ছোটদের জন্য শামসুর রাহমান
শামসুর রাহমান কবি। শামসুর রাহমান সাংবাদিক। দেশের সবার কাছে তাঁর এই-ই পরিচয়। কিন্তু ছোটদের কাছে তাঁর আরেকটি পরিচয় আছে-- ছড়াকার। ছোটদের জন্য তিনি ছড়া লিখেছেন। চমৎকার সব ছড়া। তাই ছোটদের শামসুর রাহমান হলেন ছড়াকার শামসুর রাহমান।
ছড়া বড়দের জন্যও হয়, ছোটদের জন্যও হয়। শামসুর রাহমান যে সকল ছড়া লিখেছেন, তার বেশির ভাগই ছোটদের জন্য ছড়া। আরও ভালো করে খেয়াল করলে দেখা যাবে, শুধু তাঁর দুই নাতিন নয়না ও দীপিতাকে নিয়েই অনেক ছড়া লিখেছেন তিনি। নিজের নাতিনদের খুশি করার জন্য লিখলেও, যারা তার নাতিন নয়, তাদের তো আর সেই ছড়াগুলো পড়তে বাধা নেই!
১৯৯৮ সালে কবির ৭০তম জন্মদিনে প্রকাশিত হয় কবির ‘ছড়াসমগ্র’। বইটিতে কবির ৬টি ছড়ার বইয়ের সবগুলো ছড়া তো আছেই; আরও আছে তখনও বইয়ের বাইরে থাকা আরও ৪০টি ছড়া। ওগুলো পরে তাঁর অন্য ছড়ার বইয়ে জায়গা পেয়েছে।
প্রথম ছড়ার বইটির নামও ভীষণ সুন্দর-- ‘এলাটিং বেলাটিং’। এটি আসলে গ্রামীণ একটি খেলার নাম। খেলাটা কেবল ছোটরাই খেলে। বইয়ের শুরুতেই তিনি বলেছেন, তাঁর এই ছড়ার বই তাদের পড়তে দেবেন, যাদের ‘পড়ার মতো সময় আছে’, যারা ‘জোছনা-রাতে পরির নাচ দেখে, জানলা দিয়ে সোনার গাছ দেখে এবং নায়ের মতো চাঁদের মাঝি হয়’, তাদের। যাদের চোখ দুষ্টুমিতে ভরা, তাদেরও তিনি এই ছড়ার বই পড়তে দিতে চান। বাকিটুকু কবির ভাষাতেই শোনা যাক-
“যারা বেড়ায় উড়ে পক্ষিরাজের পিঠে,
যারা জিরোয় বসে স্বপ্নবাড়ির ভিটে,
যারা ভেলকি বোঝে হঠাৎ মিলের ফাঁদের,
ফাঁদের ফাঁদের ফাঁদের।
আমার ছড়ার এ বই পড়তে দেবে তাদের
তাদের তাদের তাদের।”
(ছড়ার এ-বই, এলাটিং বেলাটিং)
কবি তার ছড়ায় কেবল ছন্দের দোলাই দেননি, কল্পনার ছবি এঁকে এঁকে ছড়াগুলোকে অনেকটা কবিতা-ই বানিয়ে ফেলেছেন। ওগুলো যেন আর শিশুতোষ ছড়া থাকেনি, হয়ে উঠেছে শিশুতোষ কবিতা। শুধু তাই নয়, ‘এলাটিং বেলাটিং’-এর প্রায় প্রতিটি ছড়ায় তিনি সচেতনভাবে গ্রামীণ জীবনের উপকরণ ব্যবহার করেন। যেমন--
“নীলের ঘোড়া নীলের ঘোড়া পক্ষিরাজের ছা,
মেঘডুমাডুম আকাশপারে তা থৈ তা থৈ তা।
মেঘের দোলায় চললি কোথায়, কোন সে অচিন গাঁ
আয়-না নেমে গলির মোড়ে করবে না কেউ রা’।”
(আমায় নিয়ে যা, এলাটিং বেলাটিং)
‘জল-টুপটুপ’, ‘খোকন গেছে ক্ষীরসাগরে’, ‘জটিবুড়ির ছড়া’, ‘চরকাবুড়ি’, ‘আঁটুল-বাঁটুল ছড়া’, ‘খুকুমণির বিয়ে’-- এই ছড়াগুলোর নাম থেকেই বোঝা যায় যে, আমাদের রূপকথার চরিত্র ও কাহিনি নিয়েই তিনি ছোটদের জন্য লিখেছেন এই ছড়াগুলো।
এই বইয়েরই আরেকটি ছড়া ‘কাকের ছায়া’। ছড়াটি স্কুলে পাঠ্য হওয়ায় সব শিশুদের পড়া হয়ে যায়। আর শামসুর রাহমানের ছড়া, পছন্দ না হয়ে উপায় আছে! ছড়াটির কয়েকটি চরণ এ রকম--
“কাঠফাটা সেই দুপুরে
কাকটা গেল পুকুরে।
পানি খাওয়ার আমেজে
পুকুরপাড়ে নামে যে।
সরিয়ে ঝরা পাতাটা,
দেখে কাকের মাথাটা।”
(কাকের ছায়া, এলাটিং বেলাটিং)
‘এলাটিং বেলাটিং’য়ে আরও অনেক ছড়া আছে, যেগুলো রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছিল; মানুষের মুখে মুখে ফিরত। এমনি একটি ছড়ার নাম ‘আঁকিয়ে’। ভান ধরা এক নাগরিক শিল্পীকে কবি এই ছড়ায় কী বিদ্রুপটাই না করেছেন!
“এই শহরে এক যে ছিল আঁকিয়ে,
আঁকত ছবি ঘাড়টা কিছু বাঁকিয়ে
মাঝে-মাঝে গোঁফটা শুধু পাকিয়ে
বৈঠকে সব বসত বটে জাঁকিয়ে
ছবি দেখে বলত সবাই, ‘ফাঁকি এ’।
বুক ফুলিয়ে চুলের ঝুঁটি ঝাঁকিয়ে
নিজের ছবি দেখত নিজেই তাকিয়ে।”
(আঁকিয়ে, এলাটিং বেলাটিং)
শামসুর রাহমানের পরের ছড়ার বইটির নামও ভীষণ সুন্দর-- ‘ধান ভানলে কুঁড়ো দেব’; যেন নাম থেকে গ্রামের গন্ধ বেরুচ্ছে। এই বইয়ের ‘যদি আমি’, ‘পণ্ডশ্রম’ এবং ‘সাইক্লোন’ ছড়া তিনটি ভীষণই বিখ্যাত। বাংলা ভাষার শ্রেষ্ঠ ছড়ার লিস্টি করলে এই ছড়া তিনটি থাকবেই থাকবে। ‘যদি আমি’ ছড়াটি থেকে একটু শোনালেই ব্যাপারটা বোঝা যাবে--
“মা মণিটার চোখ এড়িয়ে
গলির মোড়ের পুল পেরিয়ে
রোদের সাথে বুক মিলিয়ে
পাখনা-ভরা রঙ বিলিয়ে
এখান থেকে অনেক দূরে
যদি আমি যেতাম উড়ে
প্রজাপতির মতো
কেমন মজা হ’ত।”
(যদি আমি, ধান ভানলে কুঁড়ো দেব)
‘পণ্ডশ্রম’ কবিতাটি সবার জানা একটি লোকগল্প নিয়ে লেখা। চিলে কান নিয়েছে শুনে সবাই চিলের পিছে ছুটছে, অথচ কেউ খেয়ালও করছে না, কান আদৌ চুরি হয়েছে কিনা! এমন একটি মজার লোকগল্প নিয়ে কবি শামসুর রাহমান লিখেছেন অসাধারণ এই ছড়াটি। কবিতাটির শুরুটাই কিন্তু ভীষণ নাটকীয়--
“এই নিয়েছে ঔ নিল যা
কান নিয়েছে চিলে।
চিলের পিছে ঘুরছি মরে
আমরা সবাই মিলে।”
(পণ্ডশ্রম, ধান ভানলে কুঁড়ো দেব)
এরপর সবাই মিলে কানের খোঁজে চিলের পিছে ছুটে মরছি; ছুটছি মাঠে, বিলে সাঁতার কাটছি, কানের শোকে মিটিং করছি, কিন্তু ‘কান মেলে না তবু’। সবাইকে অমন করে ছুটতে দেখে শেষে ছোট্ট একটি ছেলে এসে বলে--
‘‘নেইকো খালে নেইকো বিলে
নেইকো মাঠে গাছে
কান যেখানে ছিল আগে
কান সেখানেই আছে।’’
(পণ্ডশ্রম, ধান ভানলে কুঁড়ো দেব)
আর তখনই সবার সম্বিৎ ফেরে। তখন সবাই বলে--
“ঠিক বলেছে, চিল তবে কি
নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি
পণ্ড হল শ্রম।”
(পণ্ডশ্রম, ধান ভানলে কুঁড়ো দেব)
‘সাইক্লোন’ ছড়াটি আবার বর্ণনামূলক। সাইক্লোন বা ঘূর্ণিঝড় হলে তখন কী অবস্থা হয়, তারই বিবরণ। ঘূর্ণিঝড়ের তোড়ে ঘরের চাল ওড়ে, গাছের ডাল ওড়ে, ডোলার খই ওড়ে, তাকের বই-পঞ্জিকা-বিশ্বেকোষ-- সব ওড়ে। কেবল ওড়ে-ই না, বানের তোড়েও ভেসে যায় কত কিছু!
“চম্পাবতীর কেশ ভাসছে,
ভাসছে স্রোতে খড়ের ঘর
শেয়াল কুকুর কুঁকড়ো শালিক
ডুবল সবি, ডুবল চর।”
(সাইক্লোন, ধান ভানলে কুঁড়ো দেব)
শুধু ঝড়ের বিবরণই দেননি কবি, ঝড় শেষে মানুষ যে কী অসহায় হয়ে পড়ে, সেটিও বুঝিয়ে দিয়েছেন একেবারেই সাদামাটা ভাষায়; কিন্তু সেই সাদামাটার ভাষার বর্ণনাই কী অসম্ভব শক্তিশালী!
“রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে
খেঁকশেয়ালের বে’।
সর্বনাশা ঝড়ের পরে
কোমর বাঁধে কে?”
(সাইক্লোন, ধান ভানলে কুঁড়ো দেব)
এই যে কবি লোকছড়ার নানা উপাদান তো বটেই, লোকছড়ার আঙ্গিকেই ছড়া রচনা করেছেন আগের দুটো বইতেই, সেটা কিন্তু বজায় থেকেছে পরেও। তৃতীয় ছড়ার বই ‘গোলাপ ফোটে খুকীর হাতে’ গ্রন্থেও কবি লোকছড়ার আঙ্গিক ব্যবহার করেছেন। বইটির অমন ছড়াগুলো হল-- ‘আয় ঘুমানি’, ‘বাদুড় বাদুড়’, ‘ঘোড়ার গাড়ি’, ‘উকুনে বুড়ি’, ‘কলের বাঁশি’, ‘ইলিবিলি’।
পরের বইগুলোতেও, ‘রংধনুর সাঁকো’ এবং ‘লাল ফুলকির ছড়া’ গ্রন্থেও কবি তা করেছেন। যেমন--
“মোল্লাগুলো যখন-তখন
ফতোয়া জারি করে-
পাড়াগাঁয়ের দুলালিরা
র্দোরা খেয়ে মরে।
.....
মোল্লাগুলোর জুলুমবাজি
খতম করার তরে
দেশের মানুষ সবাই মিলে
যেতে হবে লড়ে।”
(মোল্লাগুলো, রংধনুর সাঁকো)
আবার তার একটা বিখ্যাত ছড়ার নাম-- ‘যা রাজাকার’। এই ছড়া তিনি কাদের নিয়ে লিখেছেন, তা তো বোঝাই যাচ্ছে।
“যা রাজাকার ভেগে যা,
এদেশ ছেড়ে ভেগে যা
খোকার সাহস দেখে যা,
মারের মজা চেখে যা।
তোদের হাতে খুনের দাগ
ভাগ রে তোরা জোরসে ভাগ।”
(যা রাজাকার, রংধনুর সাঁকো)
‘লাল ফুলকির ছড়া’ বইয়ের কয়েকটি ছড়া আবার একেবারেই রাজনৈতিক। যেমন, তখন তেলের দাম খুব বেড়ে গিয়েছিল; রান্না করার তেলেরও, গাড়ি চালানোর তেলেরও। সে কথাও আছে ‘লাল ফুলকির ছড়া’ বইয়ে--
“সর্ষে তেলের ঘ্রাণ পাওয়া ভার
নেইকো ঘরে জ্বালানি।
পণ্যগুলো হচ্ছে লোপাট,
ধন্য চোরাচালানি।”
(ছড়া, লাল ফুলকির ছড়া)
আবার ‘ছেলে ঘুমালো পাড়া জুড়ালো’ ছড়াটিকে তিনি নতুন ভাবে লিখলেন--
“ছেলে ঘুমায় না, পাড়ায় জুড়ায় না
বর্গিরা এল দেশে।
বর্গি তাড়াবে তাই তো খোকন
সাজল বীরের বেশে।
....
দ্যাখো দ্যাখো চেয়ে বর্গি পালায়
খোকনের ওই গোলার জ্বালায়।
প্রাণ নিয়ে দেয় চম্পট ওরা
কেউ পড়ে মরে, কেউ হয় খোড়া।
আজকে খোকন তাড়ায় বর্গি
মেঘ হতে ভেসে ভেসে।”
(বর্গি তাড়ানো গান, লাল ফুলকির ছড়া)
এই বইয়ের ‘দামাল ছেলে’, ‘বাংলার বাঘ’, ‘সেই যে তিনি’ এ রকম বীরত্বের ছড়া।
‘রূপকথা’ নামের ছড়াটিও এক সময় খুব বিখ্যাত হয়েছিল। এটি একটি রূপক ছড়া। সোজা করে বললে, একটা জিনিসকে অন্য কোনো জিনিসের প্রতীক হিসেবে বর্ণনা করাই রূপক। তাঁর এই ‘রূপকথা’ নামের ছড়ার ‘আজব দেশের ধন্য রাজা’ বলে তিনি তখনকার স্বৈরাচারী শাসক এরশাদকে বুঝিয়েছিলেন। এরশাদ-বিরোধী আন্দোলনের সময় এই ছড়াটি রীতিমতো মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। ছড়াটি এমন-
“আজব দেশের ধন্য রাজা
দেশজোড়া তাঁর নাম
বসলে বলেন, ‘হাঁট রে তোরা’,
চললে বলেন, ‘থাম’।”
(রূপকথা, লাল ফুলকির ছড়া)
‘নয়নার ছড়া’ গ্রন্থের ছড়াগুলো কবি তাঁর নাতনি নয়নাকে উদ্দেশ্য করে লিখেছেন। যেমন--
“নয়না তুই ডাকিস যখন
আমায় দাদাভাই,
এমন মধুর ডাক যে আমি
আজো শুনি নাই।
...
নয়না তোর হাসির কাছে
চাঁদের আলো ফিকে,
এই কথাটি সত্যি বলে
যাচ্ছি আমি লিখে।”
(নয়নার জন্য, নয়নার জন্য)
সেই যে কবির ৭০তম জন্মদিনে বইটা বেরিয়েছিল, নাম ‘ছড়াসমগ্র’; সে বইয়ে কিছু ছড়া আছে, যেগুলো পরেও আর কোনো বইয়ে ছাপা হয়নি। এই ছড়াগুলোর অনেকগুলোই তাঁর নাতিন দীপিতাকে নিয়ে। তার একটি এ রকম--
“ছোট্ট মেয়ে দীপিতা রোজ
ঘুমায় বেশি, জেগে থাকে অল্প।
হাত-পা নাচায়, ও আঁ করে,
চায় না শুনতে ছড়া কিংবা গল্প।
.....
ছোট্ট মেয়ে দীপিতা রোজ
আদর কুড়ায় ছোট বড় সবার
ঘুমায় যখন মায়ের পাশে
স্বপ্ন দ্যাখে নীল পরীদের সভার।”
(ছোট্ট মেয়ে দীপিতা, অগ্রন্থিত ছড়া)
