সময়
ভাঙা চাঁদখানি ঝোলে দোলনায় শুধু দোল খায় হু-হু হাওয়ায়
ভাঙা চাঁদখানি ঝোলে দোলনায়
শুধু দোল খায় হু-হু হাওয়ায়
দুধ লেগে আছে শিশুটির মুখে
যেন চর জাগে যমুনার বুকে!
নিশি-বালি ঘোরে জ্যোৎস্নার পায়
ঋষি গাছটিও ভেজে খালি গায়
ঘুমে ঢুলুঢুলু সেতুটির কাঁধে
ঝোলা চাঁদখানি কে যে আর বাঁধে?
শিশুটিরও চুল শাদা ফুল হবে
যমুনার জল হাঁটু-নিচু রবে
সেতুটির ভিত এলোমেলো তবে
খসা চাঁদ আর কেবা কবে ছোঁবে?
