২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধু

অংকের ক্লাস চলার সময় মিঠুন কানে কানে অতুলকে বলল, “এই অতুল, তুই আমাকে একটা ছবি এঁকে দিবি?”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ওমর কায়সার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 06:24 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

ছবি আঁকায় অতুলের বেশ নামডাক। যে কোনো কিছুর ছবি অনায়াসে কেমন করে সে এঁকে ফেলে, তা দেখে অনেকেই অবাক হয়ে যায়।

শুধু কি ছবি আঁকায়? পড়ালেখায়ও সে কম যায় না। কোন বিষয়েই কম নম্বর সে কখনও পায়নি। ছবি আঁকায় তার জাদুকরি ক্ষমতার জন্য স্যাররা তাকে ভীষণ পছন্দ করে।

অতুল বলল, “কী করবি তুই ছবি দিয়ে?”

“তোর ছবিটা আমি রাখব। তুই তো খুব সুন্দর ছবি আঁকিস, তাই।”

মিঠুনের অনুরোধ উপেক্ষা করতে পারেনি অতুল। রাজি হল সে। টিফিন ছুটিতে মিঠুন একটা খাতা বের করে দিল। অতুল খুলে দেখল ওটা অংক খাতা।

“কী ব্যাপার?” অতুল জিজ্ঞেস করল, “অংক খাতায় ছবি আঁকব কেন?”

মিঠুন একটু ঘাবড়ে গেল। তারপর ভেবে জবাব দিল, “অন্য খাতা তো রুল টানা, ছবি আঁকা যাবে না।”

“তাই বলে অংক খাতা? কেন তোর ছবি আঁকার খাতা নেই?” অতুল জিজ্ঞেস করল।

মিঠুন এবার রেগে গেল, “বা রে, একটা ছবি আঁকতে বলেছি, তাই কত দাম দেখাচ্ছিস! কত রকমের প্রশ্ন করছিস! ছবিটা এঁকে দিবি কি না তাই বল।”

অগত্যা অতুল আর কী করে। ছবিটা মিঠুনের অংক খাতায় আঁকতে শুরু করল। এমন সময় মিঠুন বলল, “একটা গরু অথবা গাধার ছবি এঁকে দে।”

অতুল চমৎকার করে একটা গরুর ছবি আঁকল। ছবি আঁকতে আঁকতেই কখন টিফিন ছুটি শেষ হয়ে গেল।

ক্লাস শুরুর ঘণ্টা পড়ল। ক্লাসে স্যার আসার সঙ্গে সঙ্গে মিঠুন একটা অদ্ভুত কাণ্ড করল। স্যারের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলল, “স্যার অতুল আমার খাতাটা ব্যাগ থেকে বের করে একটা গরু এঁকে দিয়েছে। আবার আমাকে দেখিয়ে বলল, এটা তোকে এঁকেছি। তুই একটা গরু।”

স্যার ভীষণ রেগে গেলেন। অতুলকে ডেকে জানতে চাইলেন, “তুমি ওকে গরু ডেকেছ। আবার গরু একটা এঁকেও দিয়েছ। সবচেয়ে বড় অপরাধ করেছ তার অংক খাতার পৃষ্ঠা নষ্ট করে।”

অতুল অবাক হয়ে বলল, “না স্যার। ওই তো আমাকে বলল, ছবিটা এঁকে দিতে।”

স্যার বললেন, “আমাকে বোকা বানানোর চেষ্টা করছ?”

স্যারের কথা শুনে ভ্যাঁ করে কেঁদে দিল অতুল। স্যার আবার মনোযোগ দিয়ে অতুলের আঁকা ছবিটা দেখলেন। তারপর তার দিকে তাকিয়ে বললেন, “মিঠুনের অনুরোধে নাকি নিজের ইচ্ছায় এঁকেছ জানি না, তবে ছবিটা বেশ সুন্দর হয়েছে। তার জন্য তোমাকে কড়া কোনো শাস্তি দিলাম না। তবে মনে রেখ, আর কখনও কারও সঙ্গে এ রকম দুষ্টুমি করবে না।”

ভালো ছবি আঁকার কল্যাণে অতুল এ যাত্রায় বেঁচে গেল বটে, তবে মিঠুন এ কাণ্ডটা কেন করল, সে বুঝে উঠতে পারল না। স্কুল ছুটির পর মিঠুনকে জিজ্ঞেস করলে সে জবাব দিল, “ছবি আঁকার জন্য সবসময় তো স্যারদের প্রশংসাই পাস, আমি চেয়েছিলাম, ছবি আঁকার জন্য তুই একটু শাস্তি পাস। কিন্তু স্যার তো তোকে কিছুই করল না। আমার অভিযানটা ব্যর্থ হল। তবে একটা লাভ হয়েছে। তোর একটা ছবি পেলাম।”

বাসায় এসে অতুলের মন খুব খারাপ। সে মাকে সব ঘটনা খুলে বলল। মা কিছুতেই বিশ্বাস করতে চাইল না। মা বলল, “ও বললেও তুমি ওর খাতায় ছবি আঁকলে কেন? যাক, ও যদি তোমাকে ফাঁসানোর জন্য কাজটা করে থাকে তবে সে ভুল করেছে। স্যার তোমাকে যখন কোনো শাস্তি দেয়নি, তখন শাস্তিটা তারই হয়েছে।”

একদিন দুপুরে মিঠুন অতুলদের বাড়ি গিয়ে অতুলের মার সঙ্গে দেখা করে বলল, “আন্টি, আজ আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে। তাই ভাবলাম অতুলের সঙ্গে দেখা করে যাই। ও স্কুলে গেল না কেন, একটু জেনে যাই। আবার অসুখ-বিসুখ করেনি তো?”

 অতুলের মা তো আকাশ থেকে পড়লেন। “সে কী! অতুল তো স্কুলেই গেছে।”

“না আন্টি, আমি তো স্কুল থেকেই আসছি!” মিঠুন অবাক হয়ে বলল, “আমার মনে হয়, ও ক্লাস ফাঁকি দেওয়ার জন্য কোথাও গিয়ে বসে আছে।”

এবার প্রায় কেঁদে ফেললেন মা। শেষপর্যন্ত স্কুল পালানো ছেলেদের দলে নাম লেখাল অতুল। কী করবেন বুঝে উঠতে পারছেন না তিনি।

মিঠুন মাকে আশ্বস্ত করে বলল, “চিন্তা করবেন না আন্টি, দেখবেন স্কুল ছুটির সময় সে ঠিকই ফিরে আসবে।”

মায়ের মনে এখন একটা বড় ধরনের সন্দেহ, স্কুলে যাওয়ার পথে কোনো বিপদ-টিপদ হয়নি তো? কোনো ছেলেধরার পাল্লায় পড়েনি তো? অবশ্য অতুলের প্রতি তাঁর একটা বিশ্বাস আছে। সেভেনে পড়ুয়া ছেলে হলেও অতুল অত বোকা নয় যে, তাকে ছেলেধরা নিয়ে যাবে।

মিঠুন বলল, “আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। তবে আজ ফিরে এলে ওকে একটা বড় ধরনের শাস্তি দেবেন, যাতে আর কোনোদিন এমনটি না করে।”

মা কিন্তু শাস্তির কথা ভাবছেন না; বরং ছেলের অজানা বিপদের আশংকায় খুব কাতর। এ মুহ‚র্তে প্রথমে কী কাজটা করা দরকার তাই চিন্তা করছেন মা। প্রথমে যাওয়া দরকার পুলিশ স্টেশনে।

মিঠুনকে বিদায় দিয়ে মা তৈরি হলেন থানায় যেতে। সে অনেক দূর। অতুলদের বাড়ি থেকে প্রায় দশ-বারো কিলোমিটার দূরে। যেতে কমপক্ষে আধঘণ্টা সময় লাগবে, তাও যদি ট্যাক্সি পাওয়া যায়। গ্রামে ট্যাক্সি পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তবু আগপিছ অতকিছু ভাবতে পারছেন না মা। শেষ পর্যন্ত বড় রাস্তার কাছে তিনি একটা ট্যাক্সি পেয়ে গেলেন। থানায় ডিউটিরত এক পুলিশের কাছে গিয়ে মা হাউমাউ করে কেঁদে দিলেন।

মানুষের এ রকম কান্না পুলিশের কাছে নতুন কিছু নয়।

এ মহিলার কান্নাও তাকে তেমন একটা বিচলিত করেনি। তিনি বললেন, “আহা, কেঁদে কোনো লাভ আছে? আগে বলুন, আপনার কান্নার কারণ কী?”

মা পুলিশকে সব ঘটনা খুলে বলার পর তিনি বললেন, “আজকালের ছেলেরা কেমন বদমাশ হয়ে গেছে! আচ্ছা বলুন তো, তার স্কুলে না যাওয়ার খবরটা প্রথমে কে দিয়েছে?”

“ওর এক বন্ধু।”

“ছেলেটা কেমন?”

“ভালো।”

“দেখুন আজকালের ছেলেগুলোর কোনো বিশ্বাস নেই, আপনার ছেলেকে আবার খুনটুন করে বসে নেই তো?”

মা আঁৎকে উঠলেন।

পুলিশ বলল, “আপনি একটা দরখাস্ত দিয়ে যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখুন। এরপরও যদি না আসে তবে রাতে আরেকবার এসে আমাদের খবর দেবেন। পারলে একটা ছবি নিয়ে আসবেন।”

পুলিশের এসব কথায় মা খুব আশ্বস্ত হতে পারলেন না; বরং তার ভয়টা আরও বেড়ে গেল।

একটা অজানা আশঙ্কা নিয়ে মা আবার বাড়ির দিকে রওনা দিলেন। ততক্ষণে স্কুল ছুটির সময় হয়ে গেছে। মা মনে মনে বললেন, যদি আমার ছেলে স্কুল পালিয়ে থাকে, বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখব। আর যদি স্কুল না পালায়? অন্যকিছু হয়? পুলিশ যেমন বলল...

আর কিছু ভাবতে পারছেন না মা।

নিজেকে বড় অসহায় মনে হচ্ছে তার। অতুলের বাবা আসবে শহর থেকে সেই রাতে, কাজ সেরে। তাকে কী জবাব দেবেন? যদি জিজ্ঞেস করেন, আমার ছেলে কই? এসব সাত-পাঁচ ভাবতে ভাবতে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়ি এলেন।

ততক্ষণে বাড়ির সবাই জেনে গেছে, অতুল হারিয়ে গেছে। নানাজন এসে নানা পরামর্শ দিতে লাগল। কেউ বলল মাইকে প্রচার করতে, কেউ বলল রেডিও স্টেশনে খবর দিতে। এমনি নানা জল্পনা-কল্পনার মধ্যে সময় গড়াল অনেক। অতুলের আসার সময় হল।

অনেকে তার মাকে আশ্বস্ত করছে, “দেখবেন, এখনই সে চলে আসবে।”

অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলেন মা। প্রতিটি মুহ‚র্ত তার কাটছে কেমনভাবে, তা কেউ বুঝতে পারছে না। সময় যত পার হচ্ছে মায়ের বুকের ধুকপুক আরও বাড়ছে। সময় যেন কাটছেই না। এমনিভাবে এক মিনিট, দুই মিনিট করে প্রায় আধঘণ্টা কেটে গেল। প্রতিদিন বিকেল সাড়ে চারটা বাজতে-না-বাজতেই ছেলে বাড়ি ফেরে, অথচ আজ পাঁচটা বেজে গেলেও ছেলে ফিরল না। মা এবার বিলাপ করে করে কাঁদতে লাগলেন। আমার ছেলে স্কুল পালায়নি। নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে।

বাড়ির বয়স্করা বললেন, “অতুলের মা, তুমি চিন্তা করো না, আমরা আবার থানায় যাচ্ছি।”

এমনি করে নানা হট্টগোলের মধ্যে কখন সাড়ে পাঁচটা বেজে গেল।

এমন সময় বাড়ির একজন দৌড়ে এসে বলল, “অতুল আসছে।”

মায়ের কান্না যেন আরও বেড়ে গেল। দৌড়ে ঘর থেকে বেরিয়ে ছেলের আসার পথে চেয়ে রইলেন। দেখলেন, অতুল নির্বিকারভাবে হেসে হেসে আসছে। বাড়ির সবাই মুহূর্তে ওকে ঘিরে ধরল।

সবার একই প্রশ্ন, “কই ছিলি? কোথায় গিয়েছিলি?”

অতুল সবার এমন কৌতূহল দেখে অবাক! সে বলল, “আজ একটু দেরি হয়েছে দেখে সবাই এমন করছ কেন? মাঝে মাঝে একটু দেরি তো হতেই পারে।”

মা অতুলের এ রকম কথায় রেগে গেলেন, “অতুল, তোমাকে সবাই জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলে? তুমি তার জবাব না দিয়ে অন্যকথা বলছ কেন?”

মায়ের এ ধরনের রাগ অতুল আগে দেখেনি। তাই একটু ভড়কে গেল। সে ভয়ে ভয়ে বলল, “মিঠুনের বাসায় গিয়েছিলাম।”

এবার মা বুঝলেন, অতুল মিথ্যে বলছে। ছেলে এমন মিথ্যে বলছে দেখে উপস্থিত সবার সামনে তার লজ্জা হল। হুট করে গিয়ে অতুলের কান ধরে বললেন, “তা-ই? মিঠুনের বাসায় গিয়েছিলি? কেন গিয়েছিলি?”

“মিঠুনের অসুখ, তাই দেখতে গিয়েছিলাম।”

এবার মার রাগ আরও বেড়ে গেল। অতুলকে সজোরে মারতে যাবেন, এমন সময় একজন এসে তাকে আড়াল করল। তারপর অতুলের কানে কানে বলল, “অতুল, তুমি যে মিথ্যে বলছ তা সবাই বুঝতে পারছে।”

অতুল অসহায়ের মতো কেঁদে দিল। বলল, “আমি সত্যি বলছি, মিথ্যে বলছি না। আমার বন্ধু মিঠুনকে দেখতে গিয়েছিলাম।”

“কিন্তু তুমি জান না, তোমার বন্ধু মিঠুন নিজেই তোমাকে দেখতে এসেছিল, তুমি আজ স্কুলে যাওনি বলে।”

এবার ব্যাপারটা অতুলের কাছে প্রায় পরিষ্কার হয়ে এল। সে খুব তাড়াতাড়ি ব্যাগ থেকে খাতা বের করে মাকে দেখাল, “মা, দেখো আজ আমার খাতা দেখে স্যার সই করেছেন। এই দেখো আজকের তারিখ।”

খাতাটা মা ভালো করে দেখলেন। তারপর অবাক হয়ে বললেন, “তবে মিঠুন যে এসে বলল, তুমি স্কুলে যাওনি?”

“তা তো জানি না।”

“মিঠুন আজ স্কুলে যায়নি?”

“গেছে, তবে ভীষণ পেট ব্যথা করছিল বলে ছুটি নিয়ে চলে এসেছে। আমি তাই ছুটির পর মিঠুনকে দেখতে গিয়েছিলাম।”

অতুলের কথা শেষ না হতেই ভিড়ের ভেতর থেকে একটা কান্না শোনা গেল। সবার হট্টগোল ছাপিয়ে গেল সেই কান্নার আওয়াজ। দেখা গেল ভিড়ের ভেতর থেকে মিঠুন বেরিয়ে আসছে। কাঁদতে কাঁদতে সে অতুলের মায়ের কাছে গেল--“আন্টি, আমাকে মাপ করে দিন। আমি অতুলকে ফাঁসানোর জন্য আপনার কাছে এসে মিথ্যে বলেছি। অথচ সে আমার অসুখ বলে আমাকে দেখতে গিয়েছিল। অতুল যখন আমার বাসা থেকে বের হয়েছে তখনই তার পিছু পিছু আমি চলে এলাম, যাতে আপনি সত্যি কথাটা জেনে যান।”

এ রকম একটা নাটকের মতো কাণ্ড হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। মিঠুন এবার অতুলের কাছে গিয়ে বলল, “অতুল, আর কোনোদিন তোকে বিপদে ফেলতে চাইব না। তুই আমার প্রিয় বন্ধু।”

অতুল কোনো জবাব দিল না। মার দিকে তাকিয়ে বলল, “মা, কিছু খেতে দাও। ভীষণ খিদে পেয়েছে।”