শুভ জন্মদিন
১৯ অক্টোবর ছিল সুকুমার বড়ুয়ার নাতনি শুভা-র জন্মদিন। সে উপলক্ষে লেখা ছড়াটি ছাপা হল কিডজে।
আয় রে শালিক আয় রে চড়ুই
নাচ রে তা-ধিন ধিন
আজকে আমার দিদিমণি
শুভার জন্মদিন।
রাঙা বেলুন চুমকি মালায়
ঘর সাজে আর বাতি জ্বালায়।
একের পরে দুই হবে আর
দুই ছাড়িয়ে তিন,
কেক কাটা আর হাততালিতে
বাজবে খুশির বীণ।
আজ যে আমার শুভামণির
শুভ জন্মদিন।
