন কাঁকড়াগুলো সমুদ্রে ফেলে বাড়িতে ফিরল, ওর পক্ষে ঠিক বুঝে ওঠা সম্ভব হল না ভেজা উঠানে গভীর গোঙানিসহ ওটা কী গড়াগড়ি খাচ্ছে। প্যালিও এবার অনেকটা কাছে গিয়ে দেখল, ‘জিনিসটা’ একজন বুড়ো মানুষ। খুউব বুড়ো একজন মানুষ। উপুড় হয়ে পড়ে আছে, মাথাটা কাদায় গড়াগড়ি খাচ্ছে। বুড়ো লোকটা অসম্ভব চেষ্টা করছে উঠে দাঁড়ানোর। পারছে না। বুড়োর প্রকাণ্ড ডানার ভারে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে।
প্যালিওর মনে হল, ও যেন দুঃস্বপ্ন দেখছে। একছুটে প্যালিও ওর স্ত্রী এলিসেন্ডার কাছে গেল। এলিসেন্ডা তখন অসুস্থ বাচ্চার পাশে বিমূঢ় বসে ছিল। এলিসেন্ডাকে নিয়ে প্যালিও আবার এল উঠানে। দুজনেই নির্বাক-নিষ্পলক চেয়ে রইল মাটিতে পড়ে থাকা মানুষটার দিকে। গায়ে তার ছিন্ন পোশাক। টাক মাথায় গুটিকয়েক ধূসর চুল আর মাত্র কটা দাঁত। হয়তো একটা সময় তার বেশ জাঁকজমকপূর্ণ অবস্থা ছিল। কিন্তু এই ভেজা, কর্দমাক্ত অবস্থায় সেটা বোঝার কোনো উপায় নেই। তার বাজপাখির মতো বিশাল ডানা, যেটির আবার বিভিন্ন জায়গায় পালক উঠে গেছে, তাকে কাদার মধ্যে ভীষণভাবে বিপর্যস্ত করে রেখেছে। প্যালিও আর এলিসেন্ডা অনেকক্ষণ ধরে তাকে দেখতে দেখতে ওদের ভয় আর বিস্ময় কেটে গেল। তখন বুড়োকে আর ওদের কাছে অপরিচিত মনে হল না। সাহস করে প্যালিও বুড়োর পরিচয় জানতে চাইল। বুড়ো তখন বোঝা যায় কি যায় না এমন স্বরে কী এক উদ্ভট উপভাষায় কী একটা বলল! নাবিকদের কণ্ঠ যেমন ভরাট হয়, তেমনই ভরাট কণ্ঠ বুড়োর। ঝড়-বৃষ্টির রাত, নাবিকের মতো ভরাট কণ্ঠস্বর— এসব দেখেশুনে প্যালিও আর এলিসেন্ডা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এল, বুড়ো নিশ্চয়ই জাহাজডুবি হওয়া কোনো এক ভিনদেশী নাবিক। তারপরও ওরা ওদের এক প্রতিবেশি মহিলাকে ডেকে আনল। সবার ধারণা, সেই মহিলা জীবনমৃত্যুর মাঝে যা-যা আছে, সবই জানেন। তাকে ডেকে এনে ঐ বুড়ো মানুষটির সামনে দাঁড় করিয়ে তার মতামত জানতে চাইল।
“উনি একজন দেবদূত।” মহিলাটি বলল, “উনি মনে হয় বাচ্চাটাকে দেখার জন্য এসেছেন। কিন্তু বেচারা এতই বুড়ো যে, ঝড়ের সঙ্গে পেরে উঠেননি। ঝড় তাকে ধরাশায়ী করে ফেলেছে।”
পরদিনই সবাই জেনে গেল যে, রক্ত-মাংসের এক দেবদূত প্যালিওর বাড়িতে বন্দি আছে। মহিলাটি ওদের বলেছিল, দেবদূতরা অনেক সময় দৈবিক ষড়যন্ত্রের শিকার হয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ায়। এই দেবদূত সে ধরনেরও যদি হয়, প্যালিওর হৃদয় এমন পাষাণ ছিল না যে, বুড়োকে এভাবে পড়েপড়ে মরতে দেবে। পুরোটা বিকেল রান্নাঘর থেকে বুড়োকে দেখল প্যালিও। সঙ্গে ছিল এক দশাসই গদা। দিন শেষে যখন ও ঘুমাতে যাওয়ার প্রস্ততি নিল, তখন ঐ বুড়োকে টেনেহিঁচড়ে কাদা থেকে উঠিয়ে মুরগির খাঁচায় পুরে রাখল। খাঁচাটি ছিল তার দিয়ে ঘেরা।
মাঝরাতে বৃষ্টি থেমে গেল। প্যালিও আর এলিসেন্ডা তখনও কাঁকড়া মারছিল। বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পর বাচ্চাটি জ্বর সেরে জেগে উঠল। উঠেই খাওয়ার জন্য কান্নকাটি শুরু করল। তখন দেবদূতের প্রতি ওদের মহানুভবতা জেগে উঠল। ওরা ঠিক করল, দিন তিনেক দেবদূত বিশ্রাম করুক, তারপর তাকে একটা ভেলায় করে আবার সমুদ্রে ভাসিয়ে দিবে। দেবদূতের কপালে যা থাকবে, তাই হবে।
ভোরবেলা সূর্য্য উঠার পরপরই ওরা উঠানে এসে দেখল, প্রতিবেশিরা ওদের আগে উঠে মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতের সঙ্গে মজা করছে। দেবদূতের প্রতি ন্যূনতম ভক্তি-শ্রদ্ধা না রেখে তাকে উত্যক্ত করছে। বিভিন্ন খাবার ছুড়ে দিচ্ছে খোলা জায়গা দিয়ে। ওদের ভাব দেখে মনে হচ্ছে, অপার্থিব নয়, ওরা যেন সার্কাসের কোনো প্রাণীর সঙ্গে মজা করছে!
দেবদূত আটকের এমন উদ্ভট খবরে আতঙ্কিত হয়ে ফাদার গনজাগা সকাল সাতটার আগেই প্যালিওর বাড়িতে চলে আসলেন। এর মধ্যে দর্শকরা ছেলেমানুষিপূর্ণ কাজ থামিয়ে বন্দির কপালে কী আছে, এই নিয়ে সম্পূর্ণ অনুমানভিত্তিক কথাবার্তা বলা শুরু করেছিল। তাদের মধ্যে সরল মনের কেউ কেউ প্রস্তাব করল, তাকে ‘বিশ্বের মেয়র’ নামকরণ করা উচিত। আর কঠোর মানসিকতার লোকজন বলল, তাকে পাঁচ তারকা জেনারেল বানিয়ে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া দরকার, যাতে করে সে সবগুলো যুদ্ধ জয় করতে পারে। কোনো কোনো উর্বর মস্তিষ্কের দর্শক মত দিল, তাকে কোনো একটা ঘোড়া পালনের প্রতিষ্ঠানে পাঠানো দরকার, যাতে করে সেখান থেকে একটা ডানাযুক্ত দক্ষ, জ্ঞানী পুরুষ জাতি সে তৈরি করতে পারে, যারা কিনা মহাবিশ্বের ভার নিতে পারবে।
ফাদার গনজাগা ধর্মযাজক হওয়ার আগে একজন শক্ত-সামর্থ্য কাঠুরিয়া ছিলেন। তিনি মনে মনে তার ধর্মীয় পুস্তক থেকে প্রশ্নোত্তর ঝালাই করে নিয়ে খাঁচার সামনে এসে দাঁড়ালেন। অন্যদের বললেন, খাঁচার দরজা খুলে দিতে, যাতে করে বন্দীকে তিনি ভালোভাবে দেখতে পারেন।
অন্যান্য মুরগির মধ্যে এই দেবদূতকে জ্বরাগ্রস্ত প্রকাণ্ড একটা মুরগির মতো লাগছিল। রোদ আসায় দেবদূতটি এক কোণায় তার ভেজা পাখা শুকাতে দিয়েছিল। বিভিন্ন ফলের টুকরো আর খাবারের উচ্ছিষ্ট, যা ভোরবেলা তার দিকে ছুড়ে মারা হয়েছিল, সেগুলোর মধ্যে শুয়ে শুয়েই সে পাখা মেলে দিয়েছিল। মানুষের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ সত্ত্বেও দেবদূত শুধু তার প্রত্নতাত্ত্বিক চোখ মেলে চেয়ে ছিল। আর ফাদার গনজাগা যখন ল্যাটিন ভাষায় তাকে ‘সুপ্রভাত’ জানালেন. তখন সে চাপা বিরক্তির ভাব নিয়ে নিজস্ব ভাষায় বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করল।
প্রথম সাক্ষাতেই ফাদার গনজাগার মনে হল, এ একটা ভণ্ড, প্রতারক। কেননা, এই বুড়োটা ঈশ্বরের ভাষা তো জানেই না, এমনকি একজন পাদ্রির সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তাও জানে না। এরপর আরও ভালোভাবে লক্ষ করে তিনি দেখলেন, এই বুড়ো, দেবদূতের চেয়েও অনেক বেশি মানুষের মতো দেখতে। তার পাখাগুলোতে বিভিন্ন পোকা বাসা বেঁধেছে, গা থেকে একটা অসহনীয় দুর্গন্ধ বের হচ্ছে, আর ঝড়ো বাতাসে পাখা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেবদূতের যে মানমর্যাদা, তার কোনোকিছুই এই বুড়োর মধ্যে নেই।
এরপর তিনি মুরগির খাঁচা থেকে বের হয়ে এসে উপস্থিত দর্শকদের উদ্দেশে কিছু ধর্মোপদেশ দিয়ে বললেন যে, সবাইকে সাবধান হতে হবে। শয়তান অনেক সময় দেবদূতের বেশ ধরে আসে, আর বেখেয়াল মানুষদের ধোঁকা দিয়ে থাকে। তিনি যুক্তি দেখালেন যে, শুধু পাখাই যদি দেবদূত নির্ণয় করত, তাহলে একটা বাজপাখি কিংবা বিমানও দেবদূত হিসেবে স্বীকৃতি পেত। যাই হোক, তিনি সবাইকে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে, তিনি তার বিশপের কাছে একটা চিঠি দিবেন, যাতে করে বিশপ তার প্রদেশের আর্চবিশপকে এ ব্যাপারে লেখেন। এবং তিনি প্রধান ধর্মযাজকের কাছে চিঠি দিয়ে রায় জানতে পারেন, এই লোককে নিয়ে কী করা যায়।
তার দূরদর্শী কথা সবার মনে একটা ছাপ ফেলে গেল। আর এদিকে দেবদূত বন্দি থাকার খবর এত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল যে, কয়েক ঘণ্টার মধ্যেই আঙিনাজুড়ে বিপুল জনসমাগম ঘটল। বাজারেও বোধহয় এত মানুষের ভিড় হয় না! শেষ পর্যন্ত বেয়নেটসহ সৈন্যদল এল এই ভিড় ঠেকানোর জন্য। সৈন্যরা এসে ভিড় হাল্কা করে দিল। নয়তো এই ভিড়েই ওদের বাড়ি ধ্বসে পড়ত। ভিড় সরে যাওয়ার পর এলিসেন্ডা যখন উঠোন ঝাড় দিয়ে সব ময়লা পরিষ্কার করছিল, তখন তার মনে দারুণ একটা বুদ্ধি এল। এলিসেন্ডা চিন্তা করল, ওদের আঙিনা যদি বেড়া দিয়ে ঘিরে তার মাঝে দেবদূতকে রাখা হয়, আর মানুষের কাছ থেকে পাঁচ সেন্ট করে নেওয়া হয় দেবদূতকে দেখার জন্য, তাহলে কিন্তু বেশ হয়!
একটা ভ্রাম্যমাণ সার্কাস দল এল। ওদের উড়ন্ত দড়াবাজিকর ভিড়ের উপর দিয়ে বেশ কয়েকবার ভনভন করে চক্কর মারল। কিন্তু কেউ সেদিকে ঘুরেও দেখল না। কারণ, তার পাখা ঐ দেবদূতের মতো আসল নয়; বরং কেমন যেন বাদুড়ের মতো। অনেক দূর থেকে কৌতূহলী মানুষ এসেছে। অসম্ভব অসুখে ভোগা হতভাগ্য নরনারী ভিড় জমাল নিরাময়ের আশায়। পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা পঙ্গু ব্যক্তি এসেছে স্বাস্থ্য ভালো করতে। এক বুড়ো গরিব মহিলা, যার শৈশব থেকেই হৃদস্পন্দন গুণে গুণে ক্লান্ত, সেও এসেছে ভালো হওয়ার আশায়। এক পর্তুগিজ, যে কিনা তারাখসার শব্দে ঘুমাতে পারে না, সেও এসেছে। ঘুমন্ত অবস্থায় চলাফেরা করে এমন মানুষও এসেছে, তার সমাধান করতে; যে কিনা দিনে সম্পন্ন করা কাজ রাতে ভণ্ডুল করে দেয়। কত যে বিচিত্র রোগী! এছাড়াও আরও প্রচুর মানুষ এসেছে, তাদের নানা রকম অসুস্থতা নিয়ে। এগুলোর মধ্যেও সর্বনাশা ব্যাধি হল ক্লান্তি, যা সত্ত্বেও প্যালিও আর এলিসেন্ডা দারুণ সুখী ছিল। কারণ, তাদের ঘর টাকা দিয়ে ঠেসে ভরে উঠছিল। তারা কেবল টাকা গুণছে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাদের ঘর টাকায় ভর্তি অথচ এখনও দর্শনার্থীর কমতি নেই। বাইরে অপেক্ষমাণদের সারি যেন তীর্থযাত্রীদের সারি দিগন্তরেখা ছাড়িয়ে যাচ্ছিল।
দেবদূতই ছিল একমাত্র ব্যতিক্রম, যার এত কিছুতেও কিছুই আসে-যায় না। খাঁচার পাশে রাখা তেলের প্রদীপ আর মোমবাতির নারকীয় তাপে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও, সে তার মধ্যেই একটু আরাম করে শোওয়ার চেষ্টা চালিয়ে গেল। এদিকে দর্শনার্থীরা তাকে মথ পোকা খাওয়ানোর চেষ্টা করল। কেননা, প্রতিবেশী ঐ মহিলা বলেছিল যে, দেবদূতের খাদ্য নাকি মথ আর প্রজাপতি। কিন্তু সে সেগুলো না খেয়ে উল্টে রাখল। সে চার্চের দেওয়া পবিত্র খাবারও স্পর্শ করল না। দিনশেষে সে সামান্য বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খেল না। তার মাঝে ধৈর্য্য ছাড়া আর কোনো অলৌকিক গুণ আছে বলে মনেই হয় না! বিশেষ করে যখন মুরগিগুলো তার ডানায় ঠোকর মেরে মেরে পোকা খাচ্ছিল, আর লেগে থাকা পালকগুলো খসিয়ে দিচ্ছিল; কিংবা যে মানুষটি তার দিকে পাথর ছুড়েছিল, যাতে করে সে একটু বিরক্ত হয়েও উঠে দাঁড়ায় আর তারা তাকে দেখতে পারে, সে কাউকেই কিছু বলল না। শুধু একবারই তারা বুড়োটাকে একটু নড়াচড়া করাতে সমর্থ হয়েছিল। একবার এত বেশি সময় ধরে বুড়োটা নড়াচড়া না করে ছিল যে, দর্শকরা প্রথমে মনে করেছিল সে বোধহয় মরেই গেছে। তাই তারা লোহা গরম করে তাকে ছ্যাঁকা দিয়েছিল। তখন বুড়ো একটু নড়ে পাশ ফিরেছিল। তখন সে তার ভাষায় উচ্চকণ্ঠে চিৎকার করে উঠল। চোখ থেকে নেমে এল কয়েক ফোঁটা অশ্রু। তারপর মুরগির মতো কয়েকবার ডানা ঝাপটাল। ডানা ঝাপটানোর ফলে মুরগির বিষ্ঠা আর ধুলার মাঝামাঝি রকমের একট ঝড় বয়ে গেল, আর সেগুলো উড়ে বাইরের দর্শনার্থীদের উপর গিয়ে পড়ল। তার ভীত-সন্ত্রস্ত চেহারা দেখে মনে হল, এই পৃথিবী তার অচেনা। অধিকাংশই মনে করল, তার এই প্রতিক্রিয়া আসলে ব্যথার জন্য, অন্য কিছুর জন্য নয়। এরপর থেকেই তারা তাকে বিরক্ত করা বন্ধ করে দিল।
বন্দির ভাগ্যে কী ঘটবে, সেই চিঠির অপেক্ষায় থাকার কথা মনে করিয়ে দিয়ে ফাদার গনজাগা দর্শকদের হৈচৈ একটু স্তিমিত করে দিলেন। কিন্তু ভাব দেখে মনে হচ্ছিল, রোম তার এই চিঠির কোনো গুরুত্বই দেয়নি। তারা তাদের সময় ব্যয় করছিল বন্দির নাভিটা কেমন, তার ভাষা কি সিরিয়া দেশের ভাষার মতো কি না, কিংবা বুড়োটা আদতে কৃত্রিম পাখাওয়ালা এক নরওয়েজিয়ান কি না— এইসব হাবিজাবি প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে। এই অনুর্বর চিঠিগুলো আসছে আর যাচ্ছে, কিন্তু পাদ্রির দুর্দশার সমাপ্তি ঘটছে না।
এই সময়টাতে শহরে আরও একটা ভ্রাম্যমান সার্কাস দল এল। সেই সার্কাস দলের অন্যতম আকর্ষণ ছিল এমন একটা মেয়ে, যে কিনা তার বাবা-মার অবাধ্য হওয়ায় মাকড়সায় রূপান্তরিত হয়েছে। এই মেয়েটিকে দেখার আকর্ষণ কোনোক্রমেই দেবদূত দেখার আকর্ষণ থেকে কম নয়। এখানে বরং মেয়েটিকে প্রশ্ন করার সুযোগ ছিল। শোনার সুযোগ ছিল তার দুর্দশার কাহিনি। তাছাড়া তাকে কাছ থেকে পরীক্ষা করারও সুযোগ ছিল। তাই কেউ এই ভয়ঙ্কর ব্যাপারটিকে অবিশ্বাস করেনি। তার মাকড়সা-শরীরটা ছিল একটা ভেড়ার সমান বড়, আর মুখটা ছিল এক দুখি মেয়ের মুখ। তবে দর্শকরা তার শরীর দেখে নয়, বরং তার এই দুর্ভাগ্যের বর্ণনা শুনে চমকিত হত। যখন সে কিশোরী, তখন একবার বাবা-মার অনুমতি না নিয়ে সারারাত এক পার্টিতে ছিল। পার্টি শেষে রাতের অন্ধকারে বনের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল সে। হঠাৎ প্রচণ্ড শব্দে আকাশ দুই ভাগ হয়ে তার উপর বজ্রপাত হয়। আর সে মাকড়সায় রূপান্তরিত হয়। এখন তার একমাত্র খাবার মাংসের টুকরা, যেগুলো লোকজন দয়া করে তার মুখে ছুড়ে দেয়। এমন একটি চমকপ্রদ ঘটনার পাশাপাশি দেবদূতের পক্ষ থেকে কোনো অলৌকিক ঘটনা না ঘটার কারণে মানুষজন দেবদূত সম্পর্কে হতাশ হয়ে পড়ল। তাছাড়া ফাদার গনজাগার বিভিন্ন উপদেশবাণীও এক্ষেত্রে ভালো কাজ দিল। ফলে খুব দ্রুতই প্যালিওর উঠান জনশূন্য হয়ে গেল। এমনই জনশূন্য হয়ে গেল, যেমনটি ছিল বৃষ্টি হওয়ার দিনগুলোতে, যখন কাঁকড়া ঘুরে বেড়াচ্ছিল ঘরময়।
জনশূন্য হয়ে গেলেও বাড়ির মালিকরা কিন্তু বিন্দুমাত্র মনক্ষুণ্ন হল না। যে টাকা আয় করেছিল, তা দিয়ে একটা দোতলা বাড়ি বানাল ওরা। বারান্দাসহ বাড়ি। সামনে বাগান আর চারদিকে জাল দিয়ে ঘেরা। এতে শীতকালে কাঁকড়া ঘরের ভেতর না আসতে পারে। আর জানালায় বড় করে দেওয়া হল লোহার বেষ্টনি, যাতে দেবদূত ঘরে চলে আসতে না পারে। প্যালিও শহরের পাশেই একটা খরগোশের খামার দিল। সব মিলিয়ে অনেক সম্পত্তির মালিক হল প্যালিও। আর গোমস্তার চাকরিটাও ছেড়ে দিল। এলিসেন্ডা বেশ কিছু সাটিনের কাপড়, পাম্প-সু আর হাইহিল কিনল। আরও কিনল রংবেরংয়ের রেশমি কাপড়। এগুলো পরে রোববার যখন ও বের হত, তখন ওই সময়ের সবচেয়ে মনোহর নারী হিসেবেই সবাই তাকে দেখত। মুরগির খাঁচাই খালি কোনো মনোযোগ পেল না ওদের কাছে। মাঝে মাঝে মুরগির ঘরটা ওরা পরিষ্কার করত বটে, কিছু ধুপধুনোও দিত। কিন্তু সেটা দেবদূতের সন্মানে নয়। বরং মুরগির মলের স্তূপ থেকে যে দুর্গন্ধ আসত, তা থেকে বাঁচতে। এই মলের দুর্গন্ধটাই শুধু নতুন বাড়িটাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিত। বাচ্চাটা যখন হাঁটা শিখল, তখন তারা খুব সতর্ক ছিল; যেন বাচ্চাটা মুরগির খাঁচার কাছে না যায়। ধীরে ধীরে তাদের এই ভীতি কমে আসল, আর মুরগির বিষ্ঠার গন্ধও মোটামুটি সয়ে এল ওদের। বাচ্চার যখন দ্বিতীয় দাঁতটা উঠল, তখন থেকে সে খাঁচায় গিয়ে খেলতে শুরু করল। খাঁচায় তখন একদিকের তারের বেড়া খসে পড়েছে। দেবদূত বাচ্চাটার সঙ্গে এমন কোনো ধরনের আচরণই করল না, যা অন্য প্রাণীরা করতে পারে। বাচ্চাটা যা-ই করত, সে পোষা কুকুরের মতো ধৈর্য্য নিয়ে তা মেনে নিত। কোনো কিছুতেই তার কিছু আসে যায় না, এমন অবস্থা। হঠাৎ একদিন তারা দুজনই একসঙ্গে জলবসন্ত রোগে আক্রান্ত হল। যে ডাক্তার বাচ্চাটিকে পরীক্ষা করতে এল, সে ঐ দেবদূতকে পরীক্ষা করার লোভ সংবরণ করতে পারল না। দেবদূতের হৃৎপিণ্ড পরীক্ষা করে ডাক্তার দেখল, বাঁশির মতো শব্দ হচ্ছে সেখানে। কিডনিতেও এত শব্দ হচ্ছে যে, তার মনে হল, দেবদূতের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না। তবে ডাক্তার সবচেয়ে অবাক হলেন তার ডানা দেখে। এই ডানা তার মানুষের মতো শরীরের সঙ্গে এমনভাবে মিলানো যে, ডাক্তার বিস্মিত হলেন, অন্যান্য মানুষের কেন ডানা নেই!
বাচ্চাটা আরেকটু বড় হল। এখন সে স্কুলে যায়। এর মধ্যে রোদ-বৃষ্টি ঐ খাঁচাটার অনেকখানি ক্ষতি করে ফেলেছে। খাঁচাটা এক রকম ভেঙে পড়েছে। দেবদূত নিজেকে একজন মৃত্যুপথযাত্রী মানুষের মতো এদিক-সেদিক বয়ে বেড়ায়। তাদের শোওয়ার ঘরে দেবদূতকে পেলে ঝাড়ু দিয়ে বের করে দেওয়ার পরই রান্নাঘরে তাকে দেখা যেতে লাগল। অবস্থা এমন হল যে, একই সময় তাকে বিভিন্ন ঘরে দেখা যেত লাগল। ওরা ভাবা শুরু করল, দেবদূতের সদৃশ দেবদূত এসেছে হয়ত! কদিন পরে মনে হল, দেবদূত বংশবিস্তার করে চলেছে। এলিসেন্ডা রাগে-ক্রোধে চিৎকার করা শুরু করল, এভাবে বাড়িভর্তি দেবদূত নিয়ে এ ভয়াবহ নরকে বাস করা সম্ভব নাকি? বুড়ো প্রায় কিছুই খায় না বললেই চলে। আর তার প্রাগৈতিহাসিক চোখও এমনই ঘোলাটে হয়ে গেছে যে, হঠাৎ হটাৎ করে সে বিভিন্ন জায়গায় শুধু ধাক্কা খেয়ে বেড়াতে লাগল। তার ডানার পালকও ঝড়ে পড়েছে দু-চারটা বাদে, গোড়াগুলো কেবল অবশিষ্ট আছে। প্যালিও তার দিকে একটা কম্বল এগিয়ে দিয়ে চালাঘরে শোওয়ার জন্য বলল। আর তখনই প্যালিও খেয়াল করল যে, দেবদূতের শরীরে অসম্ভব জ্বর, আর উন্মত্ত গোঙানি অনেকটা নরওয়েজিয়ান বুড়োদের মতো। এই প্রথমবারের মতো ওরা পরিষ্কার বুঝল, দেবদূত মারা যাচ্ছে। কিন্তু একটা দেবদূত মারা গেলে কী করতে হয়, তা তো ওদের জানা নেই! এমনকি সেই জ্ঞানী প্রতিবেশী মহিলাও এ সম্পর্কে কিছুই বলতে পারল না।
কিন্তু দেখা গেল, এই ভয়াবহ শীতকালটা সে শুধু কাটিয়েই দিল না, বরং শীত শেষে মনে হল তার শরীরের অনেক উন্নতি ঘটেছে। শীতশেষে কয়েকটা দিন সে উঠানের সবচেয়ে কোনার দিকে, যেখানে কেউ তাকে দেখতে পাবে না এমন জায়গায় চুপচাপ স্থবির হয়ে থাকল। ডিসেম্বরের শুরুর দিকে তার ডানায় বেশ কিছু নতুন পালক গজাল। তখন তাকে একদম কাকতাড়ুয়ার মতো লাগছিল। কিন্তু সে নিশ্চিতভাবেই জানত এই পরিবর্তনের কারণ। আর এ জন্য সে দারুণ সতর্ক ছিল, যেন কেউ তার এই পরিবর্তনগুলো না দেখতে পায়। সে যখন মাঝে মাঝেই তারাদের দিকে তাকিয়ে গান গাইত, সেটাও যেন কারও নজরে না আসে, সে ব্যাপারেও দেবদূতটি ছিল বেশ সচেষ্ট। একদিন এলিসেন্ডা যখন দুপুরের রান্নার জন্য কয়েকটি পেঁয়াজ কাটছিল, তখন সমুদ্র থেকে এক ঝলক টাটকা বাতাস রান্নাঘরে এল। তখন সে জানালায় গিয়ে দাঁড়াল। দাঁড়াতেই তার চোখে পড়ল, দেবদূতটি ডানা মেলে ওড়ার চেষ্টা করছে। জায়গা কম থাকায় ডানা ঝাপটানোর সময় তার হাতের নখগুলো সবজি ক্ষেতের মাঝ দিয়ে চিড়ে গেল। সেই সঙ্গে চালাঘরেও বাড়ি খেয়ে চিড় ধরে গেল। কিন্তু যাই হোক, সে কিছুটা উপরে উঠতে পারল। যখন সে বিশাল এক বাদুরের মতো উড়তে উড়তে দৃষ্টিসীমার শেষ বাড়িটাও পেরিয়ে গেল, তখন এলিসেন্ডার বুকের ভিতর থেকে মুক্তির গভীর এক শ্বাস বেরিয়ে এল। মুক্তি শুধু তার জন্যই নয়, দেবদূতের জন্যও। এলিসেন্ডা পেঁয়াজ কাটার ফাঁকে ফাঁকে যতক্ষণ দেবদূতকে দেখা যায়, ততক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। কারণ তখন সে আর তার জীবনে বিরক্তিকর কিছু নয়, বরং সমুদ্রের দিগন্ত রেখায় এক কল্পিত বিন্দু হয়ে রইল।
অনুবাদ: আশরাফুল ইসলাম সাগর
