২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাগনেট আতঙ্ক

গত কয়েকদিন ধরে বিলুদের বাড়ির লোকজন ভীষণ আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। আতঙ্কটা বিলুর বুড়ো দাদুকে ঘিরে। দাদুর বয়স সত্তরের কাছাকাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> পলাশ মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

আতঙ্ক।

কঠিন আতঙ্ক।

গত কয়েকদিন ধরে বিলুদের বাড়ির লোকজন ভীষণ আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। আতঙ্কটা বিলুর বুড়ো দাদুকে ঘিরে। দাদুর বয়স সত্তরের কাছাকাছি। পাকা আমের মতো গায়ের রং। অনেকে অবশ্য পাকা আমের সঙ্গে একটু দুধও মেশাতে চান। তাদের ধারণা, আমের সঙ্গে দুধ মেশালে যে রং হয়, দাদুর গায়ের রং-ও সেরকম সুন্দর। তবে দাদুর এর চেয়েও আকর্ষণীয় জিনিস আছে। টাক। বিলুর দাদুর পুরো মাথা জুড়েই টাক। এ মাথাতে যে এক সময় ঘন কালো চুল ছিল, তা দাদুও ভুলতে বসেছেন। বিলুদের তো মনেই থাকার কথা না।

এই টাকের জন্যে গ্রামজুড়ে বিলুর দাদুর বিরাট পরিচিতি। রোদের আলোতে তার টাক চিকচিক করে। পরিচিতির কারণে গ্রামে বিলুর দাদুর বেশকিছু আলগা নামও দাঁড়িয়ে গেছে। ‘হেডু’ তার মধ্যে অন্যতম। বিলুকে দেখলেই বন্ধু-বান্ধব এবং আশপাশের লোকজন তাকে ‘হেডুর নাতি’ বলে ক্ষ্যাপায়।

কিন্তু বিলু ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না। সে উল্টো তাদের বুঝিয়ে দেয় রাতের শোভা যেমন চাঁদ-তারা, তেমনি বুড়ো মানুষের শোভা তার দাদার টাকের মতো ঝিলিক দেওয়া টাক। তাছাড়া এ কথা তো সবাই জানে, টাক থাকে টাকাওয়ালাদের। তাই অন্যরা যে যাই বলুক না কেন, দাদুর সুন্দর টাকের জন্যে বিলুর এক ধরনের ভালো-লাগাও আছে। শত হলেও টেকো শাহ্ নামে এই এলাকার সবাই তার দাদুকে এক নামে চেনে।

কিন্তু এই টাকই যে এক সময় বিলুর দাদুর জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তা কে জানত!

খোলাসা করেই বলা যাক।

হঠাৎ করে একদিন গ্রামে উড়ো খবর আসলো। যাদের মাথায় টাক, তাদের মাথার মধ্যে নাকি ম্যাগনেট আছে। অর্থাৎ চুম্বক আছে। আর এ চুম্বক বিভিন্ন দরকারি কাজে লাগে। দেশে নাকি চুম্বকের অভাব। তাই টাকওয়ালাদের মাথা থেকে মূল্যবান চুম্বক সংগ্রহ করতে গ্রামে গ্রামে ডাকাত নামিয়ে দেওয়া হয়েছে। ডাকাতরা গ্রামে গ্রামে ঘুরবে, আর টাকওয়ালা লোক দেখলেই মাথায় এক বাড়ি। প্রয়োজনে ঘাড় থেকে মাথাও নামিয়ে দেবে। মোট কথা, উপায় যেটাই হোক না কেন, টাকুদের মাথার ম্যাগনেট তাদের চাই। দেশে ম্যাগনেটের সংকট কাটাতেই হবে।

বিলুরা থাকে অজপাড়াগাঁ ধরনের এক গ্রামে। গ্রামের মানুষজনও খুবই সহজ-সরল ধরনের। তারচেয়ে বড় কথা, বেশির ভাগই অশিক্ষিত। চাষা। দিন আনে দিন খায়। তারা সবকিছুই বিশ্বাস করতে চায়। তবে সবচেয়ে বেশি বিশ্বাস করে গুজব। এবং তা চারদিকে ছড়িয়ে দিয়েও মজা পায়। টাকওয়ালাদের মাথায় ম্যাগনেট থাকার ব্যাপারটিও তারা অন্তর থেকে বিশ্বাস করল। এমনকি ম্যাগনেট অভিযানে গ্রামে ডাকাত নামার বিষয়টিও বিশ্বাস করতে সময় লাগল না তাদের। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আস্তে আস্তে এ আতঙ্ক ছড়িয়ে পড়ল সব জায়গায়।

সবচেয়ে বেশি আতঙ্কিত হল বিলুরা। কারণ তল্লাটে তার দাদুর টাকই সবচেয়ে বিখ্যাত। দূর থেকেই তার টাক চেনা যায়। টেকো মাথায় ম্যাগনেট যদি থেকেই থাকে, তার দাদুর টাকেই আছে সবচেয়ে বেশি। একেবারে সহজ হিসাব। এ কারণে তাদের ভয়ও বেশি। ম্যাগনেটের খোঁজে থাকা ডাকাতরা গ্রামে ঢুকেই তার দাদুকে খুঁজবে। দাদুর মাথাই ফাটাবে সবার আগে। ‘টেকো শাহ্’-র টাক বলে কথা। ম্যাগনেট তো সের খানিকের কম হবেই না। আর সে ম্যাগনেটও হবে খুব উন্নত মানের। একদম খাঁটি জিনিস। যেমন টাক তেমনি ম্যাগনেট।

ভয়ের চোটে বিলুর দাদু পরচুলা পড়া শুরু করলেন। কিন্তু তাতেও ভয় কাটছে না। কারণ কেউ একজন এসে বলে গেছে, ডাকাতদের সঙ্গে চালাকি করলে এক্কেবারে মামলা ডিসমিস। তখন মাথা ফাটানোর সঙ্গে সঙ্গে পেটও ফুটিয়ে দেবে।

গ্রামের অন্য যে সব বাড়িতে টাকওয়ালা লোক আছে, তাদের অবস্থাও কাহিল। টাকওয়ালা লোকজনকে আর রাস্তাঘাটে দেখা যায় না। এমনকি যে সব লোকজনের মাথায় সবে টাক পড়া শুরু করেছে, তারাও হাওয়া হয়ে গেছে। বলা তো যায় না, রুই-কাতলাদের না পেয়ে যদি মলা-ঢেলাদেরই সাইজ করে দেয়!

একেকদিন একেক ধরনের খবর। অমুক গ্রামে দিন-দুপুরে একজনের মাথা কেটে নেওয়া হয়েছে। খালের ভেতর বস্তাবন্দী মস্তকবিহীন লাশ পাওয়া গেছে; ধারণা করা হচ্ছে ম্যাগনেট সংগ্রহকারী ডাকাতরা তার মাথা কেটে নিয়েছে। এ ধরনের নানা উড়ো খবর।

একই সঙ্গে কিছু কিছু মজার খবরও আসছিল। জনৈক টেকো ব্যক্তি মনের দুঃখে তার মাথা দুলাখ টাকায় বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় পক্ষের স্ত্রী তার বৃদ্ধ স্বামীর টাক মাথা বিক্রি করে দিয়েছে। এরকম আরও কত খবর। যার সবটাই ছিল উড়ো। সবাই শুনেছে, কিন্তু নিজ চোখে কেউ দেখেনি। কিন্তু তারপরও কেউ এসব খবরকে অবিশ্বাস করতে পারছে না। উল্টো সবার মনে ভয় আরও বাড়ছে।

এই যখন অবস্থা ঠিক সে সময়ে সমস্যার আপাত সমাধান নিয়ে হাজির হল কয়েকজন মানুষের ছোটখাট একটা দল। তারা গ্রামে এসেছে পরচুলা অর্থাৎ উইগ বিক্রি করার জন্য। গ্রামে পরচুলা বিক্রি করার কারবারি এসেছে- এ খবর শোনামাত্র টাকওয়ালা লোকজন পড়িমরি করে ছুটল তাদের কাছে। যে করেই হোক, পরচুলা সংগ্রহ করতেই হবে। পরচুলা দিয়ে টাক ঢাকতে পারলে অন্তত ম্যাগনেট ডাকাতদের চোখকে প্রাথমিকভাবে ফাঁকি দেওয়া যাবে। আর পরচুলাসহ যদি তাদের হাতে ধরা পরেই যায়, তাহলে যা হওয়ার হবে। শুরুর ধাক্কাটা তো সামলানো যাক।

পানির অপর নাম জীবন, এটা যেমন সত্যি, তেমনি টেকো মানুষদের কাছে আরেক সত্য হয়ে দাঁড়াল- পরচুলার অপর নাম জীবন। অন্তত বিলুদের গ্রামে এটা ভীষণ সত্য। পরচুলা বেচতে আসা লোকজনও মওকা পেয়ে সোনার দামে পরচুলা বিক্রি করছে। কিছু কিছু গরিব টাকওয়ালা তো পরচুলা কিনতে জমি-জিরাত বন্ধক রেখে দিল। আগে তো জীবন, তারপর অন্য কিছু। ম্যাগনেট ডাকাতরা দেহ থেকে মাথা আলাদা করে দিলে তো সব শেষ। জীবন অন্ধকার।

গ্রামের চেহারা পুরো বদলে গেল। কোনও টাকওয়ালা লোক নেই। সবার মাথায় নতুন নতুন পরচুলা। বয়স্ক লোকেরা পরচুলা পরার কারণে তাদের বয়সও কমে গেছে মনে হচ্ছে। বিলুর দাদুও সব সময় পরচুলা পরে থাকছেন। পরচুলার কারণে মাথা চুলকায়, বিরক্তি লাগে। কিন্তু কিছু করার নেই।

তাছাড়া পরচুলার কারণে দাদুকে কেমন হাস্যকর দেখায়। জোকারের মতো লাগে। পরচুলা পড়া দাদুকে দেখলেই বিলুর প্রচণ্ড হাসি পায়। কিন্তু সে হাসতে পারে না। অনেক কষ্টে হাসি থামাতে হয়। দাদুর জীবন-মরণ সমস্যা। এ নিয়ে হাসি-তামাশা অন্যায়।

পরচুলা দিয়ে ম্যাগনেট সমস্যা আপাতত ঢাকা গেলেও, সবার মধ্যে একটা খুঁতখুঁতে ভাব রয়েই যায়। কখন কী হয়। তাছাড়া খুব সূ²ভাবে লক্ষ্য করলে, পরচুলার ব্যাপারটা ধরে ফেলা যায়। তাই সবাই বেশ সতর্ক হয়ে চলাফেরা করছে। চারপাশে খুব খেয়াল। বিলুদের বাড়িতে প্রতিদিন সকাল-বিকাল এ নিয়ে আলাপ-আলোচনা, বুদ্ধি-পরামর্শ হচ্ছে। গ্রামে জোরদার পাহারা বসানো হয়েছে। কাউকে ম্যাগনেট ডাকাত বলে সন্দেহ হলেই পাকড়াও করা হচ্ছে। থানায়ও ব্যাপারটা জানানো হয়েছে।

কিন্তু ওসি সাহেব নিজেই এ ব্যাপারে পরিস্কার করে কিছু বলতে পারছেন না। গ্রামের মানুষ তাই পুলিশের উপর খুব একটা ভরসা করতে পারছে না। তারা নিজেরাই ব্যাপারটা প্রতিরোধে তৎপর। ম্যাগনেট ডাকাত ধরার জন্য সবাই উদগ্রিব। কিন্তু ডাকাত ধরা যাচ্ছে না। লোকজন নিরাশ হয়ে পড়ছে। বিশেষ করে তরুণরা। তাদের রক্ত গরম। তারা কাঁই-কুঁই করছে। গ্রামের মাতব্বর টাইপের লোকজন তাদের শান্ত করছেন, “উতলা হইও না মিয়ারা। সবুরে মেওয়া ফলে। আইজ না হোক কাইল সমস্যার সমাধান একটা হইবই।”

সমস্যার সমাধান একটা হয়েছিল বটে। কিন্তু সমাধানটা যে এভাবে হবে, তা কেউ কল্পনাই করেনি। একদিন বিকেলবেলা থানার ওসি সাহেব হাসিমুখে বিলুদের বাড়িতে হাজির। তার হাতে একটি পেপার। তিনি বিলুর দাদুকে বললেন, “শাহ্ সাহেব, পরচুলা খুইল্যা মাথায় আলো-বাতাস লাগান। মাথার ভাইটামিনের দরকার আছে। তারপর ঠাণ্ডা মাথায় এই পেপারটা পড়েন।”

এই বলে তিনি একটা ছবি ও সংবাদ আঙুল দিয়ে দেখালেন। সংবাদ পড়ে বিলুর দাদু তো হেসেই খুন। হাসি থামিয়ে তিনি উপস্থিত লোকদের বললেন, “ভীষণ লজ্জার ঘটনা মিয়ারা। ভীষণ লজ্জার ঘটনা। পরচুলা খোল তাড়াতাড়ি। আর পরচুলা পরনের কাম নাই। এতদিন একটা ভুয়া খবরে জীবন পানি কইরা ফালাইলাম।” তারপর খুলে বললেন আসল ব্যাপারটা।

ব্যাপারটা হল, এই ম্যাগনেট আতঙ্ক ছড়িয়েছে একটি পরচুলা প্রস্তুতকারী কোম্পানি। তারা তাদের বিক্রি বাড়ানোর জন্য বুদ্ধি করে গ্রামে-গঞ্জে এ গুজব চাউর করে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে কাজও হয়েছে খুব। এ কাজে তাদের নিজস্ব বেশকিছু লোক ছিল। যারা গ্রামে গ্রামে এ গুজব ছড়াবে এবং সুযোগ বুঝে কিছুদিন বাদে পরচুলা বিক্রি শুরু করবে। পুলিশ এমন কয়েকজনকে আটকও করেছে।

এরপর আর কারও-ই বুঝতে বাকি থাকল না, গ্রামে পরচুলা বেচতে আসা লোকজন আসলে কারা। উত্তেজিত লোকজন লাঠি-ঠ্যাংগা হাতে ছুটল তাদের সন্ধানে। কিন্তু ততক্ষণে কি আর লোকগুলো আছে? বিপদ আঁচ করতে পেরে তল্পিতল্পা নিয়ে তারা গ্রাম ছেড়েছে আগেই।