২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদিখ্যেতা

রোদেলাদের বাসাটা কেমন যেন। মানে, বাসাটা ভালোই, খুব সুন্দর। ছিমছাম, গোছানো। বাসার সামনে বাগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> খালেদ হোসাইন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

তাতে নানা রকম মৌসুমি ফুল। আশপাশে নিম, সজনে, কদবেল আর মহুয়া গাছ। একটু দূরে পেঁপে গাছ। তাতে কত যে পেঁপে ধরে আছে! সবুজ, হলদে, লালচে। পাখিরা ঠুকরে খায়। রাতের বেলা বাদুড় এসে খেয়ে যায়। আরেকটু দূরে কলাগাছের সারি। সবজির বাগানও আছে। সেখানে বোনা হয়েছে সাদা মিষ্টি আলু আর ঢেঁকি-শাক। ঢেঁকি-শাক! নামও শুনিনি বাবা! শুনলেই হাসি পায়। তা-ও বাসাটা ভালোই। মানে, দেখতে আর কি।

কিন্তু রোদেলাদের বাসার লোকজনের কাজ-কারবার ভারি অদ্ভুত। আমি নিজে থেকে ওদের বাসায় যাই না। মাঝেমধ্যে রোদেলা এসে ডেকে নিয়ে যায়। রোদেলার অনেক পুতুল-টুতুল আছে। অনেক খেলনা। এত হাবিজাবি আমার ভাল্লাগে না। ওর হারমোনিয়ামটা বাজানোর জন্যই যাই। হারমোনিয়াম বাজানো খুব সোজা। বাঁ হাতে হাওয়া করতে হয়, আর ডান হাতের সবগুলো আঙুল দিয়ে হারমোনিয়ামের দাঁতগুলো চেপে ধরতে হয়। সাদা দাঁতের সংখ্যা বেশি, কিন্তু কালোগুলো উঁচু আর বাজাতেও ভারি মজা। আর কী কাণ্ড! এই হারমোনিয়াম বাজানো শিখতে রোদেলা আবার গানের ইসকুলে যায়।

আমি বলি, “রোদেলা, হারমোনিয়াম বাজানো তুমি আমার কাছে শেখো!”

রোদেলা বলে, “তুমি বাজাও, আমি দেখি।”

বোকা মেয়ে! বলি, “দেখার কী আছে, শোনো!”

রোদেলা বলে, “ঠিক বলেছ।’”

সেদিন শুক্রবার। রোদেলা এসে আমাকে ওদের বাসায় নিয়ে গেল। চকলেট খেতে দিল। ওদের একজন হায়াৎ দাদু আছেন, কানাডা থেকে নাকি নিয়ে এসেছেন। দেখতে এত সুন্দর! আর খেতে বেশ মজা। আমি চকলেট খেতে খেতে বললাম, “এত চকলেট খেয়ো না, দাঁতে পোকা হবে।”

শুনে রোদেলা আকাশ থেকে পড়ল। বলল, “যা! দাঁতে আবার পোকা হয় নাকি!”

এমন কথা শুনলে আমার হাসি পায়। এটাও জানে না যে, বেগুনে আর দাঁতে সব সময়ই পোকা হয়। এমন সময় ওদের বাসার ভেতর হৈচৈ, কী? রৌদ্র উঠেছে!

এসব আদিখ্যেতা আমার ভালো লাগে না। রৌদ্র কী আর এখন উঠেছে? রৌদ্র উঠেছে সেই সকালবেলা।

সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই। সূর্য আর রৌদ্র একসঙ্গেই ওঠে। রোজই ওঠে। কিন্তু ওদের বাসার সবাই এমন চেঁচিয়ে উঠল, যেন রৌদ্র উঠেছে এই মাত্র। এর আগে যেন পৃথিবীতে কোনোদিন রৌদ্র ওঠেনি। কোনো মানে হয়? আরও কাণ্ড দেখ, রৌদ্র উঠেছে বলে সবাই ছুটল শোওয়ার ঘরের দিকে। রৌদ্র যদি দেখতে হয়, তবে তো যেতে হবে ঘরের বাইরে। খোলা মাঠে। অন্তত ঘরের বাইরে।

আরেক দিন। বৃষ্টির জন্য রোদেলার ঘরে আটকা পড়ে গেছি। কালো কালো আর ছাই রংয়ের মেঘে আকাশটা ছেয়ে আছে। মনে হচ্ছে, মেঘ না, যেন হাতি। হঠাৎ শুরু হল ঝমাঝম বিষ্টি। আর বেশ জোরে বাতাস বইতে শুরু করল। কখন থামবে, কে জানে! রোদেলার সঙ্গে হাততালি দিতে দিতে খেলছি-

সাত-সমুদ্র পেরিয়ে

ভাবি এল বেড়িয়ে

ভাইয়াকে বল না

চিড়িয়াখানায় চল না!

চিড়িয়াখানায় হাতি নাই

আমার কোনো সাথি নাই

আমার নাম মিতা

চুলে বাঁধি ফিতা

কানে পরি দুল

ভালোবাসি ফুল।

ওই বাড়িতে সেলিনা

তার সাথে খেলি না

তার সাথে আড়ি

যাই না তাদের বাড়ি

তাদের বাড়ি দোতলা

হয় শুধু ইশারা

মা গো, তোমার পায়ে পড়ি

পুতুল দাও না, খেলা করি!

পুতুলের চুল লম্বা চুল

বেঁধে দেব গোলাপ-ফুল

গোলাপ-ফুলের গন্ধে

বউ আসবে আনন্দে-

আমাদের ইশকুল

চার-পাঁচতলা

টিফিনেতে খেতে দেয়

পাউরুটি-কলা।

আমাদের আপারা

আইএ বিএ পাস

পড়া না-পারলে

মারে ঢুশঢাশ!

খেলার শেষ অংশটাই মজার। “পড়া না-পারলে মারে ঢুশঢাশ” বলেই দুজনের দুজনকে মিছিমিছি মারতে হয়। রোদেলার হাত এত নরম, যখন মারে, কাতুকুতু লাগে আর হাসি পায় খুব।

খেলতে খেলতে ক্লান্ত  হয়ে পড়েছি। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল। বিষ্টি থামার কোনো নামগন্ধ নেই। রোদেলাদের বাসার ভেতর চেঁচামেচি শুরু হল। কী? “রৌদ্র উঠেছে! রৌদ্র উঠেছে!” রৌদ্র দেখার জন্য রোদেলাও ছুটে গেল শোওয়ার ঘরের দিকে।

আমি বাইরে তাকালাম। যেই কে সেই। ঝমাঝম বিষ্টি। রৌদ্রের ছিটে-ফোঁটাও নেই।

রোদেলা ফিরে এল। বললাম, “এই বিষ্টির মধ্যে তোমাদের ঘরে রৌদ্র উঠেছে?”

রোদেলা বলল, “হ্যাঁ।”

“এই বিষ্টির মধ্যে কখনও রৌদ্র ওঠে?” আমি রাগ করে জিজ্ঞেস করি।

রোদেলা বলল, “উঠেছে তো!”

আমার রাগ আরও বেড়ে যায়। বলি, “কোথায় রৌদ্র?”

রোদেলা বলে, “শোওয়ার ঘরে।”

ওর কথা শুনে আমার সব রাগ মরে যায়। আমি হেসে কুটিকুটি হই, “তোমরা না সত্যি খুব আজব মানুষ!”

যেন আমি খুব অবাক-করা কোনো কথা বলেছি, রোদেলা তেমনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে।

অন্য একদিন। বিকেল বেলায় রোদেলাদের বারান্দায় খেলছি। খেলাটা নতুন। ভারি মজার। লাফিয়ে লাফিয়ে, নেচে নেচে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘুরে ঘুরে-- নানাভাবে খেলতে হয়। আর ছড়ার মতো সুর করে বলতে হয়--

ডু ডু ড্রেসি

ড্রেসি ড্রেসি ডু

সি আমেরিকা

লাভ মাই সু।

এমন সময় রোদেলাদের বাসার ভেতর হট্টগোল, “রৌদ্র পড়ে গেছে, রৌদ্র পড়ে গেছে!”

তাকিয়ে দেখি, সত্যি শেষ বিকেলের রৌদ্র পড়ে গেছে। ভারি মোলায়েম হয়ে এসেছে আলো।

রৌদ্র পড়ে গেছে বলে রোদেলা বাসার ভেতর দৌড়াল কেন? এ কী ঢং! আমার মেজাজ টং করে উঠল। আমি ওকে কিছু না বলেই আমাদের বাসায় চলে এলাম।

কদিন বাদে আমার খুব জ্বর হল। ইশকুলে যেতে পারলাম না। দুদিন পরে শরীর সুস্থ হল। সেদিন সন্ধ্যার পর মা বললেন, “আমেনাকে সঙ্গে নিয়ে রোদেলাদের বাসায় যাও। ওর ক্লাসের নোটবুক দেখে টুকে আন। এর মধ্যে ইসকুলে কী কী পড়ানো হয়েছে।”

রোদেলা ক্লাসে কী কী পড়ানো হয়েছে তা আমাকে বুঝিয়ে দিচ্ছে। এমন সময় কে যেন চেঁচিয়ে উঠল, “রৌদ্র উঠেছে! রৌদ্র উঠেছে!” রোদেলাও নোটবুক ফেলে ভেতরের ঘরে দৌড়ে গেল। আমার যা রাগ হল! আমেনাকে বললাম, “দেখেছ কাণ্ড!”

আমেনার বুদ্ধি এত কম! বলে, “হ, বইটা ফ্যালান ঠিক হয় নাই। সেলাম কর!”

“বই ফেলেছে রোদেলা, আমি কেন সালাম করব?”

কিছুক্ষণ পরে রোদেলা ফিরে এল। আমি বললাম, “এই নোটবুকটা তুমি মেঝেতে ফেলে দিয়েছ, এত বেখেয়ালি হলে হয়?”

রোদেলা জিব কেটে তাড়াতাড়ি নোটবুক তুলল।

“তোমরা এমন কেন?” আমি রাগ করে বললাম, “রাতের বেলা কখনও রৌদ্র ওঠে?”

রোদেলা বলল, “উঠেছে তো!”

“এখন উঠেছে?”

“হ্যাঁ!”

আমার জেদ বেড়ে যায়, “আমাকে দেখাতে পারবে?”

রোদেলা খুব খুশি হয়ে বলল, “এস না!”

ওদের বেডরুমে গিয়ে দেখি চাচির পাশে শুয়ে রোদেলার ছোটভাইটা চুকুস চুকুস করে ফিডার খাচ্ছে। খুব ছোট্ট তো, পুতুলের মতো দেখতে। কী মিষ্টি চেহারা! রোদেলার চেয়ে বেশি সুন্দর, কিন্তু আমার চেয়ে কম সুন্দর। আর চুল আমার মতোই কোঁকড়া। মনে হয় বড় হলে আমার মতো ওর খুব বুদ্ধি হতে পারে।

আমি ঘরে ঢুকতেই চাচি আমাকে কাছে নিয়ে আদর করলেন। বাসার সবার কথা জিজ্ঞেস করলেন। আমি সারা ঘর তন্নতন্ন করে রৌদ্র খুঁজলাম, না নেই। আর যদি থাকেও, টিউব লাইটের আলোয় তা তেমন বোঝা যাচ্ছে না। আমি রোদেলাকে জিজ্ঞেস করলাম, “রৌদ্র কোথায়?”

রোদেলা ওর ছোট ভাইটিকে দেখিয়ে দিল।

আমি বললাম, “এ তো তোমার ছোট ভাই!”

রোদেলা বলল, “ওর নামই তো রৌদ্র!”

আমি মনে মনে বললাম, “হুহ! নামের কী ছিরি!”