হাম্বামুরগি
শেষ পর্যন্ত লাবনীকে একটা মুরগি কিনতেই হল। ছেলে কাব্যর অনেক আবদার-অনুরোধের পর।
খুব খুশি হল কাব্য। খুশির প্লাবন যেন বয়ে গেল তার সারা শরীরে। বাঁধভাঙা উচ্ছ্বাসের মতো। রাস্তাতেই মুরগি নিয়ে লাফাতে শুরু করল সে। লাফাতে লাফাতে সুর করে বলল, “কী মজা! কী মজা! আম্মু খুব ভালো। আমাকে মুরগি কিনে দিয়েছে। আমি এটাকে পালব। কী মজা! কী মজা! থ্যাঙ্কু আম্মু। থ্যাঙ্কু থ্যাঙ্কু।”
অবাক চোখে রাস্তার লোকজন কাব্যকে দেখছে। তারা হয়তো মজা পাচ্ছে কাব্যর লাফালাফি আর হৈচৈ দেখে।
“কাব্য, তোমাকে কিন্তু এখন মার দেব। তোমার আবদার রক্ষা হয়েছে তো? এখন সোজা বাসায় চল। রাস্তার লোকজন দেখেছ কীভাবে তোমার দিকে হা করে তাকিয়ে আছে!”
“তাকালে তাকাক। তাতে আমার কী। আমি লাফাবই।”
কাব্যর সঙ্গে যোগ দিয়েছে মুরগিটাও। সেও তার ভাষায় চিৎকার চেঁচামেচি শুরু করল। লাবনী ছেলেকে ধমক দিলেন। “তোমাকে চুপ থাকতে বলেছি না? চুপ না করলে কিন্তু মুরগি ফেরত দিয়ে দেব।”
এবার কিছুটা কাজ হল। যার জন্য এত লাফালাফি, তাই যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে তো মুশকিল। এই ভেবে কাব্য লাফালাফি থামিয়ে দিল। মুরগি নিয়ে মায়ের পেছনে পেছনে সুবোধ বালকের মতো বাসায় গেল।
বাসায় ঢোকার পর আরেক পশলা হৈচৈ। তা তো হবেই। কাব্য গত একমাস ধরে আবদার করে আসছিল একটা মুরগি কিনে দেওয়ার জন্য। আজ তা কবুল হল। তাও অফিসে যাওয়ার সময় বাবা দুইশ টাকা দিয়ে যাওয়ায়। বাবা ঘর থেকে বেরুতে না বেরুতেই মাকে তাড়া দিচ্ছিল কাব্য। “মা চল, আমাকে মুরগি কিনে দেবে।”
“এত অস্থির হলে কী চলে। বলেছি তো একটু পরে যাব।”
“একটু পর হয়ে গেছে, এবার চল।”
আদরের ছোট ভাইয়ের আবদারে বড় বোন অনির কণ্ঠও বিগলিত, “মা, যাও। কিনেই যখন দেবে, এখনই নিয়ে এস।”
“হায়রে কপাল! তোদের নিয়ে আর পারা গেল না।” লাবনী মেয়েকে বললেন, “কিনে দিতে পারি। কিন্তু মুরগির সেবাযত্ন আমি করতে পারব না। এসব তোরা দুই ভাইবোন করবি।”
“আমিই করতে পারব। তুমি এখন চল।” কাব্য মাকে আশ্বস্ত করল।
লাবনী দেখলেন, মুরগি কিনে না দেওয়া পর্যন্ত নিস্তার নেই। তাই বাধ্য হয়েই তাকে মুরগি কেনার জন্য বেরুতে হয়েছে।
কিন্তু সমস্যা হল, ভাড়া বাসায় মুরগি পোষার জায়গা কোথায়? বারান্দা একটা যাও আছে, সেখানে অনি ফুলের বাগান করেছে। টবে ফুল। তাই এটার নাম টব-বারান্দা। এখানে মুরগি রাখার কোনো জায়গা নেই।
বিকল্প হিসেবে কাব্য প্রস্তাব দিল, “কোনো সমস্যা নেই। আমাদের বাথরুম তো বড়-ই। রাতে মুরগিটা ওখানে থাকবে।”
“দিনে?” লাবনীর প্রশ্ন।
“দিনে ঘরে হাঁটাহাঁটি করবে।”
“ঘর ময়লা করলে পরিষ্কার করবে কে?”
“আপু করবে।” কাব্যর সাফসাফ জবাব।
“আমি পারব না।” বড়বোন অপারগতা প্রকাশ করল।
“তুমি না পারলে আমিই করব।”
“দেখা যাবে, কতটা কর। পরে আমাকেই করতে হবে। ভাড়া বাড়িতে এসব ঝামেলা ভালো লাগে না।” মায়ের সঙ্গে গলা মিলিয়ে বলল অনি।
কাব্য জানে, মা ও বোন বিগড়ে গেলে শেষ পর্যন্ত মুরগি কেনা হবে না। তাই গলা নরম করে বলল, “ঠিক আছে আপু, আগে আম্মু মুরগিটা কিনে দিক। কোনো সমস্যা হলে, তোমরা যা বলবে তাই শুনব।”
ছেলের আকুতিতে মায়ের মন গলে গেল। ছেলেকে একটা মুরগি কিনে দিতে বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে।
মুরগিটাকে বাসায় আনার পর, তাকে খাবার দিতে ব্যস্ত হয়ে পড়ল কাব্য। ড্রাম থেকে চাল এনে খেতে দিল। খাবার দেখে মুরগিটা খুশি হলেও, নতুন খাবার তার পছন্দ হল না। জন্মের পরে এমন খাবার সে কখনও খায়নি। সে যে ফার্মে ছিল, ওখানে কী সুন্দর সুন্দর খাবার ছিল! সারাদিন খেতে ইচ্ছা করত।
অবশ্য খুব ক্ষিধেও পেয়েছে তার। তাই অনিচ্ছাসত্তে¡ও নতুন খাবারে ঠোকর দিল। খেলও একটু। কিন্তু স্বাদ পেল না। কাব্য ভাবল, মুরগিটার ক্ষিধে নেই। মুরগিটাকে বলল, “ঠিক আছে। এখন না খাস, একটু পরে কিন্তু খেতে হবে।”
মুরগিটা কাব্যর দিকে তাকাল। কাব্য মনে করল, তার কথায় মুরগিটার সায় আছে। কিন্তু একটু পরেও সে মুরগিটাকে কিছু খাওয়াতে পারল না। তার মন খারাপ হয়ে গেল। মনে হল, মুরগিটা অনেক রোগা হয়ে গেছে। না খেলে তো হবেই। কিন্তু খাচ্ছে না কেন? মনে হয় চাল খেতে ভালো লাগছে না মুরগিটার। অন্য কিছু দেওয়া যেতে পারে। কাব্য বিস্কুট, চিপস্ এনে দিল। তাও খেল না মুরগিটা। “দুত্তুরি ছাই! কী একটা বোকা মুরগি কিনে দিয়েছে আম্মু। কিছুই খাচ্ছে না।”
মুরগিটার উপর খেদ ঝাড়ে কাব্য, “এই মুরগি, বেছে বেছে খাবার খাবি না। সব খাবি। তাহলে স্বাস্থ্য ভালো থাকবে।”
কাব্যকে একা একা বিড়বিড় করতে দেখে ছুটে এল গৃহকর্মী কুসুম, “ভাইজান, খাইব ক্যামনে! আপনে একটা হাম্বামুরগি নিয়া আইছেন। ছাগুমুরগি আনতেন, তাইলে সব খাইত। যা পাইত, তাই খাইত। তাগো কোনো বাছবিচার নাই। যহন যা পায় তাই খায়।”
কুসুমের কথা কিছুই বুঝতে পারল না কাব্য। সে কুসুমের দিকে হা করে তাকিয়ে রইল। বলল, “তুমি কী বলছ? আমি তো কিছুই বুঝতে পারছি না! হাম্বামুরগি-ছাগুমুরগি, এগুলি আবার কী? এই নাম তো কোনোদিন শুনিনি।”
“হুনবেন কইথন ভাইজান! এইডা আমার আবিষ্কার। যেইসব মুরগি বাইছা বাইছা খাওন খায়, হেগ নাম দিছি হাম্বামুরগি। আর যেগুলান বাছাবাছি করে না, যহন যা পায় তাই খায়, হেগুলার নাম দিছি ছাগুমুরগি। আরও পরিষ্কার কইরা বুঝাইয়া দেই। হাম্বা মানে গরু। আর ছাগু মানে ছাগল। এইবার বুঝলেন তো?”
“হুম বুঝলাম। তাহলে এখন কী করব কুসুম আপা?”
“খালাম্মারে কন, হাম্বামুরগিডারে জবাই কইরা খাইয়া ফালাইতে।”
“একদম না। এটাকে আমি জবাই করতে দেব না। এসব কথা কখনও বলবে না।” জবাইয়ের কথা শুনে কাব্যর মেজাজ খারাপ হয়ে গেল।
“অসুবিধা কী! খালাম্মারে কইবেন, একটা ছাগুমুরগি কিননা আনতে। তাইলেই কেস খতম।”
“না, আরেকটা ছাগুমুরগি কিনে আনলেও, এটাকে আমি কিছুতেই জবাই করতে দেব না।”
“আইচ্ছা, না দেন, হেইডা আপনের ব্যাপার। আমি যা ভালো মনে করছি, তাই কইলাম। আদর করতে করতে হাম্বামুরগিটারে আবার মাইরা ফালাইয়েন না ভাইজান। মানুষ বেশি আদরে কান্ধে উঠে। আর বুকজাত বেশি আদরে উঠব আসমানে।”
“তুমি যাও তো আমার সামনে থেকে। তোমার কথা আমার ভালো লাগছে না।”
“লাগব ক্যামনে! আপনের মায়েরই ভাল্লাগে না। আপনে ত হেরই পোলা।”
“তুমি আমার সামনে থেকে যাবে, নাকি মাকে ডাকব?” কাব্যর মেজাজ খারাপ হয়ে গেল।
কাব্যর ধমকে ভয় পেয়ে গেল কুসুম। সে দ্রুত সেখান থেকে চলে গেল।
মুরগিটার অবস্থা দেখে কাব্যর সত্যিই খারাপ লাগল। কিনে আনার পর থেকে মুরগিটা কিছুই খাচ্ছে না। এভাবে না খেয়ে থাকলে তো ওকে বাঁচান যাবে না। এখন কী করা যায়? মাকে ডাকল কাব্য। ছেলের ডাক শুনে ছুটে এলেন লাবনী, “কি হয়েছে কাব্য? ডাকছ কেন বাবা?”
“তুমি আমাকে হাম্বামুরগি কিনে দিয়েছ কেন?”
কাব্যর কথায় অবাক হলেন লাবনী। “হাম্বামুরগি আবার কাকে বলে? হাম্বামুরগি আবার কী রকম কথা? কে বলেছে আমি তোমাকে হাম্বামুরগি কিনে দিয়েছি?”
“কুসুম আপু বলেছে। তুমি হাম্বামুরগি কিনে দিয়েছ বলে ঘরের কোনো খাবার খাচ্ছে না। যদি ছাগুমুরগি কিনে দিতে, তাহলে সব খাবার খেত। আম্মু তুমি আমাকে একটা ছাগুমুরগি কিনে দাও। আমি ছাগুমুরগি কিনব।”
কাব্যর কথায় লাবনী কাঁদবেন না হাসবেন বুঝতে পারলেন না। ছেলের কথায় হাসি পেলেও, রাগ হল কুসুমের উপর। কুসুমকে ডাকলেন লাবনী, “কুসুম, এদিকে আয়।”
লাবনীর ডাকে ছুটে এল কুসুম, “খালাম্মা, আমারে ডাকছেন?”
“তুই কাব্যকে কী বলেছিস? হাম্বামুরগি আবার কী জিনিস? তুই ওকে বলেছিস, যে এটা হাম্বামুরগি, তাই কিছু খাচ্ছে না। ছাগুমুরগি হলে সবকিছু খেত।”
“ও এই কথা! কইবেন ত। আপনে বিশ্বাস করেন আর নাই করেন, আমি কিন্তু এট্টুও মিছা কই নাই খালাম্মা।”
এরপর কুসুম হাম্বামুরগি ও ছাগুমুরগির পার্থক্য বুঝিয়ে দিল লাবনীকে। গরু ও মুরগির মধ্যে কুসুমের অস্বাভাবাবিক তুলনার কথা শুনেও কিছু বলল না লাবনী। কারণ কুসুম এরকম আজগুবি কথা প্রায়ই বলে। তাই কুসুমের কথায় কান না দিয়ে কাব্যকে বলল, “এখন না খায় পরে খাবে। এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। স্কুলে যেতে হবে। গোসল করে রেডি হও।”
“কিন্তু হাম্বামুরগিটা তো কিছুই খাচ্ছে না। না খেলে তো মরে যাবে।”
“বললাম তো, এখন না খায় পরে খাবে। এখন স্কুলে যাও। এই কুসুম তুই কাব্যকে স্কুলে দিয়ে আয়। আমি দেখছি মুরগিটা কেন কিচ্ছু খাচ্ছে না।”
“ঠিক আছে খালাম্মা। আমি যাইতাছি ভাইজানরে লইয়া। আপনে দেহেন, হাম্বামুরগিডারে কিছু খাওয়াইতে পারেন কিনা। তয়, আমার মনে অয় না আপনে পারবেন। আপনেও ফেইল মারবেন।”
কুসুমের কথা শুনে লাবনীর মেজাজ খারাপ হয়ে গেল। বললেন, “তোকে বলেছি, কাব্যকে স্কুলে নিয়ে যেতে। বেশি কথা বলতে বলিনি।”
“হ তা তো কইবেনই। গরীব কইলে দোষী, বড়লোক কইলে সাচি।” পরে কাব্যকে বলল, “ভাইজান, স্কুলে যাইতে রেডি হন।”
স্কুলে যাওয়ার জন্য তৈরি হল কাব্য।
আসলেই হাম্বামুরগিটা কিছু খাচ্ছে না। ওদেরকে স্কুলে পাঠানোর পর থেকেই মুরগিটাকে খাওয়ানোর চেষ্টা করছেন লাবনী। কিন্তু বজ্জাতটা একদমই খাচ্ছে না। ভাবনায় পড়লেন লাবনী। কী করবেন মুরগিটাকে নিয়ে? যদি মরে যায়, তাহলে কাব্যকে কী জবাব দেবেন?
লাবনী আরেকবার চেষ্টা করলেন মুরগিটাকে কিছু খাওয়ানোর জন্য। এবারও তিনি ব্যর্থ হলেন। না খেতে খেতে মুরগিটা আরও দুর্বল হয়ে গেল। মাথা কাত করে একদিকে শুয়ে পড়ল। চোখ পিটপিট করতে লাগল। এরপর কাঁপতে শুরু করল। বোঝা যাচ্ছে, মুরগিটার অবস্থা বেশি ভালো না। কী করবেন লাবনী?
এসময় ঘরে ঢুকল কাব্য ও কুসুম।
“মা, আমার হাম্বামুরগির কী অবস্থা?” ঘরে ঢুকেই মুরগির কুশল জানতে চাইল কাব্য।
“বুঝতে পারছি না বাবা। কিছুই খাচ্ছে না।”
কুসুমও এগিয়ে এল। মুরগির অবস্থা দেখে বলল, “হায় হায় খালাম্মা, আপনে এহনও বইসা রইছেন? বটনি দাওডা কই? তাড়াতাড়ি জবাই কইরা দেন।”
কাব্য চোখ বড় বড় করে কুসুমের দিকে তাকাল। লাবনী বললেন, “বেশি কথা বলবি না কুসুম। মেজাজ খারাপ আছে। তুই তোর কাজে যা।”
“হায় আল্লাহ! খালাম্মা, আপনে এইডা কী কইলেন? আমার কাজ ত এহনই শেষ কইরা আইলাম। ভাইজানরে স্কুলথন নিয়া আইলাম।”
“ঠিক আছে, তুই চুপ করে বস। বেশি কথা বলবি না।”
“আমার কি ঠেকা পড়ছে বেশি কথা কমু। আপনে দেখতাছেন হাম্বামুরগিডা মইরা যাইতাছে। বুঝতেই ত আছেন মইরা যাইব গা। হুদা লস খাইয়া লাভ আছে? খাইলে লাভ অইব। দ্যান খালাম্মা জবাই কইরা দেই।”
“একটা মুরগি মরতে বসেছে। আর আমি এই অবস্থায় জবাই করে খেয়ে ফেলব? শোন, এটার নিশ্চয়ই কোনো অসুখ আছে। তাই কিছু খাচ্ছে না। আর অসুস্থ একটা মুরগি জবাই করে খাওয়া মোটেই ঠিক হবে না। মরে যায় যাক। আমাদের কিছুই করার নেই।”
“আপনেরা জমিদার মানুষ। না খান, আমার কোনো কতা নাই। আমারে দিয়া দ্যান, আমরা গরিবরা খাইলে কোনো অসুবিধা নাই। গরিবের পেট অইল পাত্থরের তৈয়ার। হেগ আবিজাবি খাইলেও সমস্যা নাই।”
এ সময় কাব্য চিৎকার করে উঠল। বলল, “মা, আমার হাম্বামুরগিটা মরে যাচ্ছে।”
লাবনী মুরগিটার দিকে তাকালেন। দেখতে পেলেন, মুরগিটা ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে। এক সময় মুরগিটা মরে গেল। মুরগিটার করুণ মৃত্যু দেখে কাব্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
লাবনী কাব্যকে সান্ত্বনা দিতে দিতে বললেন, “কী আর করবি বাবা। তোর বাবাকে বলব, তোকে আরেকটা মুরগি কিনে দিতে।”
কাব্য কিছু বলল না। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল মুরগিটার দিকে।
