খোকনের স্বপ্ন
চাঁদ ঢুকেছে জানলা গলে ঘর হল ফকফকা, সেই আলোতে ভিজছে খোকন, বাবা দিলেন বকা।
চাঁদ ঢুকেছে জানলা গলে ঘর হল ফকফকা,
সেই আলোতে ভিজছে খোকন, বাবা দিলেন বকা।
মা বসেছেন খাটের কোণে; ভাইয়া খানিক দূরে,
বর্ষা শেষে মাঝ শরতে হাওয়াটা উত্তুরে।
একটুখানি ঠান্ডা পেয়ে আড়মোড়া যেই ভাঙে,
পবনমাঝি বৈঠা নিয়ে নাও ভাসাল গাঙে।
পূর্ণিমা চাঁদ আছড়ে পড়ে নাওয়ের পাটাতনে,
উদোম মাঝি ভাব জমাল ইলিশ মাছের সনে।
চাঁদ-ইলিশের ইলিকঝিলিক যেন আলোর হাট,
আলোর হাটে দস্যি খোকন চুকায় সকল পাঠ।
বই ভেসে যাক চাঁদের আলোয় খোকন ভাসে কই?
হাতছানি দেয় মা-ঠাকুমার পুরনো এক বই।
বইয়ের ভেতর লুকিয়ে আছে হাজার রাতের গাথা,
খোকন একা উল্টিয়ে যায় ধুলোয়-জমা পাতা।
সেই সে গাথায় ছড়িয়ে আছে পান্না-চুনি-হীরে,
কুড়িয়ে সেসব করবে জড়ো খোকন ধীরে ধীরে।
রাজার কুমার ছুটিয়ে ঘোড়া কাঁপিয়ে দেবে জমি
গাছের ডালে কইবে কথা ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি।
ওসব ফিরে আসবে আবার গাঁওগেরামের কোলে
তাই তো খোকন স্বপ্নটাকে ফের জাগিয়ে তোলে।
