সেই পরি
সারিকার বন্ধুরা ছবি আঁকতে পছন্দ করে। ওদের ড্রয়িংখাতায় অজস্র ছবি আঁকা।
ড্রয়িং ক্লাসে আর কয়টা ছবি আঁকতে হয়! তারচেয়ে অনেক বেশি ছবি এঁকে ড্রয়িংখাতা ভরিয়ে ফেলে ওরা। নিজেদের খেয়াল-খুশি মতো ওরা এত-এত ছবি আঁকে, যে মনেও রাখতে পারে না। ড্রয়িং ক্লাসে আঁকতে বসে দেখে, খাতায় এতটুকু জায়গা নেই। তখন কী অবস্থা হয়? ড্রয়িং টিচার তো রেগেমেগে একশেষ! ওদের তখন গণিতের খাতায় ছবি আঁকতে বলেন। শুধু তাই নয়, ওরা আবার স্কুলে এসে বলে, “কাল মা খুব বকেছে। বলেছে, সপ্তাহে তিনটা করে ড্রয়িংখাতা কিনে দিতে পারবে না!”
টুম্পার কথা শুনে পিউলি বলে, “আমার আম্মুও তো বকে! কিন্তু ড্রয়িংয়ে যখন বেশি নম্বর পাই, তখন ঠিকই খুশি হয়।”
সারিকা কিন্তু এসবের মধ্যে নেই। সে ওদের মতো ভালো ছবিও আঁকতে পারে না, ওদের আম্মুদের মতো সারিকার আম্মুকে ওর জন্য এত ড্রয়িংখাতাও কিনে দিতে হয় না। কিন্তু ড্রয়িং পরীক্ষায় নম্বর কম পেয়ে আম্মুর বকা হজম করতে হয় ঠিকই। তবু আঁকাআঁকিতে একদম মন নেই সারিকার। ওর বরং লেখালেখিতে মন। দাদির কাছে মজার মজার গল্প শুনতে শুনতে ওরও গল্প লিখতে ইচ্ছে করে। ও যেমন দাদির মুখ থেকে গল্প শুনে মজা পায়, তেমনি ওর গল্প পড়েও সবাই মজা পাবে।
এই ভেবে সারিকাও গল্প লিখতে শুরু করে। কিন্তু গল্প লেখার জন্য তো পরীক্ষায় নম্বর দেওয়া হয় না! হলে পুরো ক্লাসে ওর চেয়ে বেশি নম্বর আর কে পেত? সারিকা চ্যালেঞ্জ করে বলতে পারে-- কেউ না। পাবে কেমন করে? ওদের ক্লাসে ও ছাড়া আর কেউ গল্প লেখে নাকি!
অনেকগুলো গল্প লিখে ফেলেছিল সারিকা। রাজা-রানি, রাজপুত্র-রাজকন্যা, উজির-নাজির, দেও-দানো, রাক্ষস-খোক্কস আর পরি নিয়ে কত না মজার মজার সে সব গল্প! কোনো কোনোটা আবার ভীষণ ভয়ের। কিন্তু গল্প লেখার খাতাটা ও কোথায় যে রেখেছিল, অনেক খোঁজাখুজি করেও আর পেল না।
ওভাবে খোঁজাখুজি করতে দেখে আম্মু জিজ্ঞেস করেন, “কী খুঁজছিস রে সারিকা?”
“একটা খাতা।”
“কীসের খাতা?”
গল্প লেখার খাতা বললে আম্মু বকবেন। এসব একদম পছন্দ না তার। তাই একটু ঘুরিয়ে প্রশ্নের জবাব দিল, “আমার লেখার খাতা আম্মু।”
“কোথায় রেখেছিলি?”
“কোথায় রেখেছি সেটা মনে পড়লে কি আর খুঁজতে হত!”
সারিকার কথায় আম্মু একটু লজ্জা পেলেন। ঠিকই তো, সে তো বোকার মতো প্রশ্নটা করেছে। ঘোর কাটিয়ে বলেন, “সেদিন পুরনো পত্রিকার সঙ্গে তোর একটা পুরনো খাতা বেঁচে দিয়েছি। দেখলাম, ড্রয়িংরুমের সেন্টার টেবিলের নিচে পড়ে আছে। তুলে দেখলাম খাতাটা শেষ হয়ে গেছে। ভাবলাম, আর দরকার নেই বলেই হয়তো ওভাবে ফেলে রেখেছিস। তাই পুরনো পত্রিকার সঙ্গে বেঁচে দিয়েছি। জঞ্জাল রেখে লাভ কী? শুধু শুধু ইঁদুরের আস্তানা তৈরি করা!”
আম্মুর কথা শুনে সারিকার বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। এতদিন ধরে খাতাটা ওর সঙ্গী। অনেকগুলো গল্প লেখা আছে ওটাতে। ইস্, সেদিন রাতে কেন যে ড্রয়িংরুমের সোফায় বসে লিখে-টিখে খাতাটা ওখানে ফেলে রেখে গিয়েছিল।
আসলে লিখতে লিখতে সোফায় ঘুমিয়ে পড়েছিল সারিকা। আব্বু এসে ঘুম থেকে তুলে ওকে ঘরে দিয়ে এসেছিলেন। খাতাটা তখন ওখানে রয়ে গিয়েছিল। তারপর আর খাতাটা ওখান থেকে নেওয়া হয়নি। কেমন করে নেওয়া হবে? সে কদিন পড়াশোনার চাপে মাথার ধারেকাছেও ভিড়তে পারেনি গল্প। তাই গল্প লেখার তাগিদও বোধ করেনি।
তাছাড়া নতুন কোনো গল্পও মাথায় আসেনি।
গল্প লেখার খাতাটা হারিয়ে ভীষণ মন খারাপ হল সারিকার। কিন্তু মন খারাপ নিয়ে বসে থাকলে চলবে? গল্পের খাতাটা আম্মু পুরনো পত্রিকার সাথে বেঁচে দিয়েছেন জেনেও আরও কয়েকবার খোঁজাখুঁজি করল ও। তারপর সারিকা যখন নিশ্চিত হল, খাতাটা আর পাওয়া যাবে না, তখন খাতায় লেখা গল্পগুলো মনে করতে চেষ্টা করল। হুবহু তো আর মনে পড়বে না। তবু যতটুকু মনে পড়ে, ততটুকুই সাজিয়ে নতুন করে লিখে ফেললেই হল।
কিন্তু পুরনো গল্পের কথা মনে করতে গিয়ে একটা নতুন গল্প মাথায় এল সারিকার। গল্পটা এত ভালো লাগল, লিখে ফেলবে ভাবল। পুরনো গল্পের কথা না-হয় পরে চিন্তা করা যাবে।
ছুটির দিন হওয়াতে মাথায় আসা নতুন গল্পটা লিখতে বসে গেল সারিকা।
পরদিন স্কুলে গিয়ে সারিকা দেখল, ওর ক্লাসের সবাই ব্ল্যাকবোর্ডের সামনে টিচারের টেবিলটাকে গোল হয়ে ঘিরে মাথা নুইয়ে কী যেন দেখছে! কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে সারিকাও ওদের সাথে ভিড়ে গেল। সবাই এত আগ্রহ ভরে কী দেখছে, তা দেখার চেষ্টা করল। কিন্তু এমন জমাট ভিড় ঠেলে কি আর দেখা সম্ভব? বাধ্য হয়ে টুম্পাকেই জিজ্ঞেস করল, “কী দেখছে সবাই অমন করে?”
টুম্পা বলল, “পত্রিকার ছোটদের পাতায় অর্কর আঁকা ছবি ছাপা হয়েছে। সেই সাথে ওর ছবি আর স্কুলের নাম। সবাই তা-ই দেখছে।”
ভিড় ঠেলে সাকিরাও কোনোমতে ছবিটা দেখল। অর্ক খুব সাবধানে কাগজটা মেলে ধরেছে সবার সামনে, যেন ছিঁড়ে না যায়। কেউ পাতাটা একটু ছুঁতে গেলেই অর্কর ভাবখানা যে কী হচ্ছে, “এই ধর না, ধর না। ছিঁড়ে যাবে। শুধু চোখ বুলিয়ে দেখে নাও।”
সারিকা খেয়াল করল, অর্কর মুখে-চোখে এক ধরনের অহংকার নেচে বেড়াচ্ছে। অর্কর জায়গায় নিজেকে দাঁড় করাল সারিকা; পত্রিকার পাতায় ওর কিছু ছাপা হলে অর্কর মতো ওর ভেতরেও কি এত অহংকার জাগত? ভাবতে ভাবতে সারিকার মনে হল, “আরে, আমি ছবি না আঁকলে কী হবে? আমি তো পত্রিকার ছোটদের পাতায় আমার লেখা গল্প পাঠাতে পারি!”
ভাবতে ভাবতে টেবিলের কাছ থেকে সরে এল সারিকা। বেঞ্চে বসে ভাবল, “বাসায় গিয়েই খবরের কাগজের স্তুপ থেকে ছোটদের পাতার ঠিকানা বের করবে। তারপর সেই ঠিকানায় নতুন গল্পটা পাঠিয়ে দেবে ও।”
যেমনি ভাবা তেমনি কাজ। লেখাটা যত্ন করে খামে ভরে বাবার হাতে দিল পোস্ট করার জন্য।
লেখা পাঠিয়ে সারিকার শুধুই অপেক্ষা। শুক্রবার ছোটদের পাতা ছাপা হয়। তার আগের রাতে বারবার মনে হয়, “কাল কি পত্রিকার পাতায় আমার লেখাটা দেখতে পাব?”
পরদিন সকালে কেমন করে যেন আগে-ভাগে ঘুম ভেঙে যায় সারিকার। ঘুম ভাঙতেই ভাবে-- হকার পত্রিকা দিয়ে গেল কিনা। বিছানা থেকে নেমে সোজা ড্রয়িংরুমের দরজার কাছে যায় সারিকা। দরজার তলা দিয়ে পত্রিকা দিয়ে যায় হকার। কিন্তু না, এত সকালে পত্রিকা দেওয়ার কথা নয়।
অপেক্ষায় অপেক্ষায় দিন পেরোয়। এখন আর আগের মতো শুক্রবার সকালে ঘুম থেকে জেগেই পত্রিকার জন্য ড্রয়িংরুমে ছুটে যায় না সারিকা। ভাবে-- শুধু শুধু অপেক্ষা! ওর লেখা হয়তো ছাপাই হবে না।
এক শুক্রবার বিকেলে ড্রয়িংরুমে সোফায় এলোমেলো পড়ে ছিল সেদিনের পত্রিকাটা। হাতে নিয়ে ছোটদের পাতাটায় চোখ বোলাতেই চমকে ওঠে সারিকা। আবার চোখ বোলায় পাতাটায়। আবার।
ভুল দেখছে না ও। হ্যাঁ, ওর নামটাই তো। পাতার একটা অংশ জুড়ে ওর গল্পটা। বাহ্, কী সুন্দর একটা ছবিও আঁকা ওর গল্পের মাঝে। একদম ওর গল্পের পরিটার ছবিই যেন। নিজের লেখাটার দু-চার লাইন পড়েই আম্মুকে ডাকতে ডাকতে রান্নাঘরের দিকে গেল সারিকা।
আম্মু বিকেলের চা করছিলেন।
সারিকা পত্রিকার পাতাটা ভাঁজ করে পেছনে লুকিয়ে রেখে আম্মুর পাশে গিয়ে দাঁড়াল।
আম্মু বলেন, “কী? চেঁচাতে চেঁচাতে এসে থেমে গেলে যে।”
সারিকা দুষ্টুমি ভরা কণ্ঠে বলে, “বল তো আম্মু, আমি কেন এসেছি?”
“নিশ্চয়ই কোনো ফন্দি আছে! আমার কাছে কোনো ফন্দি-ফিকির নিয়ে আসা চলবে না। তোমার আব্বুর কাছে যাও।”
না-সূচক মাথা দুলিয়ে সারিকা বলে, “উহু, তুমি ভুল বলেছ আম্মু। আমি কোনো ফন্দি-ফিকির নিয়ে আসিনি।” বলেই পত্রিকার পাতাটা আম্মুর সামনে তুলে ধরল।
আম্মু পত্রিকার পাতায় চোখ না বুলিয়েই সারিকার মুখের দিকে তাকিয়ে বলেন, “খবরের কাগজটা এখানে নিয়ে এসেছ কেন? কী, জুতোর বিজ্ঞাপন ছাপা হয়েছে? নাকি অন্য কিছু? উহু, কোনো আবদার চলবে না। কদিন আগেই পত্রিকার বিজ্ঞাপন দেখে তোমার পছন্দের জুতো কিনে দিয়েছি। এখন আবার নতুন বায়না কেন?”
“আম্মু, তুমি শুধু শুধু বকা দাও। আগে দ্যাখোই না!”
পত্রিকার পাতায় এক ঝলক চোখ বুলিয়ে সারিকার মুখের দিকে তাকালেন আম্মু। তার মুখ দেখেই সারিকা বুঝে নিল-- আম্মু কিছুই বুঝতে পারেনি।
বড় মানুষের মতো করে সারিকা বলে, “তোমার মোটেই বুদ্ধি নেই আম্মু। এত সহজ একটা ব্যাপার ধরতে পারলে না! তারচেয়ে আমি আব্বুকে দেখাই গিয়ে।”
আব্বুকে তার ঘরে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে ড্রয়িংরুমে এসে সারিকা দেখল, আব্বু অবশিষ্ট পত্রিকাটুকু পড়ছেন। সারিকা অবাক হল-- ওমা, একটুক্ষণ আগেই তো ও ড্রয়িংরুম থেকে গেল। এইটুকু সময়ের মধ্যে আব্বু এলেন কোত্থেকে? তার তো নিজের ঘরে থাকার কথা। বোধহয় এখানে বসে বিকেলের চা খাবেন বলে এসেছেন।
এ নিয়ে সারিকার কোনো মাথাব্যথা নেই। আব্বু এক মনে পত্রিকা পড়ছিলেন। তার চোখের সামনে সারিকা ওর লেখাটা মেলে ধরল।
আব্বু প্রথমটায় একটু ভ্যাবাচ্যাকা খেলেও, পরক্ষণেই পত্রিকার পাতাটায় চোখ বুলিয়ে তার দুচোখ চকচক করে উঠল। মুহূর্তে সারিকার লেখাটায় আরেকবার চোখ বুলিয়ে আব্বু বলে উঠলেন, “আরেব্বাবা, আমার মেয়েটা দেখি বিখ্যাত হয়ে গেছে! পত্রিকায় তার নাম ছাপা হয়েছে।”
বলতে বলতে মেয়েকে কোলে তুলে সারিকার আম্মুর উদ্দেশে বললেন, “কই গেলে? দেখে যাও, তোমার মেয়ে কী কাণ্ড ঘটিয়ে ফেলেছে!”
আম্মু ভাবলেন, সারিকা আবার কোনো অঘটন ঘটাল কিনা! তড়িঘড়ি করে বসার ঘরে এসে তিনি দ্যাখেন এই কাণ্ড। পত্রিকার পাতাটায় এক নজর চোখ বুলিয়ে মেয়ের গাল টিপে দিয়ে বললেন, “মেয়ে আমার এ জন্যই তখন রান্নাঘরে গিয়েছিল। আহারে কী দুর্ভাগ্য আমার! এত চমৎকার একটা ব্যাপার কিনা প্রথম দেখার সুযোগ হারালাম!”
পরে সারিকার দিকে তাকিয়ে মুচকি হেসে আম্মু বলেন, “সত্যি রে মা, আমার মোটেই বুদ্ধি নেই।”
আব্বু-আম্মুর সঙ্গে বিকেলের নাস্তা খেয়ে নিজের ঘরে এল সারিকা। বিছানায় উঠে পত্রিকার পাতাটা বিছিয়ে অনেকক্ষণ নিজের লেখাটার দিকে তাকিয়ে থাকল ও। নিজের লেখাটা পড়ল। একবার... দুইবার... বেশ কয়েকবার। খুঁটিয়ে খুঁটিয়ে ওর গল্পের ছবিটা দেখল। ঠিক তখন ওর চোখ পড়ল, পাতার উপরে ডান দিকে লেখা-- ‘খুদে লেখকদের গল্প লেখা প্রতিযোগিতা’।
সারিকা বুঝতে পারল-- এ কারণেই ওর গল্পটা ছাপতে এতটা দেরি হয়েছে। যদিও প্রতিযোগিতার ঘোষণা দেখে গল্প পাঠায়নি ও। তবু পত্রিকার লোকেরা হয়তো ওর লেখাটা প্রতিযোগিতায় নিয়ে নিয়েছে। প্রতিযোগিতায় কত কত লেখা আসে, সেগুলো যাচাই-বাছাই হতেও তো সময় লাগে! এসব কথা ভাবতে ভাবতে সারিকা নিজের লেখাটা আরেকবার পড়তে শুরু করল।
পড়তে পড়তে ওর মনে খুশির বান ডেকে গেল। কী আনন্দ! আর সবকিছুই যেন ভুলে গেল ও। পত্রিকাটার যেখানে ওর গল্পটা ছাপা হয়েছে, সেখানটাতে গাল ছুঁইয়ে শুয়ে থাকল। যেন নিজের লেখার সঙ্গে মিশে যেতে চাইছে ও। ঠিক তখন আম্মুর গলা শোনা গেল, “সারিকা, সন্ধ্যা হয়ে গেছে। তোমার ঘরের জানালা বন্ধ করে দাও। মশা ঢুকবে।”
সারিকার কি অন্য কোনো দিকে খেয়াল আছে? ছাপা হওয়া গল্পটা নিয়ে সে এতটাই মশগুল হয়ে আছে, বিকেল পেরিয়ে কখন যে সন্ধ্যা নেমেছে, তা একদম খেয়াল করেনি। খেয়াল না করার একটা কারণও আছে অবশ্য। পত্রিকার পাতাটা মনোযোগ দিয়ে দেখবে বলে ঘরে ঢুকেই আলো জ্বেলেছিল সারিকা। তাই কখন যে সন্ধ্যা নেমেছে, খেয়াল করেনি। ও এখনও ডুবে আছে গল্পের ঘোরে।
সারিকার ঘোর কাটিয়ে দিল এক পশলা আলোর ঝলকানি। ওর ঘরটা যেন আলোয় আলোয় ভরে উঠল।
ঘাড় ঘুরিয়ে ঘরের চারপাশে দৃষ্টি বোলাতে বোলাতে বিছানায় উঠে বসল সারিকা।
হঠাৎ চোখ আঁটকে গেল ওর। খাটের এক কোণে বসে আছে অপরূপা এক পরি। পিঠে সুন্দর দুটি ডানা। সেই ডানায় তারার ঝিকিমিকি। যেন নানা রঙের তারা সেঁটে আছে ওর ডানায়।
অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল সারিকা। পরি ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। একটু পর সারিকার পাশে এসে বসল সেই পরি।
সারিকার বিস্ময় আর কাটে না।
পরি জানতে চায়, “আমাকে চিনতে পেরেছ?”
সারিকা মাথা নাড়ল। এমনভাবে মাথা নাড়ল, হ্যাঁ-না কোনোটাই বোঝা গেল না।
“ভালো করে দ্যাখো তো, আমাকে চিনতে পার কিনা?”
সারিকা একটুক্ষণ পরির মুখের দিকে তাকাল। চিনবে কেমন করে? পরিকে কি ও আগে কখনও দেখেছে?
পরি বলে, “আমাকে আগে কখনও দ্যাখোনি, এই ভাবছ তো?”
সারিকা চমকে উঠল। ও কী ভাবছে, তা পরি টের পেল কেমন করে!
সারিকাকে আরেকবার চমকে দিতে পরি বলল, “তুমি যা ভাবছ, তা কীভাবে টের পেলাম?”
বলেই পরিটি হেসে দিল। সেই পরি যেমন অপূর্ব, তার হাসিও তেমন। সারিকা মুগ্ধ হয়ে দেখতে লাগল।
হাসি থামিয়ে পরি বলল, “কী, আমাকে চিনতে পারলে না তো!” বলতে বলতে সারিকার গাল টিপে দিল পরি।
সারিকার মনে হল, পরির আঙুলগুলো যেন মাখনের তৈরি। এত কোমল স্পর্শ!
পরি বলে, “আচ্ছা, আমি না-হয় তোমাকে একটু সাহায্য করি, মিষ্টি মেয়ে। আমার ডানা দুটোর দিকে ভালো করে তাকাও তো।”
সারিকা পরির ডানা দুটোর দিকে তাকাল। এর আগেও তো তাকিয়েছে। এবার কি নতুন কিছু দেখতে পাবে?
“কী দেখলে?” পরি জানতে চায়।
সারিকা কিছু বলে না। পরির মুখের দিকে তাকিয়ে থাকে।
একটা অদ্ভুত ব্যাপার অনুভব করল সারিকা। পরির মুখের দিকে তাকালে সারিকা যেন সব কিছু ভুলে যাচ্ছে! পরি যে ওকে তার ডানা দুটো দেখে ভাবতে বলল, এই কথাটিও মুহূর্তে উধাও হয়ে গেল সারিকার মাথা থেকে।
“তোমার গল্পের পরির ছবিটার সঙ্গে আমার ডানা দুটো...” কথা শেষ না করে সারিকার দিকে তাকিয়ে প্রশ্ন করল পরি, “কী, মনে পড়ছে কিছু?”
হ্যাঁ, কিছু যেন মেলাতে পারছে সারিকা। ওর সামনে মেলে রাখা পত্রিকার পাতাটায় চোখ বোলাল। তারপর পরির ডানায়। হ্যাঁ, ওর গল্পে আঁকা পরির ডানা দুটোর সাথে পরির ডানা দুটোর অনেক মিল। বাহ্, অবাক ব্যাপার তো! ব্যাপারটা এতক্ষণ কেন খেয়াল হল না ওর!
পরি হেসে সারিকার চোখের দিকে তাকাল। তারপর বলল, “তুমি যেমন করে লিখেছ, আঁকিয়ে তো তেমন করেই এঁকেছে আমাকে। তাই তো প্রথম কারিগরের কাছেই এসেছি আমি। আচ্ছা, আমাকে তো তুমি কখনও দ্যাখোনি, তাহলে আমাকে নিয়ে এত কিছু কেমন করে লিখলে?”
এই প্রশ্নের জবাব কী দেবে সারিকা? সত্যি তো, এত এত পরির মধ্যে এই পরিটির কথা কেমন করে লিখল ও? কী অদ্ভুত! গল্পে পরির কথা সারিকা যা যা লিখেছে, এই পরিটিও হুবুহু সে রকম।
ওর গল্পের পরিটিই কিনা এখন ওর সামনে বসে!
পরি বলে, “কী হল, চুপ মেরে আছ যে! আমাকে নিয়ে ভাবছ তো? এত এত পরি থাকতে আমার কথা কেমন করে লিখলে, এ কথা ভেবে আর লাভ কী? পরির গল্প যখন লিখেছ, তখন আমাকে না-হোক, অন্য কাউকে নিয়ে হলেও লিখতে তো, নাকি? এসব নিয়ে ভেবে আর লাভ নেই। যা হওয়ার, তা তো হয়েই গেছে।”
পরি একেকটি কথা বলে, আর সারিকার ভাবনাও একেক দিকে মোড় নেয়। ও ভাবে, গল্পটা তো আর এতটা ভেবে-চিন্তে লিখতে বসেনি। হঠাৎ মাথায় এসেছে, অমনি লিখতে বসেছে। হঠাৎ মাথায় আসা গল্পে এই পরিটি কেমন করে ঢুকে পড়ল? এটা আবার এই পরির কারসাজি নয় তো!
অমনি পরি বলে ওঠে, “না না, আমি কারসাজি করতে জানি না। তোমার গল্পে কেমন করে ঢুকে পড়লাম, তা তুমি যেমন ভেবে পাচ্ছ না, আমিও না।”
চমকে উঠল সারিকা। একী, এই পরি তো ওর মনের কথা হুবহু বলে দিচ্ছে!
“এতকিছু কেমন করে ঘটল, সে সব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। যেমন করেই হোক, আমাদের দুজনের দেখা হওয়ার ঘটনাটা কিন্তু বেশ মজার, তাই না?” পরি বলল।
সারিকা মাথা নেড়ে সায় দিল।
“গল্পের মাধ্যমে যখন আমাদের পরিচয়, আর তুমিও যেহেতু গল্প লিখে আনন্দ পাও, মাঝে মাঝে আমি এসে তোমাকে নতুন নতুন গল্প দিয়ে যাব। সেই গল্প তুমি তোমার মন মতো গুছিয়ে লিখবে। চারদিকে নাম ছড়িয়ে পড়বে তোমার। আর গল্প দিতে এলে আমাদের দুজনের দেখাও হবে।”
একটু থেমে পরি বলে, “তুমি আর কী চাও, আমাকে বলে ফেল।”
“আর কিছু চাই না। তুমি যা দেওয়ার কথা বললে, এর বেশি আর কী চাইবার আছে?”
সারিকার কথায় মুচকি হেসে পরি বলল, “আজ তাহলে আসি। সখিরা আমার জন্য অপেক্ষা করছে।”
“একটু বসো।”
বলে সারিকা ওর পড়ার টেবিলের ফুলদানিতে রাখা একগুচ্ছ গোলাপ থেকে একটা টকটকে লাল গোলাপ এনে পরির হাতে দিল, “তোমার জন্য আমার সামান্য উপহার।”
পরিরা ফুল ভালোবাসে। তাই এমন একটা উপহার পেয়ে পরির মন ভরে উঠল। মুগ্ধতার হাসি হেসে সারিকার গাল টিপে আদর করে বলল, “মিষ্টি মেয়ের মিষ্টি উপহার, পরিরাজ্যে নিয়ে যত্ন করে রেখে দেব। জানো তো, পরিরাজ্যে ফুল ফোটে না ঠিকই, কিন্তু পৃথিবী থেকে পরিরা যে ফুল কুড়িয়ে নিয়ে যায়, সে সব অবিকল তেমন থাকে। শুকায় না। আর পরিরাজ্যে ফুল ফোটে না বলেই পৃথিবীতে বেড়াতে আসতে হয় আমাদের।”
“ঠিক আছে। তুমি আবার এলে আমাদের কাঁঠালিচাঁপার গাছটাতে যত ফুল ফুটবে, সব তোমাকে দিয়ে দেব। সখিদের নিয়ে সব ফুল কুড়িয়ে নিয়ে যেও।”
সারিকার কথায় খুব খুশি হল পরি। আবার সেই মিষ্টি হাসি ছড়িয়ে দিয়ে বলল, “আজ তাহলে আসি।”
বলেই, চোখের নিমেষে কোথায় উধাও হয়ে গেল পরি, সারিকা টেরই পেল না!
সারিকার চারপাশে এখন গল্পের ছড়াছড়ি। লেখার ইচ্ছে হলেই সে সব গল্প ওর কলম বেয়ে কাগজে নেমে আসে। রাজা-রানি রাজপুত্র-রাজকন্যা উজির-নাজির দেও-দানো রাক্ষস-খোক্কস-- আরও কত রকম গল্প! পরির গল্প তো আছেই।
সারিকার লেখা পড়ে সবাই বলে-- ও একদিন অনেক বড় লেখক হবে।
