নতুন সকাল
একটি সূর্য সোনালি সূর্য একটি সোনালি ভোর-
একটি সূর্য সোনালি সূর্য
একটি সোনালি ভোর-
ভরিয়ে ভুবন ছড়িয়ে আবির
খুলবে বদ্ধ-দোর।
গাইবে বিহগ ফুটবে পারুল
হাসবে বৃক্ষ-বন;
তেমনি সকাল আসবে কখন
ব্যাকুল সবার মন।
পুণ্য সকাল পূর্ণ সকাল
পর্ণে আলোর চুম
কর্ণে সবাই শুনবে সে ডাক
ভাঙরে অলস ঘুম
ভাসবে বাতাস ডাকবে আকাশ
নাচবে সাগরে ঢেউ;
তেমনি সকাল আসবে যখন
দুঃখ পাবে না কেউ।
তেমনি সকাল আসছে আসছে
সবাই প্রতীক্ষায়...
এমনি সকাল আসবে দেখবে
আমাদের বাংলায়।
