২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান্টা-ক্লজের গল্প

তোমরা নিশ্চয়ই সান্টা-ক্লজকে চেন। সান্টা-ক্লজের নাম শোনেনি বিশ্বে এমন শিশুর সংখ্যা খুবই কম। সান্টা-ক্লজ হাসিখুশি একজন বুড়ো মানুষ। পরনে তার লাল কোট-প্যান্ট। কোটের কলার আর হাতায় তুষারশুভ্র সাদা তুলো। পায়েও সাদা বর্ডার দেওয়া লাল রংয়ের বুটজুতো। তার সাদা দাড়ি। পিঠে তার বিশাল এক থলে। যার ভেতরে নানা রকম খেলনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 03:35 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

শিশুদের জন্য তিনি উপহার নিয়ে আসেন ক্রিসমাসের রাতে। মানে ২৪ ডিসেম্বরের গভীর রাতে। যাকে বলা হয় ক্রিসমাস ইভ। ২৫ ডিসেম্বর ভোরবেলা দেখা যায় ক্রিসমাস ট্রির নিচে তিনি রেখে গেছেন মজার কোনো উপহার।

সান্টা-ক্লজ থাকেন বরফঢাকা উত্তর মেরুতে। বলগা হরিণটানা বিশাল এক স্লেজ গাড়িতে চড়ে ঘুরে বেড়ান তিনি। তার গাড়িটি আকাশে উড়তে পারে অনায়াসে। আর আকাশে তো উড়তে হবেই। নইলে এক রাতের মধ্যে বিশ্বের সব শিশুর জন্য তিনি কীভাবে উপহার নিয়ে আসবেন?

মেরুতে তার রয়েছে খেলনার এক বিশাল কারখানা। সে কারখানায় তৈরি হচ্ছে অসংখ্য খেলনা। সেগুলো তৈরি করছে এলফ নামে বিশেষ এক জাতের পরির দল। এলফদের ছেলেপরিও বলা হয়।

এলফরা সবসময় সান্টা-ক্লজের সঙ্গে থাকে। অনেক সময় তারা ঘরের চিমনি বেয়ে নেমে আসে। আর ঘরের ভেতর রেখে যায় উপহার। সান্টা-ক্লজের রয়েছে এক বিশাল খাতা। সেখানে বিশ্বের সব শিশুর নাম রয়েছে। তাদের ভাগ করা হয়েছে দুটি ভাগে। দুষ্টু শিশু ও লক্ষ্মী শিশু। লক্ষ্মী শিশুদের জন্য রয়েছে চমৎকার সব উপহার আর দুষ্টুদের জন্য বোতাম, কয়লার টুকরো এমনি সব। শিশুরা তাই সারা বছর ধরে দুষ্টুমি না করে শান্তশিষ্ট হয়ে থাকার চেষ্টা করে।

কে ছিলেন সত্যিকারের সান্টা-ক্লজ তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। তাদের অনেকে বলেন সেইন্ট নিকোলাসের নাম থেকেই সান্টা-ক্লজের নামের উৎপত্তি। সেইন্ট নিকোলাস ছিলেন চতুর্থ শতাব্দীতে গ্রিসের একজন খ্রিস্টান সাধু। তিনি ছিলেন খুব দয়ালু। দরিদ্র মানুষকে বিভিন্ন উপহার দেওয়ার জন্য তিনি বিখ্যাত ছিলেন। সবাইকে নানাভাবে সাহায্য করতেন তিনি। তার আদলেই পরে সান্টা-ক্লজের ভাবমূর্তি গড়ে উঠেছে বলে মনে করা হয়।

আবার যিশুর জন্মেও পর সাধুরা বিভিন্ন রকম উপহার নিয়ে এসেছিলেন পরিত্রাতা এই শিশুর জন্য। সেখান থেকেও সান্টা-ক্লজের উপহারদাতা ইমেজ গড়ে উঠতে পারে বলে মনে করেন কোনো কোনো গবেষক।

আবার প্রাক খ্রিস্টান যুগে নর্স পুরাণের ওডিন ছিলেন প্রধান দেবতা। ওডিনের ছিল লম্বা সাদা দাড়ি। ওডিনের নামানুসারে ইউরোপের বিভিন্ন দেশে উৎসব ও উপহার দানের প্রথা ছিল। ওডিন অনেক সময় ঘরের চিমনি দিয়ে নেমে আসতেন এবং উপহার রেখে যেতেন। পরবর্তীতে খ্রিস্টান যুগে সেই প্রথাই বদলে যায় বড়দিনে উপহার দানের প্রথায়। ওডিনের চেহারার ছাপ পড়ে সান্টা-ক্লজের উপর।

নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবার্গে সেইন্ট নিকোলাসকে বলা হয় সিনটারক্লাস। তিনি একজন বৃদ্ধ। তার সাদা চুল ও লম্বা সাদা দাড়ি। পরনে বিশপের পোশাক। মাথায় বিশপের টুপি। আবার লালটুপিতেও দেখা যায় তাকে। তিনি সাদা-ধূসর ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান। তার সঙ্গে থাকেন ব্ল্যাক পিটার বা জোয়ার্ট পিটার। ডিসেম্বরের ৬ তারিখে তার সম্মানে ভোজ হয়। একে বলা হয় সেইন্ট নিকোলাস ডে। তিনি সকলের জন্য উপহার নিয়ে আসেন।

নেদারল্যান্ডসের শিশুরা বিশ্বাস করে সেইন্ট নিকোলাস ডিসেম্বরের ৫ তারিখ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময় তাদের উপহার দিতে পারেন। তারাও মনে করে সেইন্ট নিকোলাসের একটি খাতা রয়েছে যেখানে শিশুদের সারাবছরের ঘটনা লেখা রয়েছে। আর যে শিশুরা সারাবছর লক্ষ্মী হয়ে থেকেছে উপহার পাবে তারাই। আবার অনেকে বলে উপহার পাবে সব শিশুই। কারণ শিশুরা তো নিষ্পাপ।

স্ক্যান্ডিনেভিয়ার লোককথায় বলা হয়-- উপহার নিয়ে আসেন যিনি, তিনি একজন ছোটখাটো বৃদ্ধ মানুষ। তার লম্বা দাড়ি রয়েছে। তার নাম হল টমটে বা নিসে।

ইংল্যান্ডে ফাদার ক্রিসমাস উপহার নিয়ে আসেন বলে ১৬শ’ শতাব্দী থেকে বিশ্বাস রয়েছে।

ফাদার ক্রিসমাস এক বিশালদেহী বৃদ্ধ। তিনি সকলের জন্য শান্তি, আনন্দ, ভালো খাদ্য পানীয় ও উপহার নিয়ে আসেন। তার পরনে সবুজ পোশাক। ষোড়শ শতাব্দী বা তার কিছু পর থেকে ৬ ডিসেম্বরের সেইন্ট নিকোলাস ডের ভোজ পালিত না হয়ে তা ২৫ ডিসেম্বর ক্রিসমাস ভোজের সঙ্গে এক হয়ে যায়।

আমেরিকা ও কানাডায় সেইন্ট নিকোলাস ও ফাদার ক্রিসমাস সান্টা-ক্লজ নামে পরিচিতি পান। অষ্টাদশ শতাব্দী থেকেই ক্রমশ জনপ্রিয়তা পান তিনি। সে সময় থেকে সান্টা-ক্লজের বর্তমান পোশাকটি পরিচিত হয়ে ওঠে। সান্টা-ক্লজের আধুনিক চেহারার ছবি প্রথম যারা আঁকেন তাদের মধ্যে আমেরিকান কার্টুনিস্ট থমাস নাস্ট বিখ্যাত।

তিনি হারপারস উইকলিতে ১৮৬৩ সালে সান্টার একটি ছবি আঁকেন। সেই ছবিতেই বর্তমান চেহারার সান্টাকে দেখা যায়।

সান্টা-ক্লজ সারাবিশ্বে বর্তমানে ক্রিসমাস উৎসবের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। ক্রিসমাসের রীতি ও লোকাচারের সঙ্গে মিশে গেছেন সান্টা-ক্লজ। আমেরিকা-কানাডার শিশুরা ক্রিসমাস ইভে ঘুমাতে যাওয়ার আগে সান্টার জন্য এক গ্লাস দুধ ও এক প্লেট কুকিজ রেখে যায়। আর ফায়ার প্লেসের কাছে ঝুলিয়ে রাখে নতুন মোজা। পরদিন ভোরে দেখা যায় মোজার ভেতর উপহার রেখে গেছেন সান্টা। পাশে পড়ে আছে আধ খাওয়া কুকিজ। সুইডেন আর নরওয়ের শিশুরা রেখে যায় রাইস পরিজ। আয়ারল্যান্ডে গিনিজ বা দুধের সঙ্গে ক্রিসমাস পুডিং বা পাই দেওয়ার প্রথা রয়েছে।

হাঙ্গেরিতে বলা হয় সেইন্ট নিকোলাস বা মিকুলাস ডিসেম্বরের ৫ তারিখের রাতে আসবেন। তার কাছ থেকে শিশুরা উপহার পায় ক্যান্ডিভরা ব্যাগ। স্লোভানিয়াতেও সেইন্ট নিকোলাস বা মিকলাভজ ৬ ডিসেম্বরের প্রথম প্রহরে আসেন। ক্রিসমাস ম্যান বোজিসেক আসেন ক্রিসমাস ইভে আর ডাডেক ম্ব্রাজ বা তুষার দাদা আসেন ৩১ ডিসেম্বর বা নববর্ষের আগের রাতে।

ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, আইরিশ, আমেরিকান ও কানাডিয়ান শিশুরা সান্টার বলগা হরিণের জন্য গাজর রেখে দেয়। ডাচ শিশুরা রেখে দেয় গাজর ও খড়। পরদিন সকালে তারা দেখে গাজর ও খড়ের বদলে রয়েছে উপহার।

ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে আজকাল রাস্তাঘাট, বড় হোটেল ও শপিংমলে সান্টা-ক্লজের পোশাক পরা  মানুষকে দেখা যায়। তার শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের উপহার দেন।

বাংলাদেশসহ সারাবিশ্বের বড় হোটেল ও শপিং মলে সান্টা-ক্লজের পোশাকপরা কর্মীদের দেখা পাওয়া যায়। বলতে গেলে সান্টা-ক্লজ এখন ধর্মীয় রীতির চেয়ে অনেকটাই বিশ্ব সংস্কৃতির অংশ।

সান্টা-ক্লজ সত্যি হোন বা কল্পনা, একথা চিন্তা করতেই ভালো লাগে যে, বিশ্বে এমন একজন সহৃদয় বৃদ্ধ রয়েছেন যিনি শিশুদের জন্য ভাবেন, তাদের জন্য উপহার নিয়ে আসেন। যখন তখন হো হো করে হেসে ওঠেন। লালসাদা পোশাক পরে বলগা হরিণে টানা স্লেজে চড়ে আকাশপথে উড়ে বেড়ান। দারুণ সব উপহার নিয়ে আসেন।

এমন একজন সদালাপী, সহাস্য, সহৃদয় মানুষকে কে না ভালোবাসে। সান্টা-ক্লজ আছেন এবং থাকবেন বিশ্বের শিশুদের মনে ও তাদের ভালোবাসায় এবং ক্রিসমাসের শুভ কামনায়।

কিডজের পাঠকসহ সবাইকে বড়দিনের শুভকামনা।