২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুকুমার বড়ুয়ার ছড়ার শিল্প-সৌন্দর্য

সাহিত্যের বহুমুখী, বৈচিত্র্যময় ও শক্তিশালী শাখাগুলোর একটি ছড়া। ছড়াসাহিত্যের ইতিহাস সুপ্রাচীন। লোকমুখের ঐতিহ্য থেকে লিখিত সাহিত্যে উন্নীত হয়ে ছড়া এখন একটি পরিণত শিল্প-শাখা। ছড়ার বিষয়গত, ছন্দগত, প্রকরণগত, আঙ্গিকগত ও চেতনাগত এত দ্রুত ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে বা হচ্ছে যে, তা প্রতিনিয়তই নতুন নতুন গবেষকদের প্রলুব্ধ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 05:12 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বাংলাদেশে ছড়ার এই সর্বমুখী জীবনঘনিষ্ঠ আধুনিক শিল্পসম্মত অগ্রযাত্রার সূচনা গত শতকের ষাটের দশকে। এই অগ্রযাত্রার শীর্ষস্থানীয় সেনানীর মধ্যে সুকুমার বড়ুয়া নিঃসন্দেহে অন্যতম ।

সমকালীন জীবন ও সমাজমনস্কতা সুকুমার বড়ুয়ার ছড়ার প্রধান উপজীব্য। তবে পরিহাস প্রবণতা ও ব্যঙ্গ বিদ্রুপাত্মক উপাদানেও তাঁর ছড়া সমৃদ্ধ। শৈশব-কৈশোরের দুরন্তপনা আর শিশু-মনস্তত্ত্ব সংলগ্নতাও তাঁর প্রিয় অনুষঙ্গ। এভাবে খুঁটিয়ে দেখতে গেলে তাঁর ছড়ার বিষয়-বৈচিত্র্য রীতিমতো বিস্ময়কর মনে হয়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা, গ্রাম-শহর, বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতি-- সবই তাঁর ছড়ায় পেয়েছে নতুন মাত্রা। ছন্দকুশলতা, শব্দচয়ন, অন্ত্যমিল অনুপ্রাস ও ধ্বনিব্যঞ্জনা সৃষ্টি এসব শিল্পকারিগরিতেও তাঁর দক্ষতা অসামান্য।

জ্যান্তে দিতে দানাপানি

মরণকালে দাফন

সর্বহারা ফকির আলীর

কেউ ছিল না আপন।

বেঁচে থাকার পায় না টিকেট

মৃত্যুরও নাই সার্টিফিকেট

উভয় বিপদ জেনেও খোঁজে

ন্যায্য দামে কাফন।

(কাফন)

ছড়াটির রচনাকাল ১৯৭৩ সাল। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত নির্মম বাস্তবতাকে ধারণ করে আছে এ ছড়া।

অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, ‘ছড়া সাংবাদিকতার পদ্য বিশেষ।’

সুকুমার বড়ুয়ার অনেক ছড়া এমনি স্মরণীয় হয়ে আছে সাংবাদিকতার পদ্যের মর্যাদা নিয়ে।

হ্যালো-হ্যালো-হ্যালো

সব ভেসে গ্যালো

ঢাকা থেকে পুবাইলে

ফোন করি মোবাইলে

কতগুলো গরু এসে

কত ধান খেলো?

হ্যালো-হ্যালো-হ্যালো

সব গরু খোঁয়াড়াতে

জমা দিয়ে ফেলো।

হ্যালো-হ্যালো-হ্যালো

তুমি নাকি সারাদিন

ভ্যানগাড়ি ঠেলো

ঘরে নাই চাল ডাল

সরিষার তেলও

লোন করে ফোন কিনে

কোন খেলা খেলো?

হ্যালো-হ্যালো-হ্যালো

(হ্যালো)

আমাদের সর্বব্যাপী বর্তমান মোবাইল কালচারকে ছন্দ-মিলে এর চেয়ে সুন্দর চিত্রায়ন আর হয় না। ছড়ার ছড়াত্ব অটুট রেখে এর এক দিকে ধ্বনিমাধুর্য অন্যদিকে অর্থ-সৌন্দর্যের প্রকাশ বড় আকর্ষণীয়। আরেকটি অনুপ্রাসের ছড়া শোনা যাক--

রোস্তম আলির দোস্ত ছিল

পোস্তগোলার ওস্তাগার

সস্তা দামে গোস্ত নিতে

বস্তা খোঁজে মোস্তফার।

গেণ্ডারিয়ায় ঠাণ্ডা মিয়ার

আণ্ডা বেচে দণ্ড যায়

হোণ্ডা চড়ে গুণ্ডা এসে

ডাণ্ডা মেরে মুণ্ডু চায়।

আগ্রাবাদের তাগড়া ষাঁড়ে

খাগড়াছড়ির জঙ্গলে

নাগরা পরে বাগড়া দেবে

শুক্র-শনি-মঙ্গলে।

(অনুপ্রাস)

সুকুমার বড়ুয়ার ছড়ায় বৈচিত্র্যপূর্ণ এমন মজার শেষ নেই। আধুনিক বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতিও তাঁর ছড়াচিন্তা থেকে বাদ পড়েনি। যেমন--

ছোট ছোট বানরের

বড় বড় পেট

বাদাবনে বসিয়েছে

ইন্টারনেট-

কোন দেশে কোন মাসে

কী কী ফল পায়

ফ্যাক্সের মাধ্যমে

সব জানা যায়।

(বুদ্ধি)

ছড়ায় নির্মম বাস্তবতার চিত্র অঙ্কনে সুকুমার দক্ষতা রীতিমতো ঈর্ষণীয়।

ফেকু বাড়িওলা ভুঁড়ি তার ফোলা

খেয়ে কাঁচা ছোলা

গড়েছে টাকার পর্বত

ভাড়াটের ঘরে জল যদি পড়ে

জবাব সে করে

তবে কি পড়িবে শরবত?

কিংবা তাঁর ‘ঠিক আছে’ ছড়াটির কথা ধরা যাক--

অসময়ে মেহমান / ঘরে ঢুকে বসে যান

বোঝালাম ঝামেলার / যতগুলো দিক আছে

তিনি হেসে বললেন / ঠিক আছে ঠিক আছে!

রেশনের পচা চাল / টলটলে বাসি ডাল

থালাটাও ভাঙাচোরা / বাটিটাও লিক আছে

খেতে বসে জানালেন / ঠিক আছে ঠিক আছে!

মেঘ দেখে মেহমান / চাইলেন ছাতাখান

দেখালাম ছাতাটার / শুধু কটা শিক আছে

তবু তিনি বললেন / ঠিক আছে ঠিক আছে!

বাঙালির দৈনন্দিন জীবনচর্যায় ‘ঠিক আছে’ একটি সাধারণ শব্দবন্ধ, যা ছোটখাটো অপারগতা, অযোগ্যতা, অপূর্ণতা ও অক্ষমতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে অনুমোদনার্থে ব্যবহৃত হয়। সেই সাধারণ শব্দবন্ধকে সুকুমার  বড়ুয়া গৃহকর্তার দারিদ্র্যের চিত্র অঙ্কনে ব্যবহার করেছেন অসাধারণ দক্ষতায়।

সুকুমার বড়ুয়া দেশের রাজনৈতিক চরিত্রের খোলস উন্মোচন করেন শিল্পমণ্ডিত রূপকের আশ্রয়ে। তাঁর এমন একটি অসামান্য সৃষ্টি--

শিয়াল নাকি লোভ করে না

পরের কোনো জিনিসটার,

কী পরিচয় দিল আহা!

কী সততা! কী নিষ্ঠার!

তাই সে হল বনের মাঝে

এডুকেশন মিনিস্টার।

এ ছড়ায় সুকুমার বড়ুয়ার অন্ত্যমিল যোজনায় মুন্সিয়ানার দিকটিও লক্ষণীয়। ‘জিনিসটার’, ‘কী নিষ্ঠার’ সঙ্গে দিয়েছেন ইংরেজি শব্দ ‘মিনিস্টার’-এর মিল। সময়ের প্রেক্ষাপট বিবেচনায় এ ধরনের অন্ত্যমিল ছিল সত্যি অভিনব।

সুকুমার বড়ুয়া চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বিশেষ বৈশিষ্ট্যকে সাহিত্যের রসে উন্নীত করে তিনি রচনা করেছেন সর্বজনীন আবেদনময় ছড়া। যেমন--

লাল মিয়া তো বিরাট নেতা / রাস্তা ঘাডে ফাল মারে

দিনত বড় ভালা মানুষ / রাইত দুপুরে জাল মারে

গরিবরলাই কাঁদি কাঁদি / টেঁয়া পইসার টাল মারে।

সুকুমার বড়ুয়ার ছড়ার যে ঐশ্বর্য-তা আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যখন তাঁর ব্যক্তিগত জীবন সামনে রেখে বিচার বিশ্লেষণ করি। সততা থাকলে সাধনা ও একনিষ্ঠতা যে অনন্য প্রতিভায় পরিণত হয় তার উজ্জ্বল উদাহরণ সুকুমার বড়ুয়া। পুরোদস্তুর একজন স্বশিক্ষিত মানুষ তিনি। এই সীমাবদ্ধতা হয়তো তাঁর জীবনযাপনের গণ্ডি অনিবার্যভাবে সীমিত করে দিয়েছিল। তবু অভাব ও সাংসারিক প্রতিকূলতা তাঁকে অন্ধ করতে পারেনি। নিজের সৃজনশক্তির আলোয় খুঁজেছেন জীবনের পথ। আশ্চর্য নিষ্ঠায় তিনি বাংলা ভাষার জটিল ব্যাকরণ মেনে ছড়ার সুললিত ছন্দ প্রয়োগ করে যাপিত জীবনের যাবতীয় সংবেদনশীল বিষয়কে রূপান্তরিত করেছেন শিল্পে।

সুকুমার বড়ুয়ার ছড়া সহজাত সাবলীল। পণ্ডিতেরা বলেন, কৃত্রিমতা ছড়ার শত্রু। সুকুমার বড়ুয়ার ছড়ায় কৃত্রিমতা নেই। ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে তিনি যেমন নির্লোভ নিরহঙ্কার, নিরাভরণ, নির্লিপ্ত তাঁর ছড়ার জগৎও তেমনি। জীবন দিয়ে তিনি যা উপলব্দি করেছেন তা-ই লিখেছিলেন কলম দিয়ে। যে কারণে তিনি যত বড় ছড়াশিল্পী তার চেয়ে বড় জীবনশিল্পী। তাঁর ছড়া শাণিত, লক্ষ্যাভিমুখী ও অব্যর্থ। আবার একই সঙ্গে শিল্পমান সমৃদ্ধ। পঞ্চাশ বছরেরও অধিক সময় অবিরল ধারায় ছড়া লিখেছেন তিনি। আজ বাংলা ভাষায় সাহিত্য মাধ্যমে হিসেবে ছড়া অত্যন্ত সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত। এর অনেকটা কৃতিত্বের দাবিদার সুকুমার বড়ুয়া। পুরো একটি জীবন নিরবচ্ছিন্নভাবে ছড়ার মধ্যে ছড়িয়ে দিয়ে আজ তিনি সত্যিকার অর্থে ছড়ারাজ্যের সুকুমার। তাঁর এই সুকুমারত্ব দীর্ঘজীবী হোক।