২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশতল

চোখ জুড়োনো আকাশতলা ছাউনিপাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> দীপ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 05:15 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

চোখ জুড়োনো আকাশতলা ছাউনিপাতায় ঢাকা

পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা।

দাপিয়ে বেড়ায় মাঠ-বেমাঠে সবজে ফড়িংগুলো

দুধসাদা বক ঠোঁট বাড়িয়ে গুগলি-শামুক ছুঁল।

নকশি-কাঁথার থরবিথরে সুয্যি আলো ছড়ায়

মাছ লাফাল তালপুকুরে হাঁসরা হেসে গড়ায়।

বনবাদাড়ে ঘাসপাতারা নরম হাওয়ায় দোলে

নীলচে আকাশ ঠিক তখুনি মন রাঙিয়ে তোলে।

তরতরিয়ে গিরগিটিটা ঝোপ ফুঁড়ে যায় ঝোপে

এক নিমিষে যায় মিলিয়ে লতার ঘেরাটোপে।

কিচমিচিয়ে ছোট্টপাখি খুঁটছে এটা-ওটা

পদ্মপাতায় ঝিকিয়ে ওঠে আলতো জলের ফোঁটা।

মনভোলানো রহস্যময় রং লেগেছে ফুলে

মুখ বাড়িয়ে দেখছি মনের জানলা কপাট খুলে,

হাতছানি দেয় দিব্যি ওরা কেউ বেশি কেউ কম

মেঘ-ছায়া-রোদ এড়িয়ে যেতে পারব না একদম।