জল-জঙ্গলের পাখিবাড়ি
একটা রিকশা চলছে কোনো এক গাঁয়ের পথে। গ্রামটির চারদিকের প্রকৃতি অদ্ভুত সুন্দর। সবুজ-শ্যামল ছায়া, ধানের ক্ষেত, বিলভর্তি জল। পাখি ডাকছে। পানকৌড়ি বসে ডানায় রোদ লাগাচ্ছে। শালিক পাখিরা ঘাসের উপরে হলুদ পায়ে লাফিয়ে লাফিয়ে চলছে। কোথাও আবার সুনসান নিরবতা। কোথাও আবার বাঁশপাতার গান। কবিতার লাইনের মতোই যেন গ্রামটি। গ্রামটির নাম ‘ভাদুন’। রিকশাটা একটা রেললাইন ক্রস করার পরে যেখানে এলাম, সে স্থানটির নাম ‘পুবাইল’। যেখানে অসাধারণ সব সৌন্দর্য অপেক্ষা করছে।
“আমাকে সে নিয়েছিল ডেকে;
বলেছিল : এ নদীর জল
তোমার চোখের মতো ম্লান বেতফল;
সব ক্লান্তি বিহ্বলতা থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি
এই নদী তুমি।
-জীবনানন্দ দাশ
একটা রিকশা চলছে কোনো এক গাঁয়ের পথে। গ্রামটির চারদিকের প্রকৃতি অদ্ভুত সুন্দর। সবুজ-শ্যামল ছায়া, ধানের ক্ষেত, বিলভর্তি জল। পাখি ডাকছে। পানকৌড়ি বসে ডানায় রোদ লাগাচ্ছে। শালিক পাখিরা ঘাসের উপরে হলুদ পায়ে লাফিয়ে লাফিয়ে চলছে। কোথাও আবার সুনসান নিরবতা। কোথাও আবার বাঁশপাতার গান। কবিতার লাইনের মতোই যেন গ্রামটি। গ্রামটির নাম ‘ভাদুন’। রিকশাটা একটা রেললাইন ক্রস করার পরে যেখানে এলাম, সে স্থানটির নাম ‘পুবাইল’। যেখানে অসাধারণ সব সৌন্দর্য অপেক্ষা করছে।
একটি নদী। নাম তার ‘চিলাই’। এলাকার লোকে বলে ‘চিলাই গাঙ’। নদীটি চলে গেছে বিলের মধ্যে দিয়ে দূরে কোথাও। আর বিলটি থেমে গেছে একটি ভূখণ্ডের কাছে এসে। সেই ভূখণ্ডটির নাম ‘জঙ্গল’। নদী ও বিলের জল, ডাঙার জঙ্গল- এগুলো নিয়ে গড়ে উঠেছে একটি সংসার। সেটিই জল-জঙ্গলের বাড়ি। এ বাড়িকে কেন্দ্র করেই সেখানে গড়ে উঠেছে যৌথ পরিবার।
সেই পরিবারে আছে গাছ, পাখি, বনবিড়াল, শৃগাল, বাদুড়, বেজি, আর কিছু অসাধারণ মানুষ। তাদের প্রকৃতির প্রতি নিরন্তর ভালোবাসার ফসলই হল জল-জঙ্গলের বাড়ি। এ বাড়ির দোচালা ঘরে এসে বাংলা বুলবুলিরা পাকা কলা খায়। এখানে বনবিড়াল, শিয়াল নিরাপদে হেঁটে বেড়ায়। এখানে জন্মানো সব ফল-ফলাদি শুধুই পশুপাখিদের জন্য।
বাড়িটিতে ঢুকতেই আমাদের ঠাণ্ডা লেবুর জল দেন একজন। শরীরটা তখন জুড়িয়ে যায়।
আমার সবাই গাছের ছায়ায় শীতলপাটিতে বসি। কয়েকজন শিল্পী আসেন। কারও হাতে ঢাক, কারও হাতে একতারা। গান শুরু হবে। আঞ্চলিক গান, লালনসংগীত, রবীন্দ্রসংগীত, আবদুল করিম বয়াতির গানসহ অনেক গানই হয় এখানে। তবে এখানে যারা গান করেন, তারা নিজেদের মতো করেই গান গেয়ে শোনান সবাইকে। গানের শিল্পীরা প্রতিদিন সকাল থেকে রাত অবধি গান গেয়ে যায় আপনমনে।
গানের সুরে সুরে বিকেল চলে আসে। পুকুরপাড়ে শেওড়াগাছটির তলায় একটি ছোট্ট চায়ের একচালা ঘরে চায়ের আসর। চা পান করে আবার সেই বিলটির কাছে যাই, যে বিলে চিলাই গাঙ এসে মিশেছে। বিকেলের শেষ রোদের আলোয় সাদা-ভ্রু খঞ্জনগুলো দিনের শেষ খাবারটুকু খুঁজে ফিরে। জলের কচুরির ঝোপে কয়েকটা জলপিপি হাঁটাহাঁটি করে। সোনালি ডানার শক্সখচিল ডানায় ভর করে আকাশে চলে আসে বিকেলের লাল সূর্যটা। দূরের তালবনে বিকেলের সেই রোদের ছটা পরে। তিলা-মুনিয়া জোড়া আমগাছের ঝোপে লুকিয়ে পড়ে। গাঁয়ের এক জেলে তালের নৌকা নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নেয়।
সূর্যটা নিভু নিভু করে তলিয়ে যায়। সন্ধ্যার প্রকৃতিতে গাছপালার পাতাগুলি তখন ঘুমে জড়িয়ে পড়ে। বাতাসে ভেসে আসে সাপমাসি পোকাদের ডাক। জঙ্গলে বাদুড় চেঁচামেচি শুরু করে দেয়। বনবিড়াল আর শিয়ালেরা পালা করে হাঁক ছাড়ে। জলে থাকা ঝিঁঝিব্যাঙ ও কটকটিব্যাঙ অন্য এক সুরের তাল ধরে। রাত বাড়তে থাকে। রাতের আঁধারে বটের তলায় ভালোবাসার কোনো এক পাখি ডাক দিয়ে দিয়ে যায়। অদ্ভুত তার গায়ের পালক। আঁধারে তার রূপের মুগ্ধতায় ভরে যায় প্রাণ। এ যেন বহুকালের ঘনিষ্ঠতা। রাতের সেই গ্যালাকটিক নির্জনতায় প্রকৃতির সঙ্গে ঘুমে জড়িয়ে আসে চোখ।
সকালটা হয় কোনো গ্রামের পাখি-ডাকা ভোরের মতো। সারারাত ধরে ডাকা কোড়া পাখি লুকিয়ে পরে। আমি তখন খড়ের পালার কাছে যাই। গিয়ে দেখি, মা-বনবিড়াল ওদের ছানাদের নিয়ে শেষবারের মতো মহড়া দিচ্ছে জঙ্গলের কাছে। তখন শুধুই ক্যামেরার ক্লিকের শব্দ। মিনিট দশেক পর ওরা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। রোদ বাড়ে। গাছতলায় ঝরে পড়া হিজলফুলের পাপড়িগুলো নেতিয়ে পড়ে। শালিকরা এসে জড়ো হয় ঘাসের লনে। কয়েকটা নেড়িকুকুর লেজ নাড়িয়ে ওদের মনিবের পিছে ছোটে। কোনো এক রূপসী এসে হাজির হয় চোখের সামনে। সে বলে আর কটা দিন থেকে যাই। এরপর আরও কত মুহূর্ত কেটে গেছে, সেই সব বলে শেষ করার মতো নয়।
কয়েকদিন হয়ে গেছে। ঢাকা শহরের কথা ভুলেই গিয়েছিলাম এতদিন। এবার ফেরার পালা। চিলাইনদীর জলে কিছুসময়ের জন্য দেহটাকে ভাসিয়ে দেই। রাতের সেই পাখিটির কথা মনে পড়ে যায়। থাকবে তো সে চিরকাল হৃদয়জুড়ে। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হয়।
ছবি: লেখক
