২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ও নদী তুই

ও নদী তুই চললি কোথায় সাপের মতো ডাকছি তোকে, আমাকে আজ সঙ্গে নিবি?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

ও নদী তুই চললি কোথায় সাপের মতো

ডাকছি তোকে, আমাকে আজ সঙ্গে নিবি?

কিন্তু কেবল তুই ছুটে যাস অবিরত

তোরচে’ ভালো পাহাড় কিংবা ছোট্ট ঢিবি।

ওদের বুকে আমি ঘুরি রোজ বিকেলে

আমার উপর রাগ করে না এক রতিও

তুই কেবলই চলিস ছুটে আমায় ফেলে

কিন্তু নদী তুই যে আমার ভীষণ প্রিয়।

আমায় যদি যাস নিয়ে তুই সঙ্গে করে

তোকেই দেব কোঁচর ভরা শিউলিগুলো

আমি কেবল জল তুলব আঁজলা ভরে

বলবে সবাই খোকনসোনা স্বপ্ন ছুঁল।

ছুটে যাওয়ার মজা-ই অনেক আমি জানি,

আমারও তাই হারিয়ে যেতে নেই যে মানা,

আমি কেবল জানতে চাইব একটুখানি

কোথায় বাড়ি, জন্ম কোথায়? তোর ঠিকানা-

দূর হিমালয়? নাকি সবুজ লুসাই পাহাড়?

কোনখানে তোর জন্মভূমি বলিস যদি-

স্বপ্ন আমার পূরণ হবে হারিয়ে যাবার

তোর সঙ্গেই থাকব চিরকাল অবধি।

তোর ভাইবোন কোথায় খেলে বিকেল বেলা

আমার কেবল জানতে ভীষণ ইচ্ছে করে,

শুনেছি তোর ভাইবোনেরাই পাখির মেলা

বসায় তোরই এপার ওপার নদীর চরে।

আমার আছে তিনটি লাটিম চারটে ঘুড়ি-

তুই যদি চাস কেবল খেলা দুজন মিলে,

স্বপ্ন আমার পূরণ হবে পুরোপুরি-

ও নদী তুই আমাকে তোর সঙ্গে নিলে।

রাত্রিবেলা চাঁদের বুড়ি যেমন করে

মেঘের নায়ে ঘুরতে থাকে যথাতথা

সুবচনীর হাঁসগুলো যেই ফিরবে ঘরে

আমি যে তোর স্রোতের সঙ্গে বলব কথা।

বাঁকের পরে বাঁক নিয়ে তুই ছুটবি যখন

গ্রাম ছাড়িয়ে অনেক দূরের গঞ্জঘাটে,

আমিও ঠিক মনে মনে খুঁজব তখন

পান্তাবুড়ি পান্তা বেচে কোন যে হাটে।

ও নদী তুই একলা একা যাসনে বাড়ি

জন্মভূমির দোহাই- আমায় সঙ্গে নে না

কী কারণে করিস এত বাড়াবাড়ি

একদিন আমি মিটিয়ে দেব সকল দেনা।

তোর সাথে যে অনেক কথা বলার ছিল

চুপি চুপি বলব আমি বলতে দিবি?

নীল আকাশে উড়তে থাকা শক্সখচিলও

সোনালি রং ছড়িয়ে দেবে, সঙ্গে নিবি?