মন্ডা ক্লাবের কয়েকটি আমন্ত্রণপত্র
সে সময় একটি সাহিত্যসভা বসত প্রতি সোমবার। তাই ক্লাবের নাম ছিল মান্ডে ক্লাব। সুকুমারের হাতে সেটির নাম হয়ে গেল মন্ডা ক্লাব! তিনি ছিলেন ক্লাবের সেক্রেটারি। নিচের ছড়াগুলো তার লেখা সদস্যদের প্রতি আমন্ত্রণপত্র।
১
সম্পাদক বেয়াকুব
কোথা যে দিয়েছে ডুব--
এদিকেতে হায় হায়
ক্লাবটি তো যায় যায়।
তাই বলি সোমবারে
মদগৃহে গড়পারে
দিলে সবে পদধূলি
ক্লাবটিরে ঠেলে তুলি।
রকমারি পুঁথি কত
নিজ নিজ রুচিমত
আনিবেন সাথে সবে
কিছু কিছু পাঠ হবে
করজোড়ে বারবার
নিবেদিছে সুকুমার।
২
কেউ বলেছে খাবো খাবো,
কেউ বলেছে খাই
সবাই মিলে গোল তুলেছে--
আমি তো আর নাই।
ছোটকু বলে, রইনু চুপে
কমাস ধরে কাহিল রূপে!
জংলি বলে “রামছাগলের
মাংস খেতে চাই।”
যতই বলি ‘সবুর কর’--
কেউ শোনে না কালা,
জীবন বলে কোমর বেঁধে,
কোথায় লুচির থালা?
খোদন বলে রেগেমেগে
ভীষণ রোষে বিষম লেগে--
বিষ্যুতে কাল গড়পারেতে
হাজির যেন পাই।
৩
শনিবার ১৭ই
সাড়ে পাঁচ বেলা,
গড়পারে হৈ হৈ
সরবতি মেলা।
অতএব ঘড়ি ধরে
সাবকাশ হয়ে
আসিবেন দয়া করে
হাসিমুখে লয়ে।
সরবৎ সদালাপ
সংগীত-ভীতি
ফাঁকি দিলে নাহি মাপ,
জেনে রাখ- ইতি।
৪
আমি, অর্থাৎ সেক্রেটারি,
মাসতিনেক কলকেতা ছাড়ি
যেই গিয়েছি অন্য দেশে
অমনি কি সব গেছে ফেঁসে।
বদলে গেছে ক্লাবের হাওয়া,
কাজের মধ্যে কেবল খাওয়া!
চিন্তা নেইক গভীর বিষয়
আমার প্রাণে এসব কি সয়?
এখন থেকে সমঝে রাখ
এ সমস্ত চলবে নাকো,
আমি আবার এইছি ঘুরে
তান ধরেছি সাবেক সুরে।
শুনবে এস সুপ্রবন্ধ
গিরিজার বিবেকানন্দ,
মঙ্গলবার আমার বাসায়।
(আর থেক না ভোজের আশায়)
